গিলক্রিস্ট আরও জানান, মার্টিনের জন্য বিশ্বজুড়ে যে সমর্থন ও শুভেচ্ছা ভেসে আসছে, তা তাঁর পরিবার এবং চিকিৎসক দলের কাছে অত্যন্ত জরুরি।
.jpeg.webp)
গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 2 January 2026 13:10
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলীয় ক্রিকেটমহলে স্বস্তির নিঃশ্বাস। মেনিনজাইটিসে আক্রান্ত প্রাক্তন ব্যাটার ড্যামিয়েন মার্টিনের (Damien Martyn) শারীরিক অবস্থায় সামান্য হলেও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বৃহস্পতিবার এই আপডেট দেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist)। যদিও মার্টিন এখনও হাসপাতালেই ভর্তি এবং চিকিৎসকেরা তাঁকে মেডিক্যালি ইন্ডিউসড কোমায় রেখেছেন, তবু সাম্প্রতিক পরীক্ষার ফলাফলে আশা জেগেছে।
কোমাতেই চিকিৎসা চলছে
ড্যামিয়েন মার্টিন এই মুহূর্তে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট ইউনিভার্সিটি হাসপাতালে (Gold Coast University Hospital) চিকিৎসাধীন। ২৬ ডিসেম্বর, বক্সিং ডে-র দিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী, সংক্রমণের প্রভাব নিয়ন্ত্রণে রাখতে তাঁকে মেডিক্যাল কোমায় রাখা হয়েছে।
মেনিনজাইটিস একটি গুরুতর সংক্রমণজনিত রোগ। দ্রুত চিকিৎসা না হলে স্নায়ুতন্ত্রে মারাত্মক প্রভাব পড়তে পারে। সেই কারণে চিকিৎসক দল অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামলাচ্ছেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মার্টিনের অবস্থা স্থিতিশীল। তবে এখনও পুরোপুরি বিপন্মুক্ত নন।
গিলক্রিস্টের বক্তব্য: ‘শেষ ২৪ ঘণ্টায় ইতিবাচক ইঙ্গিত’
ফক্স ক্রিকেটকে (FOX Cricket) দেওয়া সাক্ষাৎকারে বলতে গিয়ে অ্যাডাম গিলক্রিস্ট জানান, সাম্প্রতিক কয়েকটি মেডিক্যাল টেস্টে কিছুটা আশাব্যঞ্জক ফল মিলেছে। তাঁর কথায়, ‘ও এখনও হাসপাতালে। বিস্তারিত তথ্য ধীরে ধীরে সামনে আসবে। তবে শেষ ২৪ ঘণ্টায় বিভিন্ন পরীক্ষার ফল দেখে চিকিৎসকেরা কিছু ইতিবাচক ইঙ্গিত পাচ্ছেন।’
গিলক্রিস্ট আরও জানান, মার্টিনের জন্য বিশ্বজুড়ে যে সমর্থন ও শুভেচ্ছা ভেসে আসছে, তা তাঁর পরিবার এবং চিকিৎসক দলের কাছে অত্যন্ত জরুরি। ‘এত ভালোবাসা আর আগ্রহ দেখে বোঝা যায়, মার্টিন কেবল একজন বড় ক্রিকেটারই নয়, মানুষ হিসেবেও কতটা শ্রদ্ধেয়। আশা করছি, ওর সুস্থতার পথটা এভাবেই এগোবে!’ মন্তব্য গিলির।
ক্রিকেট দুনিয়ার প্রতিক্রিয়া
মার্টিনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই ক্রিকেটমহল থেকে একের পর এক বার্তা এসেছে। প্রাক্তন ভারতীয় ব্যাটার ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman) ও রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন সতীর্থ ড্যারেন লেম্যান (Darren Lehmann) এবং অভিজ্ঞ ধারাভাষ্যকার জিম উইলসনও (Jim Wilson) পাশে থাকার বার্তা দিয়েছেন। প্রাক্তন ফাস্ট বোলার রডনি হগ (Rodney Hogg) ৬পিআর রেডিও-তে পরিস্থিতিকে ‘শকিং’ বলে উল্লেখ করেছেন।
অস্ট্রেলিয়ার অন্যতম পরিচিত ও সফল ব্যাটার হিসেবে পরিচিত ড্যামিয়েন মার্টিন। ১৯৯২ থেকে ২০০৬ সালের মধ্যে ৬৭টি টেস্ট ম্যাচ খেলেন। মোট রান ৪,৪০৬। গড় ৪৬.৩৭। রয়েছে ১৩টি শতরান। ২০০০ সালে দীর্ঘ ছ’বছরের বিরতির পর জাতীয় দলে ফিরে এসে স্টিভ ওয়ার (Steve Waugh) নেতৃত্বাধীন শক্তিশালী অজি বাহিনীর গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে ওঠেন। ২০০৬ অ্যাশেজ সিরিজের মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। এই মুহূর্তে সমস্ত নজর তাঁর সুস্থতার দিকেই। চিকিৎসা চলছে। পরবর্তী আপডেটের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।