অলরাউন্ডার শার্দূলকে বাদ দিলে চারজন বোলার নেওয়া যেতে পারে। এখন এই চতুর্থ বোলার কে হবেন, সেটাই লাখ টাকার প্রশ্ন।

কুলদীপ যাদব
শেষ আপডেট: 29 July 2025 13:18
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড-ভারত চলতি টেস্ট সিরিজ এখন শেষ মুহূর্তে পৌঁছে গিয়েছে। ৩১ জুলাই থেকে ওভালে (Oval) শুরু হবে সিরিজের শেষ তথা পঞ্চম টেস্ট (England vs India Fifth Test)। ভারত সিরিজে পিছিয়ে রয়েছে ১-২ ব্যবধানে। ওভালে হেরে গেলেই সিরিজ হাতছাড়া হবে টিম ইন্ডিয়ার।
তবে, এটা নিশ্চিত যে, ওভাল টেস্টে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে (India Playing Eleven) বেশ কিছু পরিবর্তন হচ্ছেই। চোট পাওয়া ঋষভ পন্থের পরিবর্তে উইকেটরক্ষক হিসাবে দায়িত্ব পালন করবেন ধ্রুব জুরেল, এটা নিশ্চিত। পাশাপাশি আরও দু’টি পরিবর্তন সম্ভবত ওভাল টেস্টে হতে পারে।
ভারতীয় শিবির সূত্রে জানা গিয়েছে, বোলিং কম্বিনেশনে পরিবর্তন আনতে পারে টিম ইন্ডিয়া থিঙ্ক ট্যাঙ্ক। টিম ম্যানেজমেন্ট মনে করছে, ব্যাটিংয়ে অষ্টম অর্ডারকে গভীরতা প্রদানের জন্য একজন বোলারকে বাদ দেওয়া যেতে পারে।
ম্যাঞ্চেস্টার টেস্টের আগে চোট পেয়েছিলেন অলরাউন্ডার নীতিশকুমার রেড্ডি। তাঁর পরিবর্তে চতুর্থ টেস্টে খেলানো হয় শার্দূল ঠাকুরকে। কিন্তু তাঁকে বোলার হিসাবে সেভাবে ব্যবহারই করা হয়নি ওল্ড ট্র্যাফোর্ডে। পাশাপাশি শার্দূল চলতি সিরিজে যেটুকু সুযোগ পেয়েছেন কাজে লাগাতে পারেননি। প্রতিপক্ষের ব্যাটাররা তাঁর বোলিং সহজেই খেলছেন।
এদিকে রহস্য স্পিনার কুলদীপ যাদবকে (Kuldeep Singh) একটি ম্যাচেও সুযোগ দেওয়া হয়নি। ভারতের প্রাক্তন ক্রিকেটাররা বারবার বলে আসছেন, এই বাঁহাতি চায়নাম্যান বোলার ম্যাচ উইনার। যে কোনও পিচ থেকে ফায়দা লুটে নেওয়ার ক্ষমতা আছে তাঁর। কিন্তু টিম ইন্ডিয়া হেডস্যার গম্ভীর কুলদীপকে বসিয়েই রেখেছেন। এই সিরিজে গত ৪০ দিন ধরে তিনি নেট বোলারে পরিণত হয়েছেন। তবে জানা গিয়েছে, ওভালের প্রথম একাদশে হয়তো দেখা যেতে পারে কুলদীপকে।
ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স করার পর ম্যাঞ্চেস্টারে টেস্ট অভিষেক হয়েছে তরুণ ফাস্ট বোলার অংশুল কাম্বোজের। কিন্তু তিনিও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ। গতি বা স্যুইং কোনওটাই হরিয়ানার এই পেসারের কাছ থেকে পাওয়া যায়নি।
