জসপ্রীত বুমরাহ খেলবে কি না তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। যে খেলবে সে দেশের জন্য ভাল পারফর্ম করার চেষ্টা করবে।

শুভমান গিল ও জসপ্রীত বুমরাহ
শেষ আপডেট: 29 July 2025 14:11
দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়া ইংল্যান্ডে নামার পর পঞ্চাশ দিন কেটে গিয়েছে। দুই দলের চলতি টেস্ট সিরিজ এখন শেষ পর্বে। ৩১ জুলাই থেকে ওভালে শুরু হবে পঞ্চম তথা শেষ টেস্ট (England vs India Fifth Test, Oval)। ভারত সিরিজে এখন পিছিয়ে রয়েছে ১-২ ব্যবধানে। এই আবহে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর সেটা হল জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) কি ওভাল টেস্টে খেলবেন?
আসলে এই সিরিজ শুরুর আগেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট জানিয়ে দিয়েছিল, ওয়ার্কলোডের কথা ভেবে চলতি সিরিজে পাঁচটি টেস্টের মধ্যে তিনটিতে খেলবেন বুমরাহ। সেই অর্থে ভারতের এই পেসারের তিনটি টেস্ট খেলা হয়ে গিয়েছে। কিন্তু ওভাল টেস্ট ভারতের কাছে মরণ-বাঁচন হয়ে দাঁড়িয়েছে। এই টেস্টে হার মানেই সিরিজে পরাজয়। আর বুমরাহ ওভালে না থাকা মানে আত্মবিশ্বাস বেড়ে যাবে বিপক্ষ শিবিরের।
ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্ট শেষ হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) বলেছিলেন, “বুমরাহ ওভালে খেলবে কি না, সেই বিষয়ে কোনও আলোচনা নয়। শেষ টেস্টে ও খেলবে কি না, সেই নিয়ে আমাদের মধ্যে কোনও আলোচনা হয়নি। শেষ পর্যন্ত যারাই খেলুক না কেন তারা দেশের সম্মানের জন্য খেলবে।”
এদিকে, ভারতীয় অধিনায়ক শুভমান গিল (Shubhman Gill) বলেছেন, যদি জসপ্রীত বুমরাহ ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচে খেলতে সক্ষম হন, তাহলে এটি দলের জন্য একটি বড় বিষয় হবে, কারণ দলের মূল পরিকল্পনা ছিল তাঁকে তিনটি ম্যাচের মধ্যে সীমাবদ্ধ রাখা। বুমরাহকে তাঁর ওয়ার্কলোডের ব্যবস্থাপনার অংশ হিসাবে এই টেস্ট সিরিজের মাত্র তিনটি ম্যাচ খেলানোর কথা ভাবা হয়েছিল। সেই হিসাবে তিনি এজবাস্টনে দ্বিতীয় টেস্টের প্রথম একাদশে ছিলেন না। তবে বাকি তিনটি টেস্টে খেলেছেন বুমরাহ।
বিবিসির 'টেস্ট ম্যাচ স্পেশাল' অনুষ্ঠানে গিল বলেন, “যদি বুমরাহ মনে করেন যে, তিনি পুরোপুরি ফিট এবং আমাদের জন্য উপলব্ধ, তাহলে আমার মনে হয় এটা আমাদের জন্য একটা বড় ব্যাপার হবে।” পাশাপাশি গিল বলেছেন, “যদি তিনি খেলতে না পারেন, তবুও আমার মনে হয় আমাদের বোলিং আক্রমণ ভাল।”
ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টে বুমরাহ ৩৩ ওভার বল করেছিলেন। তিনি এখন পর্যন্ত তিনটি টেস্ট ম্যাচের পাঁচ ইনিংসে ১১৯.৪ ওভার বল করেছেন, যা প্রতি ইনিংসে প্রায় ২৪ ওভার। চলতি সিরিজে এখন পর্যন্ত বুমরাহ নিয়েছেন ১৪ উইকেট নিয়েছেন। ভারতের হয়ে চলতি সিরিজে মহম্মদ সিরাজও ১৪টি উইকেট নিয়েছেন।
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুকের মতে, বুমরাহ সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট খেলবেন কি না, তা প্রকাশ না করে গিল সঠিক কৌশলগত সিদ্ধান্ত নিয়েছেন। কুক বলেন, “বুমরাহ খেলবে কি না, সে সম্পর্কে ধোঁয়াশা রাখা সম্পূর্ণ কৌশলগত সিদ্ধান্ত হবে। তবে যদি সে ফিট না থাকে, তাহলে না খেলাই তার জন্য সঠিক সিদ্ধান্ত হবে।”
এদিকে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর নিশ্চিত করেছেন যে, ওভাল টেস্টের আগে সমস্ত ফাস্ট বোলার নির্বাচনের জন্য উপলব্ধ। পাশাপাশি টিম ইন্ডিয়া চাণক্য পরবর্তী ম্যাচে বুমরাহের খেলার সম্ভাবনাও উড়িয়ে দেননি। গম্ভীর বলেন, “সমস্ত ফাস্ট বোলার উপলব্ধ। কারও চোট নেই। শেষ টেস্টের জন্য টিম কম্বিনেশন নিয়ে আমাদের কোনও আলোচনা হয়নি। জসপ্রীত বুমরাহ খেলবে কি না তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। যে খেলবে সে দেশের জন্য ভাল পারফর্ম করার চেষ্টা করবে।”