ছবিটা আগেও দেখেছে জনতা। সাক্ষী আইপিএলের ময়দান। শুধু একদিকের মুখগুলো বদলে যায়। আগে ছিলেন কেএল রাহুল, এবার ঋষভ পন্থ!

সঞ্জীব ও ঋষভ
শেষ আপডেট: 2 April 2026 11:01
দ্য ওয়াল ব্যুরো: ছবিটা আগেও দেখেছে জনতা। সাক্ষী আইপিএলের ময়দান। শুধু একদিকের মুখগুলো বদলে যায়। আগে ছিলেন কেএল রাহুল, এবার ঋষভ পন্থ! ময়দানে হার আর প্রচুর টাকা ঢালার পরেও কাঙ্ক্ষিত রেজাল্ট দেখতে না পেয়ে অধিনায়কের সঙ্গে মালিকের প্রকাশ্যে হাত-টাত নেড়ে উত্তেজিত কথোপকথন, কখনও বাকবিতণ্ডা (Heated Argument)!
চিরচেনা স্ক্রিপ্ট মেনে ফের নাটক মঞ্চস্থ হল গতরাতে। দিল্লি ক্যাপিটালসের হাতে পরাস্ত হওয়ার পর মাঠে নেমে এলেন লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। তারপর ভরা মাঠে সবার সামনে ঋষভের সঙ্গে আগ্রাসী কথোপকথন (LSG owner)। কী বলেছেন কী বলেননি—সেটা সাফ নয়। কিন্তু বিষয়বস্তু যে রীতিমতো গুরুগম্ভীর, তা প্রত্যঙ্গ সঞ্চালনেই স্পষ্ট।
ব্যাটিং বিপর্যয়
বুধবার লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ব্যাট করতে নেমে মাত্র ১৪১-এ অলআউট হয়ে যায়। এই পুঁজি দিয়ে আজকাল টি-২০ ম্যাচ জেতা প্রায় অসম্ভব। দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) রানচেজে শুরুতে কিছুটা হোঁচট খেলেও সমীর রিজভি ও ট্রিস্টান স্টাবস জুটি বেঁধে দলকে ছয় উইকেটে জিতিয়ে দেন। তাও কিনা দুই ওভারেরও বেশি বাকি থাকতে।
পরাজিত অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) দৃশ্যত নাখুশ। ম্যাচের পর বললেন, ‘১৪০ রান করলে লড়াই কঠিন। পাওয়ারপ্লেতে আরও কয়েকটা উইকেট নিতে পারলে চাপ বাড়াতে পারতাম!’ নিজের আউট নিয়ে মন্তব্য, ‘সেরা উপায় হল ভুলে যাওয়া। ওটা নিয়ে ভাবলে পিছিয়ে পড়ব!’
Sanjiv Goenka and Rishabh pant 😭 pic.twitter.com/0RzMSkp0vE
— Faiyaz (@FaiyazWhat) April 1, 2026
২০২৪-এর ছায়া ফিরে এল
ভিডিও ছড়িয়ে পড়তে সময় লাগেনি। সোশ্যাল মিডিয়ায় তুলনা শুরু হল নিমেষে—নেপথ্যে ২০২৪ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারের পর কেএল রাহুলের সঙ্গে গোয়েঙ্কার সেই ঝামেলার দৃশ্য। তখন রাহুল। এবার পন্থ। মঞ্চ একই। চরিত্র বদলায়, কিন্তু গল্প পালটায় না। গতরাতে কোচ জাস্টিন ল্যাঙ্গারও (Justin Langer) কথোপকথনে সামিল হলেন। খোলা মাঠে মালিক, কোচ ও অধিনায়কের এই ত্রিভুজ আলোচনা বাইরে থেকে দেখে যে কারও মনে হয়ে স্বাভাবিক—আবহাওয়া থমথমে, পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত!
সিজনের প্রথম ম্যাচেই হার। যদিও কাল লখনউয়ের বোলিং ইউনিট প্রথম দিকে দিল্লির ব্যাটারদের ভাল চাপে রেখেছিল। প্রিন্স যাদব উল্লেখযোগ্য। কিন্তু ব্যাটিং বিপর্যয়ে সব মাটি। এবার দেখার, গোয়েঙ্কার এই আলোচনা দলের মনোবলে কতটা ক্ষত তৈরি করে, নাকি ভুল মেরামত করে লখনউ ঘুরে দাঁড়ায়।