কুম্বলে সুপারিশ করেছেন, আইসিসির উচিত লালা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ডিউক বলের মান উন্নত করা।

অনিল কুম্বলে
শেষ আপডেট: 12 July 2025 14:56
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড ও ভারতের মধ্যে টেস্ট সিরিজ চলছে। কিন্তু দুই দলের পারফরম্যান্সের থেকে এখন বেশি আলোচনা হচ্ছে ডিউকস বল (Dukes Ball) নিয়ে। ভারতীয় দল এই নিয়ে বারবার অভিযোগ জানিয়েছ। পাশাপাশি প্রাক্তন ক্রিকেটাররাও এই বল নিয়ে সরব হয়েছেন, যে তালিকায় রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তনীরাও।
টিম ইন্ডিয়ার পাশাপাশি সকলের অভিযোগ এই বল দ্রুত নরম হয়ে যাচ্ছে ও আকৃতির পরিবর্তন হচ্ছে। বল সুইংও করছে না ঠিকমতো। দশ ওভার পরই বল পরিবর্তন করতে হচ্ছে। সুনীল গাভাসকর থেকে নাসির হোসেন ও স্টুয়ার্ট ব্রড, সকলেই বলতে শুরু করেছেন, এবার ভাবতে হবে।
প্রাক্তন ভারতীয় অধিনায়ক অনিল কুম্বলেও (Anil Kumble) ডিউকস বলের ব্যবহার নিয়ে এবার সরব হলেন। সেই সঙ্গে ক্রিকেটের নিয়মেও (Cricket Rules) পরিবর্তন আনার দাবি জানিয়েছেন এই কিংবদন্তি লেগ-স্পিনার।
টেস্ট ক্রিকেটে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি কুম্বলে সুপারিশ করেছেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) উচিত লালা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ডিউক বলের মান উন্নত করা।
ESPNcricinfo-এর সঙ্গে কথা বলতে গিয়ে কুম্বলে বলেন, "হ্যাঁ, এটা ঠিক যে, বলটি নরম হয়ে যাচ্ছে, ফলে ঘনঘন পরিবর্তন করতে হচ্ছে। ফলে বোলাররা ক্রমাগত তাঁদের ছন্দ হারাচ্ছেন। কিছু একটা করতে হবে। যদি বলটি ১০ ওভার স্থায়ী না হয়, তাহলে এত ঘন ঘন বল পরিবর্তন করা ভাল নয়, শুধু ক্রিকেটের জন্য নয়, বলের জন্যও।"
লর্ডসে তৃতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে সকালের সেশনে দু’বার বল পরিবর্তন করা হয়। মাত্র ১০ ওভার খেলার পর আবার বল পরিবর্তন করায় ভারতীয় খেলোয়াড়রা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। কুম্বলে আরও বলেন, সম্ভাব্য সমাধান হতে পারে পূর্ববর্তী বছরের উৎপাদন মানদণ্ডে ফিরে যাওয়া। ডিউকস বলের পুরানো সংস্করণ পুনরুদ্ধারের দাবিকে সমর্থন করে তিনি বলেন, "আমি মনে করি, পাঁচ বছর আগে যা পাওয়া যেত তা ফিরিয়ে আনা ন্যায্য।"
পাশাপাশি ভারতের সর্বকালের অন্যতম সেরা স্পিনার কুম্বলে বল উজ্জ্বল করার জন্য লালা ব্যবহারের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আইসিসির প্রতি আবেদন জানিয়েছেন। তাঁর অভিমত এর ফলে বল আরও কার্যকর হবে।