আমাদের কাজ হলো বিশ্ব ক্রিকেটে কী ঘটছে সে সম্পর্কে আমাদের মতামত দেওয়া। আমরা এটাই করি। আমি শ্রেয়সকে আইপিএলে কোচিং করিয়েছি এবং আমি যা বলেছি তাতে অটল। আমি অবাক হয়েছি যে শ্রেয়স দলের অংশ নয়।

সুনীল গাভাসকর ও ব্র্যাড হ্যাডিন
শেষ আপডেট: 2 September 2025 19:03
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপের দলে সুযোগ হয়নি শ্রেয়স আইয়ারের। অনেক প্রাক্তন ক্রিকেটারই মনে করছেন, অবশ্যই সুযোগ পাওয়া উচিত ছিল শ্রেয়সের। গৌতম গম্ভীর ও নির্বাচক মণ্ডলী তাঁকে ক্রমাগত উপেক্ষা করে চলেছেন। আর দল ঘোষণার পর থেকে শ্রেয়সকে নিয়ে যে বিতর্ক (Shreyas Iyer's Asia Cup snub) শুরু হয়েছিল, তা থামার কোনও লক্ষ্মণই দেখা যাচ্ছে না।
শ্রেয়সের দলে সুযোগ না পাওয়া নিয়ে বিদেশি ক্রিকেটাররাও নিজেদের মত প্রকাশ করতে শুরু করে দিয়েছিলেন। তবে, বিদেশিদের এই প্রসঙ্গে নানা মন্তব্য দেখে রীতিমতো ক্ষুব্ধ হন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। তিনি সাফ জানিয়ে দেন, এটি ভারতের বিষয়, বিদেশি ক্রিকেটার নাক গলানো তাঁর একদমই না পসন্দ।
সানি বলেছিলেন, বিদেশি খেলোয়াড়দের ভারতীয় দলের বিষয়গুলি থেকে দূরে থাকা উচিত এবং তাঁদের দেশের ক্রিকেটে মনোযোগ দেওয়া উচিত। গাভাসকরের এই বক্তব্যের পর অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিন (Brad Haddin) তাঁর প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা জবাব দিয়েছেন।
উইলো টক নামক একটি পডকাস্টে হ্যাডিন বলেন, ক্রিকেটীয় বিষয় নিয়ে কথা বলা তাঁর কাজের মধ্যেই পড়ে। প্রাক্তন অজি উইকেটরক্ষক সেই সঙ্গে বলেন, তিনি আইপিএলের সঙ্গে যুক্ত। তাই ভারতীয় দলের খেলোয়াড়দের সম্পর্কে জানেন। পাঞ্জাবের ব্যাটিং কোচ হ্যাডিন বলেন, তিনি পিবিকেএস-এ আইয়ারের সঙ্গে ছিলেন, তাই তিনি জানেন শ্রেয়স দলে নির্বাচিত হওয়ার যোগ্য।
হ্যাডিন বলেন, "আমাদের কাজ হলো বিশ্ব ক্রিকেটে কী ঘটছে সে সম্পর্কে আমাদের মতামত দেওয়া। আমরা এটাই করি। আমি শ্রেয়সকে আইপিএলে কোচিং করিয়েছি এবং আমি যা বলেছি তাতে অটল। আমি অবাক হয়েছি যে শ্রেয়স দলের অংশ নয়। আমি বলছি না যে অন্য যাদের নির্বাচিত করা হয়েছে তাদের নির্বাচন ভুল ছিল।"
প্রাক্তন অজি উইকেটরক্ষক আরও বলেন, "আমি এটা বলেছি, কারণ আইয়ার যেভাবে আমাদের দলকে পরিচালনা করেছে তা বাস্তবিকই অনুকরণীয়। ও একজন দুর্দান্ত নেতা এবং চাপের মধ্যেও শ্রেয়স যেভাবে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন তা দুর্দান্ত। তবে, ওর মতো খেলোয়াড়দের সাইডলাইন করার পরেও ভারতের এখনও একটি ভাল দল আছে।"