সূর্যকুমার বলেন, “অবশ্যই এমএস ধোনি। সে দ্রুত, প্রচুর স্ট্যামিনা এবং মানসিকভাবে খুব শক্তিশালী। আর সম্প্রতি যখন তিনি ক্রিকেট থেকে দূরে থাকেন, তখন আমি তাঁকে অনেকবার টেনিস খেলতে দেখেছি। তাই ধোনিই আমার প্রথম পছন্দ হবেন।”

সূর্যকুমার যাদব ও মহেন্দ্র সিং ধোনি
শেষ আপডেট: 12 July 2025 16:11
দ্য ওয়াল ব্যুরো: যদি আপনি টেনিসে (Tennis) ডাবলস খেলতে নামেন তাহলে কোন ক্রিকেটারকে পার্টনার হিসাবে বেছে নেবেন? কোনও সময় না নিয়ে মুহূর্তের মধ্যে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav) জানিয়ে দিলেন, “মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)।”
আসলে উইম্বলডন (Wimbledon) মানেই এক রাজকীয় পরিবেশ। সেখানে টেনিসপ্রেমীদের পাশাপাশি ভিড় জমান দেশ-বিদেশের তাবড় তাবড় ক্রিকেটাররাও। কে নেই সেই তালিকায়, অনুষ্কাকে নিয়ে বিরাট কোহলি, শচীন ও অঞ্জলি তেন্ডুলকর, স্ত্রী সঞ্জনাকে নিয়ে জসপ্রীত বুমরাহকে। উইম্বলডন ২-২৫ চলাকালীন সবাইকেই দেখা গিয়েছে সেন্টার কোর্টের গ্যালারিতে।
শচীন বা বিরাটকে এর আগেও দেখা গিয়েছে উইম্বলডনের ম্যাচ দেখতে গ্যালারিতে রয়েছেন। এবার সেই তালিকায় নবতম সংযোজন সস্ত্রীক সূর্যকুমার যাদব।
সম্প্রতি ভারতীয় ক্রিকেটার ‘স্কাই’ তাঁর স্ত্রী দেবীশা শেঠির সঙ্গে এসেছিলেন উইম্বলডনের ম্যাচ দেখতে। সেই সময় সূর্য জানান, তিনি প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে তাঁর ডাবলস পার্টনার হিসাবে দেখতে চান।
এবারই প্রথম সূর্যকুমার যাদব এসেছেন উইম্বলডন দেখতে। উইম্বলডন কর্তৃপক্ষ তাঁর একটি ছবিও শেয়ার করে লিখেছে, “সূর্যকুমার যাদব SW19-তে আনন্দ এনেছেন! আপনাকে এখানে দেখে খুশি হলাম।”
টেনিসের প্রতি তাঁর ভালবাসার কথা বলতে গিয়ে সূর্যকুমার বলেন, “আমি টিভিতে টেনিস অনেক দেখি। আমি সবসময় সেন্টার কোর্টের পরিবেশ সম্পর্কে শুনতাম, বিশেষ করে যখন খেলোয়াড়রা সেখানে প্রবেশ করে। এখন আমি সামনে থেকে এটি অনুভব করেছি, এটি একটি খুব বিশেষ অভিজ্ঞতা।”
সূর্যকে জিজ্ঞাসা করা হয়েছিল, যদি তাঁকে তাঁর টেনিস ডাবলস পার্টনার হিসেবে একজন ক্রিকেটারকে বেছে নিতে হয়, তাহলে তিনি কাকে বেছে নেবেন? সূর্যকুমার বলেন, “অবশ্যই এমএস ধোনি। সে দ্রুত, প্রচুর স্ট্যামিনা এবং মানসিকভাবে খুব শক্তিশালী। আর সম্প্রতি যখন তিনি ক্রিকেট থেকে দূরে থাকেন, তখন আমি তাঁকে অনেকবার টেনিস খেলতে দেখেছি। তাই ধোনিই আমার প্রথম পছন্দ হবেন।”
প্রথম উইম্বলডন সফরের অভিজ্ঞতা সম্পর্কে সূর্যকুমার বলেন, “আমি এখানে প্রথমবার এসেছি এবং সবকিছু নিখুঁত হতে চেয়েছিলাম। সত্যি বলতে, আমার স্ত্রী দেবীশা আমাকে অনেক সাহায্য করেছে। ও গত তিন-চার দিন ধরে আমার সঙ্গে আছে। এই দুর্দান্ত টুর্নামেন্টে কী পরব তা সিদ্ধান্ত নিতে আমাকে সাহায্য করেছে। এত বিপুল সংখ্যক মানুষ এখানে এসেছেন, আমিও তাঁদের একজন। আমি কেবল এই পরিবেশের অংশ হতে চেয়েছিলাম।”
তাঁর প্রিয় টেনিস খেলোয়াড় সম্পর্কে বলতে গিয়ে সূর্য বলেন, “আমি বিশেষভাবে নোভাক জকোভিচকে দেখতে এসেছি। আমি অনেক দিন ধরে তাকে অনুসরণ করছি। আমি তাঁর 'সার্ভ টু উইন' বইটিও পড়েছি, যা আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। আমার বয়স বিবেচনায় আমি একটু দেরিতে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছি, কিন্তু তাঁর সংগ্রামের গল্পের সঙ্গে আমি নিজেকে মানিয়ে নিতে পারি। সে যেভাবে এগিয়ে চলেছে তা অসাধারণ।”
স্কাই আরও বলেন, “যদি উইম্বলডনের কথা বলি, তাহলে পিট সাম্প্রাস এবং রজার ফেডেরার আমার প্রিয় খেলোয়াড়। যখন এই খেলোয়াড়রা কোর্টে আসতেন, তখন দর্শকরা পাগল হয়ে যেত। কিন্তু আমার সর্বকালের প্রিয় নোভাক জকোভিচ। বর্তমানে, আমার পছন্দের তারকা কার্লোস আলকারাজ। ও কোর্টে ঝড়ের মতো খেলে।”
ক্রিকেট এবং টেনিসের মধ্যে মিল সম্পর্কে সূর্যকুমার বলেন, “ক্রিকেট এবং শীর্ষ স্তরের টেনিসের মধ্যে অনেক মিল রয়েছে। মানসিক শক্তি এবং স্ট্যামিনা উভয় খেলাতেই খুবই গুরুত্বপূর্ণ। ক্রিকেটে আমাদের বারবার ২০-২৫ মিটার দৌড়াতে হয়, এবং টেনিসেও একই রকম কিছু ঘটে। অতএব, মানসিক শক্তি এবং স্ট্যামিনা উভয় খেলাতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক।”