একটি ভিডিওতে দেখা যাচ্ছে ভারত জেতার পরই মাঠের মধ্যে নিজের আবেগ চেপে রাখতে না পেরে গান করতে করতে নাচ করছেন চিরতরুণ গাভাসকর।

সুনীল গাভাসকর
শেষ আপডেট: 5 August 2025 18:27
দ্য ওয়াল ব্যুরো: ৭৬ বছর বয়স। কিন্তু ক্রিকেট নিয়ে তাঁর উন্মাদনা লজ্জায় ফেলে দেবে যে কোনও তরুণকে। ভারতের ব্যর্থতায় তিনি দুঃখ পান, ভুল-ত্রুটি হলে সমালোচনা করতেও ছাড়েন না। কিন্তু টিম ইন্ডিয়ার সাফল্যে তিনি যেন হয়ে ওঠেন এক প্রাণোচ্ছ্বল যুবক। আনন্দে তিনি দেশভক্তির গান গান, নাচও (Dancing and Singing) করেন। সুনীল মনোহর গাভাসকর (Sunil Gavaskar) এমনই এক ব্যক্তিত্ব।
ওভালে অনুষ্ঠিত ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচ (England vs India, Oval Test) জিতেছে ভারত। অসাধারণ প্রত্যাবর্তন ঘটিয়ে অসম্ভবকে সম্ভব করেছে টিম ইন্ডিয়া। যার প্রধান কাণ্ডারি মহম্মদ সিরাজ। ওভালে দুই ইনিংস মিলিয়ে নয় উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন হায়দরাবাদের এই পেসার। শেষ দিনে ভারতের জিততে দরকার ছিল চার উইকেট। আর ইংল্যান্ডকে জিততে গেলে করতে হত ৩৫ রান। পঞ্চম দিনের প্রথম সেশনেই সিরাজ তিনটি ও প্রসিদ্ধ কৃষ্ণ একটি উইকেট নিয়ে ভারতকে ছয় রানে জয় এনে দেন।
রানের বিচারে এটাই ভারতের সর্বনিম্ন জয়। কিন্তু এই জয় বিরাট-রোহিত পরবর্তী যুগে প্রমাণ করে দিয়েছে, টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ প্রজন্ম তৈরি। আপামর ভারতীয় এখন মেতেছে গিল ব্রিগেডের বন্দনায়। ক্রিকেটা-বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ওপেনার গাভাসকরই বা তার বাইরে থাকবেন কেন!
প্রথমেই সানি মেতেছেন মহম্মদ সিরাজের প্রশংসায়। এমনিতেই তিনি ভারতীয় দলের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে ক্ষুব্ধ। তাই সিরাজকে উদাহরণ হিসাবে তুলে ধরে বলেছেন, “সিরাজ ওয়ার্কলোড ম্যানেজমেন্টকে চিরতরে ছুটি করে দিয়েছে। দেশের জন্য খেলা ব্যথা ও কাজের চাপ ভুলে যাওয়ার জন্য যথেষ্ট, যা সীমান্তে পাহারারত জওয়ানরা করে থাকেন।” পাশাপাশি গাভাসকর রীতিমতো উচ্ছ্বসিত ভারতের দলে পারফরম্যান্সে। ম্যাচ শেষে তিনি যা করলেন, তার ভিডিও রীতিমতো ভাইরাল।
Sunil Gavaskar sang it for all of us 🎶🇮🇳
Nothing lights up the little master like a #TeamIndia victory 😄 #SonySportsNetwork #ENGvIND #DhaakadIndia #TeamIndia #ExtraaaInnings pic.twitter.com/KrNQXygjx8— Sony Sports Network (@SonySportsNetwk) August 4, 2025
একটি ভিডিওতে দেখা যাচ্ছে ভারত জেতার পরই ওভালের গ্রাউন্ডের মধ্যে নিজের আবেগ চেপে রাখতে না পেরে গান করতে করতে নাচ করছেন চিরতরুণ গাভাসকর। তখন তিনি গাইছিলেন দেশাত্মবোধক সেই বিখ্যাত গান ‘মেরে দেশ কি ধরতি...’
তাঁর সঙ্গে দেখা গিয়েছে চেতেশ্বর পূজারাকেও। যিনি তালে তাল মিলিয়ে হাততালি দিচ্ছেন। উপস্থিত বাকিরও তখন গাভাসকরের গানের সঙ্গে কোমর দোলাচ্ছিলেন। আর এই ভিডিও এখন ভাইরাল।