শুধুমাত্র অডিও শুনলে মনে হতেই পারে কোনও ট্রাভেল ভ্লগারের মোনোলগ। কিন্তু কথাগুলো বলছেন যিনি, তিনি পুরোদস্তুর ক্রিকেটার। টিম ইন্ডিয়ার সদস্য, অর্শদীপ সিং (Arshdeep Singh)।

অর্শদীপ সিং
শেষ আপডেট: 10 June 2025 15:10
দ্য ওয়াল ব্যুরো: ‘মাথার উপর খোলা আকাশ। ঠান্ডা বাতাস বইছে। সেই সঙ্গে সূর্যের কিরণ। আর হাতে লালরঙা চেরি!’
শুধুমাত্র অডিও শুনলে মনে হতেই পারে কোনও ট্রাভেল ভ্লগারের মোনোলগ। কিন্তু কথাগুলো বলছেন যিনি, তিনি পুরোদস্তুর ক্রিকেটার। টিম ইন্ডিয়ার সদস্য, অর্শদীপ সিং (Arshdeep Singh)। আইপিএলে (IPL) নজরে কেড়েছিলেন পারফরম্যান্সে, সেই সঙ্গে পার্ট টাইম ভ্লগিংয়েও। পাঞ্জাব কিংস (PBKS) যখনই ভেন্যু বদল করেছে, নতুন ডেরায় উপস্থিত হয়েছে, অর্শদীপ মোবাইলের ফ্রন্ট ক্যামেরা অন করে চালিয়ে গিয়েছেন ভ্লগ। মেলে ধরেছেন দলের প্রস্তুতি, কে কেমন আছে, কেমন খেলছে—সে সবের খুঁটিনাটি বিবরণ।
জাতীয় দলের এসেও এই ছবি বদলাল না। লিডস টেস্ট (Leeds Test) শুরু হতে হাতে আর মেরেকেটে দু’হপ্তাও বাকি নেই। গতকাল বিসিসিআই (BCCI) অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছিল প্রস্তুতির ক্লিপিং—মাত্র কয়েক মিনিটের। ব্যাকিংহামের আউটডোর অনুশীলনের বিভিন্ন মুহূর্ত কোলাজ আকারে পেশ করা হয়।
আজ অর্শদীপ অবশ্য পেশাদার ভ্লগারের মেজাজে দলের ট্রেনিং সেশনের বিবরণ দিলেন। মঙ্গলবার কেন্টের ময়দানে চলছিল অনুশীলন। পাঞ্জাবি বোলারের কাছে অবশ্য এই জায়গা নতুন নয়। কাউন্টি ক্রিকেট খেলতে কেন্টে (Kent) এসেছেন। বলেন, ‘খুব ভাল লাগছে এখানে এসে। ঠিক যেন বাড়ি ফেরার অনুভূতি। আমি দু’মাস এখানে কাটিয়েছি। ছোট জায়গা। খুব একটা জনবহুল নয়। মনের শান্তি চাইলে কেন্টই সেরা অপশন।‘
কিন্তু শুধুই খোশমেজাজ থাকাটাই তো যথেষ্ট নয়। ঘরের মাটিতে ইংল্যান্ডকে হারাতে গেলে চাই কায়িক অনুশীলনও। কেমন চলছে সেই প্রস্তুতি? অর্শদীপের কথায়, ‘আজকের সেশনের মূল লক্ষ্য ছিল: ছন্দ গড়ে তোলা, শরীর কীভাবে সাড়া দিচ্ছে সেটা দেখা এবং যেহেতু সমস্ত ক্রিকেটার দীর্ঘদিন আইপিএলে সাদা বলে খেলেছে, তাই লাল বল কীভাবে হাত থেকে বেরোচ্ছে সেদিকে নজর রাখা।‘
প্রথম সেশনেই যে সবকিছু ক্লিক করেনি, মেনে নিয়েছেন অর্শদীপ। বলেছেন, ‘খুব মজা হয়েছে। যত সময় গড়াবে, রসায়ন আরও গাঢ় হবে। ব্যাটসম্যানদের আরও সমস্যায় ফেলব।‘
কারা কেমন খেলেছেন? অর্শদীপের মতে, সাই সুদর্শন আত্মবিশ্বাসী। শুভমানও ফর্মে ছিলেন।
আর জসপ্রীত বুমরাহ? টিম ইন্ডিয়ার তরুণ বোলার বলেন, ‘যখনই হাতে বল নিই আর ভাবি ‘আমিই সেরা’, তখনই মাথায় আসে বুমরাহ দলে আছেন এবং তাঁর সঙ্গে কারও কোনও তুলনাই চলে না। তবে আসল লক্ষ্য হচ্ছে একে অপরের খেলাকে আরও ধারাল, আরও উন্নত করে চলা। যাতে দল উপকৃত হয়।‘