বিশেষজ্ঞদের মতে, ডিপফেক ভিডিও ও এআই দিয়ে তৈরি নকল কনটেন্টের বিরুদ্ধে এই মামলা একটা বড় নজির হতে পারে। পরিচিত মুখদের নাম ভাঙিয়ে ব্যবসা করার প্রবণতা এখন মহামারির আকার নিয়েছে। আদালতের এই নির্দেশ সেই প্রবণতায় একটা লাগাম টেনে দিল।
.jpeg.webp)
গৌতম গম্ভীর
শেষ আপডেট: 25 March 2026 18:33
দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগে ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) পদত্যাগ করেছেন—এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ২৯ লক্ষ ভিউ! কিন্তু পুরোটাই ভুয়ো। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নকল ভিডিও। এই ধরনের বিষয়বস্তুর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন গম্ভীর। শুনানি শেষে দিল্লি হাইকোর্ট (Delhi High Court) তাঁর পক্ষে রায় (Deepfake Video Case) দিয়েছে।
আদালত কী নির্দেশ দিল?
দিল্লি হাইকোর্ট গম্ভীরের ব্যক্তিত্ব-রক্ষার অধিকার মেনে নিয়েছে। সহজ করে বললে—এবার থেকে কেউ তাঁর নাম, মুখ বা গলার স্বর ব্যবহার করে বিজ্ঞাপন বানাতে বা মিথ্যা তথ্য ছড়াতে পারবে না( Deepfake Video Case)। আদালত মেটা (Meta), গুগল (Google) ও আমাজনকে (Amazon) নির্দেশ দিয়েছে—গম্ভীর-সংক্রান্ত সমস্ত আপত্তিজনক লিংক সরিয়ে নিতে হবে। সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেট প্ল্যাটফর্ম থেকে সব ধরনের বিভ্রান্তিকর পোস্ট মুছে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে (Deepfake Video Case)।
মামলা করা হয়েছিল সাকুল্যে ১৬টি এজেন্সির বিরুদ্ধে। যে তালিকায় রয়েছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, মেটা, এক্স (X), ইউটিউব, আমাজন, ফ্লিপকার্ট (Flipkart) ও এমনকি সরকারি সংস্থাও।
কী কী ভুয়ো কনটেন্ট ছড়িয়েছিল?
গম্ভীরের পদত্যাগের ভিডিও অল্প সময়ে ২৯ লক্ষ মানুষ দেখেছেন। সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আরেকটি বিভ্রান্তিকর ক্লিপের ভিউ ১৭ লক্ষেরও বেশি। যা নিয়ে গম্ভীরের মন্তব্য, ‘আমার পরিচয়—আমার নাম, মুখ, গলার স্বর—অজ্ঞাতপরিচয় অ্যাকাউন্টগুলো অস্ত্র হিসেবে ব্যবহার করছে। মিথ্যা তথ্য ছড়াচ্ছে, টাকা কামাচ্ছে!’ যোগ করেন, ‘এটা শুধু ব্যক্তিগত আঘাতের বিষয় নয়। আইন, মর্যাদা ও সুরক্ষার প্রশ্ন!’
দিনের শেষে হার-জিতের ঊর্ধ্বে ১ কোটি ২০ লক্ষেরও বেশি অনুগামী থাকা একজন পরিচিত মুখের নামে এভাবে ভুয়ো কনটেন্ট ছড়ানো কতটা সহজ—এই মামলা সে কথাই আবার মনে করিয়ে দিল।
ক্রিকেটে সাফল্য, আদালতেও জিত
বর্তমানে ভারতীয় দলের হেডকোচ গম্ভীর। তাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়া সদ্য টি-২০ বিশ্বকাপ ২০২৬ (T20 World Cup 2026) জিতেছে। এর আগে হাতে তুলেছে চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ (Champions Trophy 2025) ও এশিয়া কাপ (Asia Cup 2025)। মাঠে যেমন কড়া চ্যালেঞ্জ, ময়দানের বাইরেও কঠিন লড়াই লড়তে হচ্ছে গম্ভীরকে!
বিশেষজ্ঞদের মতে, ডিপফেক ভিডিও ও এআই দিয়ে তৈরি নকল কনটেন্টের বিরুদ্ধে এই মামলা একটা বড় নজির হতে পারে। পরিচিত মুখদের নাম ভাঙিয়ে ব্যবসা করার প্রবণতা এখন মহামারির আকার নিয়েছে। আদালতের এই নির্দেশ সেই প্রবণতায় একটা লাগাম টেনে দিল।