ইন্টারভিউয়ে ম্যাকগ্রা বলেন, ‘আমি কালেভদ্রে ভবিষ্যদ্বাণী করি, তাই না? এবার আলাদা কিছুই বলব না—৫-০!’ এরপর জুড়ে দেন, ‘ইংল্যান্ডের যা ট্র্যাক রেকর্ড, তাতে ওদের পক্ষে একটা টেস্ট জেতাও বেশ আশ্চর্যজনক!’

গ্লেন ম্যাকগ্রা
শেষ আপডেট: 8 August 2025 13:29
দ্য ওয়াল ব্যুরো: অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির (Anderson-Tendulkar Trophy) শুরুতে বিশেষজ্ঞদের সিংহভাগ ধরেই নিয়েছিলেন ইংল্যান্ড (England) সিরিজ (England Series) জিতবে হেসেখেলে। গ্রেম সোয়ানের মতো প্রাক্তন ক্রিকেটার তো এও জানান, বেন স্টোকসরা ৩-১ ব্যবধানে ট্রফি হাতে তুলবেন। শুভমানরা সেভাবে টক্কর দিতে পারবেন না। ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্ট আসলে অ্যাসেজের (Ashes) প্রস্তুতি সিরিজ! অজিদের বিরুদ্ধে লড়াই-ই ইংল্যান্ডের পাখির চোখ হওয়া উচিত।
সিরিজ অমীমাংসিতভাবে শেষ হতেই ইংরেজ শিবিরের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তরুণ ভারতীয় দলের হাতে যারা নাস্তানাবুদ হয়, তারা অস্ট্রেলিয়ার দাপট কীভাবে সামলাবে?
সওয়ালের জবাব যদিও আগেভাবে দিয়ে দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন বোলার গ্লেন ম্যাকগ্রা (Glenn McGrath)। তাঁর ভবিষ্যদ্বাণী: অ্যাসেজে হোয়াইটওয়াশ (Whitewash) হবে ইংল্যান্ড। ৫-০ ব্যবধানে সিরিজ হাতের মুঠোয় পুরবে অজিরা। বিবিসি রেডিও-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানান, ২১ নভেম্বর থেকে (পারথে) শুরু হতে চলা অ্যাসেজে হুল ফোটানো ইংরেজদের জন্য কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হেজেলউডদের সামাল দেওয়া চাট্টিখানি কথা নয়। জো রুটরা এর মোকাবিলা করার জন্য এখনও তেমন প্রস্তুত নন!
ইন্টারভিউয়ে ম্যাকগ্রা বলেন, ‘আমি কালেভদ্রে ভবিষ্যদ্বাণী করি, তাই না? এবার আলাদা কিছুই বলব না—৫-০!’ এরপর জুড়ে দেন, ‘ইংল্যান্ডের যা ট্র্যাক রেকর্ড, তাতে ওদের পক্ষে একটা টেস্ট জেতাও বেশ আশ্চর্যজনক!’
আলাদা করে জো রুটের উপর আলো ফেলেছেন ম্যাকগ্রা। বলেছেন, ‘এই সিরিজ ওর জন্য বেশ কঠিন হতে চলেছে। অস্ট্রেলিয়ায় ও কখনওই খুব ভাল খেলেনি। একটাও শতরান করেনি!’ তাঁর বদলে হ্যারি ব্রুককে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রাক্তন অজি পেসার। বলেছেন, ‘ওর ব্যাটিং উপভোগ করি। ওকে আগেভাগে আউটের চেষ্টা চালাতে হবে!’
ম্যাকগ্রার অনুমান খুব ভুল কিছু নাও হতে পারে। কারণ ইতিহাস ও সাম্প্রতিক পরিসংখ্যান ইংল্যান্ড শিবিরের দুশ্চিন্তা বাড়াচ্ছে। ২০১৫ সালের পর তারা একবারও অ্যাসেজ জেতেনি। ২০০২-০৩ সালের পর অস্ট্রেলিয়ায় খেলতে গেলেই বড়সড় বিপর্যয় নিয়ে মুখ চুন করে ঘরে ফিরতে হয়েছে। অন্যদিকে অজিরা ২০২১-২২ মরশুমে ৪-০-তে সিরিজ জিতেছিল। ঘরের মাঠে শেষ ১৫ টেস্টের মাত্র দুটিতে হেরেছেন প্যাট কামিন্সরা।