ইডেনে চতুর্থ ইনিংসে মাত্র ১২৪ রানের ছোট টার্গেট তাড়া করতে নেমে ভারত দুপুরের পর যে পরিস্থিতির মুখে পড়ল, তাকে খাল কেটে কুমীর আনা ছাড়া আর কিছু বলা যেতে পারে কি?
.jpeg.webp)
দক্ষিণ আফ্রিকা
শেষ আপডেট: 16 November 2025 14:25
দ্য ওয়াল ব্যুরো: ইডেনে চতুর্থ ইনিংসে মাত্র ১২৪ রানের ছোট টার্গেট তাড়া করতে নেমে ভারত দুপুরের পর যে পরিস্থিতির মুখে পড়ল, তাকে খাল কেটে কুমীর আনা ছাড়া আর কিছু বলা যেতে পারে কি? যে স্পিনের ছোবলে নিউজিল্যান্ডের হাতে হোয়াইটওয়াশ হতে হয়েছিল, গায়ের জোর খাড়িয়ে ফের একবার ঘূর্ণি ট্র্যাক বানিয়ে চোরাবালিতে তলিয়ে গেলেন ঋষভ পন্থরা! ১ রানে ২ উইকেট খোয়ানো দিয়ে শুরু। তারপর ৮০ পেরনোর আগেই ড্রেসিং রুমে ৭ খেলোয়াড়। নড়েগাছটিও মুড়িয়ে যেতে সময় লাগল না। যে কারণে হেলায় ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
টেস্ট শুরু হওয়ার পরই দক্ষিণ আফ্রিকার পেস ও স্পিন মিলিয়ে চাপ তৈরি করে। প্রথম সেশনে মার্কো জানসেন (Marco Jansen) দু’টি উইকেট নেওয়ার পাশাপাশি রানের গতি বেঁধে বল হাতে আগুন ঝরালেন। পয়লা ওভারেই যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) আউট। এরপর লোকেশ রাহুল (KL Rahul)। কেউই ছন্দে ফিরতে পারেননি। গোড়াতেই দুই ওপেনার ছিটকে যাওয়ায় ভারতীয় ব্যাটিং থিতু হতে ব্যর্থ।
শুভমান গিল চোট পেয়ে হাসপাতালে ভর্তি৷ ফলে দ্বিতীয় সেশনে ইনিংস সামলাতে ঋষভ পন্থ (Rishabh Pant) উপরে উঠে আসেন—কিন্তু ১৯ ওভারেই তিনি কট অ্যান্ড বোল্ড; ঘাতক সিমন হার্মার (Simon Harmer)। ধ্রুব জুরেলও (Dhruv Jurel) ভুল শট বাছাইয়ের মাশুল গোনেন। একের পর এক ধাক্কায় ভারতের কোর লাইন আপ নড়ে যায়।
রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) কিছুটা ব্যাট করে দলকে সাহায্য করলেও এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন—সিমন হার্মারের পাশাপাশি কেশব মহারাজও বিধ্বংসী মেজাজে! শেষদিকে, ওভার ৩০তম ওভারে আইডেন মার্করামের (Aiden Markram) বলে ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) স্লিপে ক্যাচে তুলে আউট হলে আরও বড় ধাক্কা লাগে। হার্মারের বোলিং-লাইন, কর্বিন বোশ (Corbin Bosch) ও মার্কো জানসেনের ধারাবাহিক চাপ মিলে বিপাকে ফেলে ব্যাটিং অর্ডারকে। এই ত্রয়ীর নাগপাশই রবিবাসরীয় দুপুরে গিলে খেল টিম ইন্ডিয়ার আস্ত লাইন আপ৷