এদিকে চোট পাওয়া বাঁহাতি পেসার আকাশ দীপ (Akash Deep) সুস্থ হয়ে উঠেছেন। পঞ্চম টেস্টে তাঁকে হয়তো ফের দেখা যেতে পারে প্রথম একাদশে। সেক্ষেত্রে বাদ পড়বেন কম্বোজ। পাশাপাশি কুলদীপের মতো চলতি সফরে নেটেই শুধু বোলিং করে চলেছেন অর্শদীপ সিং (Arshdeep Singh)। ম্যাঞ্চেস্টারে তাঁর টেস্ট অভিষেক মোটামুটি নিশ্চিত ছিল। কিন্তু চতুর্থ টেস্টের আগে অনুশীলনে চোট পেয়ে বসেন তিনি। তবে জানা গিয়েছে, এখন চোটমুক্ত এই পাঞ্জাব পুত্তর। ওভালে ভারতের হয়ে টেস্ট অভিষেকের স্বপ্নও পূরণ হতে পারে অর্শদীপের। যদিও ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর বলেছেন, তাঁর সব বোলারই ফিট, তবুও এটা অস্বীকার করা যায় না যে জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজের উপর দিয়ে প্রচুর ওয়ার্কলোড যাচ্ছে।
অলরাউন্ডার শার্দূলকে বাদ দিলে চারজন বোলার নেওয়া যেতে পারে। এখন এই চতুর্থ বোলার কে হবেন, সেটাই লাখ টাকার প্রশ্ন। ওভালের পিচ বরাবরই স্পিনারদের সাহায্য করে থাকে। তাই কুলদীপ হতে পারেন বেস্ট অপশন। ভারতীয় টিম ম্যানেজমেন্ট নিজেই আগে স্বীকার করেছে যে, তারা কুলদীপকে প্লেয়িং ইলেভেনে নিতে চায়। কিন্তু আট নম্বর পর্যন্ত ব্যাটিংয়ের কারণে তা করতে পারছে না। বোলিং কোচ মরনি মরকেল বলেছিলেন, “আমরা কুলদীপের জন্য একটি উপায় খুঁজছি, তবে এর জন্য আমাদের শীর্ষ ছয় ব্যাটারকে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করতে হবে।”
প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও বলেছেন, তিনি বুঝতে পারছেন না কেন ব্যাটিংকে আট নম্বর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হচ্ছে কিছু অতিরিক্ত রানের জন্য, যখন কুলদীপের মতো একজন বোলার বাইরে বসে আছেন। যদিও কুলদীপ ব্যাটার হিসাবেও একদম অযোগ্য নন।
এদিকে টিম ম্যানেজমেন্ট সূত্র জানা গিয়েছে, ঋষভ পন্থের অনুপস্থিতিতে জাদেজা-সুন্দর শীর্ষ-৬-এ খেলতে পারেন। ম্যাঞ্চেস্টারে স্মরণীয় ড্রয়ের স্থপতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরকে পন্থের ইনজুরির কারণে শীর্ষ-৬ ব্যাটিংয়ে আনা যেতে পারে। ওভালে যদি একই ক্রম অনুসরণ করা হয়, তাহলে উইকেটরক্ষক ধ্রুব জুরেল হয়তো সাত নম্বরে ব্যাট করতে নামবেন। আরও একটি বিষয় টিম ম্যানেজমেন্টের মাথায় রয়েছে, লোকেশ রাহুল যদি উইকেটরক্ষকের জন্য প্রস্তুত থাকেন তাহলে করুণ নায়ারকেও খেলানো যেতে পারে। তবে রাহুল টানা খেলে চলেছেন। পাশাপাশি উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়লে সেই প্রভাব পড়বে ব্যাটিংয়ে। সেই সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে এই ফরম্যাটে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেননি। এমন পরিস্থিতিতে, টিম ম্যানেজমেন্ট হয়তো ঝুঁকি নিতে চাইবে না।
ওভালে ভারতের সম্ভাব্য একাদশ: শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, আকাশ দীপ/জসপ্রীত বুমরাহ, আরশদীপ সিং/মহম্মদ সিরাজ।