ধোনির নামে রেজিস্টার্ড একটি গাড়ির বিরুদ্ধে আইন ভেঙে দ্রুত গতিতে চালানোর অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে ৩ মার্চ তাঁর নামে একটি চালান ইস্যু করে পুলিশ।

মহেন্দ্র সিং ধোনি
শেষ আপডেট: 4 March 2026 11:06
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট মাঠের শান্ত স্বভাবের অধিনায়ক তিনি। মাঠের বাইরে বাইক-গাড়ির প্রতি ভালবাসার জন্যও বহুবার শিরোনামে এসেছেন। কিন্তু সম্প্রতি সময়টা একদম ভাল যাচ্ছে না ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni)। কিছুদিন আগেই মানহানির মামলায় বড় অঙ্কের জরিমানার নির্দেশ পেয়েছিলেন তিনি। তারপর ফের নতুন জরিমানার মুখে পড়লেন ধোনি (Dhoni overspeeding fine)।
রাঁচি পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধোনির নামে রেজিস্টার্ড একটি গাড়ির বিরুদ্ধে আইন ভেঙে দ্রুত গতিতে চালানোর অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে ৩ মার্চ তাঁর নামে একটি চালান ইস্যু করে পুলিশ (MS Dhoni traffic challan)। জরিমানার অঙ্ক ১ হাজার টাকা। চালান অনুযায়ী, ধোনির বাড়ির সামনে দিয়ে দ্রুতগতিতে সেই গাড়িটি ছুটে যায়। ট্রাফিক আইন ভাঙার অভিযোগে জরিমানা ধার্য হয় তাঁর নামে (Ranchi police fine Dhoni)।
তবে ধোনি নিজে গাড়ি চালাচ্ছিলেন কি না, তা এখনও পরিষ্কার নয়। কারণ মাহি বর্তমানে আইপিএলে তাঁর দল চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অনুশীলনে যোগ দিয়েছেন, সেখানেই ব্যস্ত রয়েছেন। যদিও স্থানীয়দের দাবি, মঙ্গলবার ধোনিকে রাঁচির বিখ্যাত ‘মা তারা চিকেন শপ’-এর সামনে দেখা গিয়েছিল। অনেকের ধারণা, দোকান থেকে চিকেন কিনে হয়তো দ্রুতগতিতে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। যদিও এই তথ্যের কোনও প্রমাণ মেলেনি। তবে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা জানাজানি হওয়ার পর মজার মিমে ভরে গিয়েছে ফিড।
অন্যদিকে, এর আগের আইনি ঝামেলাটি অনেকটাই গুরুতর। মাদ্রাজ হাইকোর্ট সম্প্রতি এক মানহানির মামলায় ধোনিকে ১০ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেয়। ২০১৩ সালের একটি পুরনো মামলার ভিত্তিতেই আদালত এই সিদ্ধান্ত নেয়। আদালতের নির্দেশ অনুযায়ী, এক মাসের মধ্যে এই টাকাটি প্রধান বিচারপতির ত্রাণ তহবিলে জমা দিতে হবে।
সব মিলিয়ে, অল্প কয়েক দিনের ব্যবধানে দু’দুটি ভিন্ন কারণে শাস্তির মুখে পড়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ‘ক্যাপ্টেন কুল’। যদিও অনুরাগীদের আশা, মাঠে ফিরেই নিজের স্বাভাবিক ছন্দে দারুণ কিছু উপহার দেবেন মাহি, আর আইনি জটিলতাও কাটিয়ে উঠবেন দ্রুতই।