সবকিছু ছাপিয়ে দ্বিতীয় দিনের সবচেয়ে বর্ণময় ছবিটি ঋষভ উপহার দেন সেঞ্চুরি হাঁকানো ছক্কায় নয়, সেঞ্চুরির পর উৎসবে মেতে! ফিরিয়ে আনেন আইপিএলের স্মৃতি। হেলমেট খুলে সেই ট্রেডমার্ক ডিগবাজি। সেই সামারসল্ট।

ঋষভ পন্থ
শেষ আপডেট: 22 June 2025 14:45
দ্য ওয়াল ব্যুরো: প্ল্যান বি বলে কোনও বস্তু চেনেন না তিনি। তাঁর কাছে আক্রমণই রক্ষণ। তিনি অকুতোভয়, ডাকাবুকো। কেরিয়ারঘাতী দুর্ঘটনা থেকে সুস্থ হয়েই নেমে পড়েন ময়দানে। দেশের হয়ে টি-২০ বিশ্বকাপ জেতেন। খেলেন আইপিএল। খারাপ পারফর্ম্যান্সের পরেও এতটুকু দমে না গিয়ে লাল বলের ক্রিকেটে জাতীয় দলের হয়ে ফের নজরকাড়া শতরান।
কয়েক কথার আঁচড়ে এটাই শুভমান গিল। যেমন বাইশ গজে, তেমন মাঠের বাইরে। তিনি চাপ নেন না, প্রতিপক্ষকে চাপে রাখেন। অপোনেন্ট বোলার হোক বা দুর্যোগ—সবার বিরুদ্ধে একই রকম আগ্রাসী, রংচঙে।
যিনি ব্যাট হাতে রানের তুফান তোলেন, তিনি সাফল্যের পর উদযাপনেও বাঁধনহারা হবেন—এটাই স্বাভবাবিক! আইপিএলে ভাল খেলেননি। লখনউয়ের তখতে বসে দলকে পারেননি জয়ের দিশা দেখাতে। নাগাড়ে ব্যর্থ হয়েছেন। অবশেষে সিজনের শেষদিকে যখন সেঞ্চুরি পেলেন, উচ্ছ্বাসে মেতে উঠলেন। মাঠেই মারলেন সামারসল্ট! হেলমেট খুলে ভল্ট—সফল ল্যান্ডিং। কপিবুক ডিগবাজি!
আইপিএল এখন ইতিহাস। লড়াই আপাতত টেস্টের ময়দানে, ইংল্যান্ডের জমিতে। প্রথম ম্যাচের ভেন্যু হেডিংলে। সেখানে ১৩৪ করে ড্রেসিং রুমে ফিরেছেন ঋষভ। কিন্তু তার আগে স্কোরবোর্ডে জুড়েছেন গুরুত্বপূর্ণ রান, দলকে দিয়েছেন লড়াইয়ের জমি! যা দেখে একদা সমালোচনায় মুখর সুনীল গাভাসকার পর্যন্ত ‘সুপার্ব’ বলে উঠেছেন।
কিন্তু সবকিছু ছাপিয়ে দ্বিতীয় দিনের সবচেয়ে বর্ণময় ছবিটি ঋষভ উপহার দেন সেঞ্চুরি হাঁকানো ছক্কায় নয়, সেঞ্চুরির পর উৎসবে মেতে! ফিরিয়ে আনেন আইপিএলের স্মৃতি। হেলমেট খুলে সেই ট্রেডমার্ক ডিগবাজি। সেই সামারসল্ট। যা দেখামাত্র দর্শকাসনে ওঠে উল্লাসের রোল। হাততালি দিয়ে দু’দলের সমর্থকরা ঋষভকে কুর্নিশ জানান।
ঋষভের ইনিংসের পাশাপাশি তাঁর উচ্ছ্বাস দেখে প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই মতামত রেখেছেন। কেউ মজার সুরে, কেউ পিঠ চাপড়ে সাবাশি দিয়েছেন। দীনেশ কার্তিক বলেন, ‘না আমি ওর মতো সামারসল্ট দিতে পারব, না পারব ওর মতো খেলতে। যখন ছোট ছিলাম, বাবা-মা আমায় জিমনাস্টিক্সে ভর্তি করে। কিন্তু আমি কিছুই শিখতে পারিনি। তাই ঋষভকে ওর মতো ছেড়ে দিন।’
প্রাক্তন ক্রিকেটার ও জাতীয় দলের কোচ রবি শাস্ত্রী, যিনি ড্রেসিংরুমে খুব কাছ থেকে পন্থকে দেখেছেন, বলে ওঠেন, ‘খুব অল্প বয়স থেকে খুব ভালমতো জিমনাস্টিক্স শিখেছে। আমার মতে, এটা বেশ আলাদা। কেউ আশাই করেনি। এতে কোনও ভুল দেখছি না। যদিও আমি যদি চেষ্টা করি, তাহলে সুইমিং পুলে গিয়ে শেষ করব।’
পূজারা, যিনি টেস্টের অন্যতম বিশুদ্ধতাবাদী ব্যাটসম্যান, তিনিও উচ্ছ্বাস গোপন রাখতে পারেননি। ‘ঋষভ সত্যিই ঋষভ। ও সব সময় আলাদা কিছু করে।’ হাসিমুখে সংক্ষেপে প্রতিক্রিয়া জানিয়েছেন পূজারা।