আইসিসি ক্রিকেট-অনুরাগীদেরও সতর্ক করেছে। যারা বিদেশ থেকে ম্যাচ দেখতে আসছেন বা ফিরবেন, তাঁদের সরকারি নির্দেশিকা মেনে চলার পাশাপাশি আন্তর্জাতিক ভ্রমণের আগে সব তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

ছবি: গুগল
শেষ আপডেট: 28 February 2026 21:12
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়ল টি-২০ বিশ্বকাপেও (T20 World Cup 2026)। মার্কিন যুক্তরাষ্ট্র (United States) ও ইজরায়েলের (Israel) ইরান (Iran) হামলার পর উপসাগরীয় আকাশপথে বিপত্তি। যে কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (International Cricket Council বা ICC) বিকল্প পরিকল্পনা তৈরি করেছে।
টুর্নামেন্ট চলছে ভারত (India) ও শ্রীলঙ্কায় (Sri Lanka)। ম্যাচের সূচিতে সরাসরি প্রভাব না পড়লেও, খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল, সম্প্রচারকর্মী এবং ইভেন্ট স্টাফদের যাতায়াতে সমস্যা হতে পারে। কারণ আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে দুবাই (Dubai) সহ উপসাগরীয় বিমানবন্দরগুলি বড় ট্রানজিট হাব হিসেবে ব্যবহৃত হয়।
কেন উদ্বেগ?
শনিবার পশ্চিম এশিয়ায় বড়সড় সংঘাত শুরু হয়। মার্কিন-ইজরায়েল হামলার জবাবে পাল্টা আক্রমণ হানে তেহরান। তেল আবিব (Tel Aviv) ও উপসাগরীয় মার্কিন ঘাঁটিগুলির দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সংযুক্ত আরব আমিরশাহিতেও (United Arab Emirates) বিস্ফোরণের খবর এসেছে৷
এই পরিস্থিতিতে উপসাগরীয় আকাশপথে জোর অনিশ্চয়তা। অনেক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা ঘুরপথে চালানো হচ্ছে। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ পর্বে দল ও কর্মকর্তাদের দ্রুত যাতায়াত প্রয়োজন। তাই আগাম ব্যবস্থা নিচ্ছে আইসিসি।
আইসিসির বিকল্প পরিকল্পনা
আইসিসি জানিয়েছে, খেলোয়াড় ও সংশ্লিষ্ট সকলের নিরাপত্তাই তাদের মূল অগ্রাধিকার। সংস্থার এক মুখপাত্র বলেছেন, ‘আমরা ভ্রমণ, লজিস্টিক ও নিরাপত্তা টিম সক্রিয় করেছি। সবার নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে কাজ চলছে।’ ইতোমধ্যে ট্রাভেল সাপোর্ট ডেস্ক চালু করেছে আইসিসি। বিকল্প রুট হিসেবে ইউরোপ, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিমানবন্দর ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।
এয়ারলাইন্সগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজন হলে দ্রুত টিকিট বদল বা নতুন রুটে যাত্রার ব্যবস্থা করা হবে।
বাকি ম্যাচ কোথায়?
যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও টুর্নামেন্টের সূচি অপরিবর্তিত।
১ মার্চ দিল্লিতে (Delhi) দক্ষিণ আফ্রিকা (South Africa) বনাম জিম্বাবোয়ে (Zimbabwe)।
১ মার্চ কলকাতায় (Kolkata) ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (West Indies)।
৪ মার্চ প্রথম সেমিফাইনাল কলকাতা বা কলম্বোতে (Colombo)।
৫ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল মুম্বইয়ে (Mumbai)।
৮ মার্চ ফাইনাল আমদাবাদ (Ahmedabad) বা কলম্বোতে।
আইসিসির নিরাপত্তা পরামর্শদাতারা সংশ্লিষ্ট দেশের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন। পরিস্থিতি অনুযায়ী রিয়েল-টাইম নির্দেশিকা দেওয়া হচ্ছে।
দর্শকদের জন্য সতর্কতা
আইসিসি ক্রিকেট-অনুরাগীদেরও সতর্ক করেছে। যারা বিদেশ থেকে ম্যাচ দেখতে আসছেন বা ফিরবেন, তাঁদের সরকারি নির্দেশিকা মেনে চলার পাশাপাশি আন্তর্জাতিক ভ্রমণের আগে সব তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। এই মুহূর্তে ম্যাচে সরাসরি কোনও প্রভাব নেই। তবে সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।