ম্যাচ শুধু ব্যাট-বলের নয়, বুদ্ধিরও। কাগজে-কলমে ভারত এগিয়ে। কিন্তু ভারত-পাকিস্তান লড়াইয়ে হিসেব অনেক সময় খাতায় মেলে না। রবিবারই জানা যাবে, কার কৌশল মাঠের যুদ্ধে কাজে দেয়।

ছবি: গুগল
শেষ আপডেট: 15 February 2026 10:56
দ্য ওয়াল ব্যুরো: আজ টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) গ্রুপ এ ম্যাচে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) মুখোমুখি ভারত-পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বী এখনও অপরাজিত। সুপার এইটে ওঠা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। তবু রবিবারের এই লড়াই আলাদা। সম্মান, মনস্তত্ত্ব, বার্তা—সব মিলিয়ে কঠিন চ্যালেঞ্জ।
অভিষেকের কামব্যাক?
সবচেয়ে বড় প্রশ্ন—অভিষেক শর্মাকে (Abhishek Sharma) কি প্রথম একাদশে দেখা যাবে? অসুস্থতার কারণে নামিবিয়ার বিরুদ্ধে খেলেননি। তবে তিনি দলে ফিরেছেন। গতকাল অনুশীলনেও দেখা গিয়েছে। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এ নিয়ে মজার সুরে বলেন, ‘ওরা যদি চায় অভিষেক খেলুক, তা হলে খেলাব!’ পাশাপাশি উসমান তারিককে (Usman Tariq) নিয়ে প্রশ্ন উঠলে সূর্যর স্পষ্ট জবাব, ‘আমরা আত্মসমর্পণ করব না। এমন অ্যাকশনের বোলারের বিরুদ্ধে অনুশীলন করেছি।’
জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), অর্শদীপ সিং (Arshdeep Singh), মহম্মদ সিরাজ (Mohammed Siraj)—পেস আক্রমণে বিকল্প প্রচুর। কিন্তু কলম্বোর উইকেট স্পিন সহায়ক হলে কি বাড়তি স্পিনার খেলানো হবে? সামগ্রিকভাবে দল নির্বাচন নিয়ে অধিনায়কের ইঙ্গিতপূর্ণ মন্তব্য—‘এটা ভালো মাথাব্যথা।’
স্পিন ধাঁধা: কুলদীপ না ওয়াশিংটন?
ভারতের বড় সমস্যা স্পিন বিভাগ থেকে উপযুক্ত কম্বিনেশন বেছে নেওয়া। কুলদীপ যাদব (Kuldeep Yadav) অভিজ্ঞ, বাঁ-হাতি রিস্ট-স্পিনার। কলম্বোর কন্ডিশন তাঁর চেনা। অন্যদিকে ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) বলের পাশাপাশি ব্যাটেও প্রভাব রাখতে পারেন। আগে থেকেই অক্ষর প্যাটেল (Axar Patel) ও বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy) জায়গা প্রায় পাকা। ফলে বাড়তি স্পিনার নিলে একজন পেসার বসতে পারেন। প্রশ্ন—ভারত কি আক্রমণাত্মক ব্যাটিং বজায় রাখতে সুন্দরকে নেবে, নাকি বিশুদ্ধ উইকেট-শিকারি হিসেবে কুলদীপকে?
সম্ভাব্য ভারত একাদশ: অভিষেক শর্মা, ঈশান কিষাণ (Ishan Kishan), তিলক বর্মা (Tilak Varma), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), শিবম দুবে (Shivam Dube), রিঙ্কু সিং (Rinku Singh), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
পাকিস্তানের পরিকল্পনা কী?
পাক অধিনায়ক সলমন আলি আঘা (Salman Ali Agha) উসমান তারিক প্রসঙ্গে বলেন, ‘আপনারাই ওকে বড় বানাচ্ছেন। আমাদের কাছে ও-ও ১৫ জনের একজন।’ তবে বিতর্কিত স্পিনারকে ‘তুরুপের তাস’ হিসেবে দেগে দিতেও ভোলেননি তিনি। রিপোর্ট বলছে, পাকিস্তান হয়তো পাঁচ স্পিনারের বদলে ভারসাম্যপূর্ণ আক্রমণে যাবে। শাদাব খান (Shadab Khan), মহম্মদ নওয়াজ (Mohammad Nawaz), ফাহিম আশরফ (Faheem Ashraf)—এই তিন অলরাউন্ডারের মধ্যে একজন বসতে পারেন। ভারতীয় দলে বাঁ-হাতি ব্যাটার বেশি থাকায় নওয়াজের জায়গা অনিশ্চিত।
সম্ভাব্য পাকিস্তান একাদশ: সাইম আয়ুব (Saim Ayub), সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan), সলমন আলি আঘা, বাবর আজম (Babar Azam), উসমান খান (Usman Khan), ফাহিম আশরফ, শাদাব খান, শাহিন আফ্রিদি (Shaheen Afridi), আবরার আহমেদ (Abrar Ahmed), উসমান তারিক, সলমন মির্জা (Salman Mirza)।
সব মিলিয়ে ম্যাচ শুধু ব্যাট-বলের নয়, বুদ্ধিরও। কাগজে-কলমে ভারত এগিয়ে। কিন্তু ভারত-পাকিস্তান লড়াইয়ে হিসেব অনেক সময় খাতায় মেলে না। রবিবারই জানা যাবে, কার কৌশল মাঠের যুদ্ধে কাজে দেয়।