টিমবাসে চড়ে এজবাস্টনের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যদিও লিডস টেস্টের প্রথম একাদশে নামা খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ।

জাদেজা ও কুলদীপ
শেষ আপডেট: 26 June 2025 12:38
দ্য ওয়াল ব্যুরো: টিমবাসে চড়ে এজবাস্টনের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যদিও লিডস টেস্টের প্রথম একাদশে নামা খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ। জবাবে এটা সাফ: দ্বিতীয় টেস্টে খুব একটা বদল দেখার সম্ভাবনা নেই বললেই চলে।
যদিও বদলের ধুয়ো তুলেছেন অনেক প্রাক্তন ক্রিকেটার ও ক্রিকেট বিশেষজ্ঞ। তাঁদের প্রথম পছন্দ কুলদীপ যাদব। জাদেজার জায়গায় এই রিস্ট স্পিনার নামলে ভয়ংকর হয়ে উঠতে পারেন বলে অনেকের মত। তেইশে ভারত সফরে আসা ইংরেজ ব্যাটারদের নাকানিচোবানি খাওয়ান কুলদীপ। ২০-র গড়ে তুলে নেন ১৯ উইকেট। হ্যারি ব্রুক, জেমি স্মিথরা মিলে ভারতের বোলারদের যেভাবে ঠেঙিয়েছেন, তাতে কার্যকরী অ্যান্টিডোট হতে পারে কুলদীপের ঘূর্ণি। যা ঘাসে ঢাকা কিংবা ফাটল ধরা বাইশ গজ—সবেতেই একই রকম বিপজ্জনক!
বিশেষজ্ঞদের একটা অংশ মনে করছেন, কুলদীপ নামা মানেই উইকেট আসা। রক্ষণাত্মক ধাঁচে শুধু রান আটকান না। আক্রমণাত্মক ঢঙে ব্যাটসম্যানদের সামনে প্রশ্নও ছুড়ে দেন। কিন্তু এতকিছুর পরেও মাঠে নামার সম্ভাবনা খুব একটা উজ্জ্বল নয়। টেস্ট হেরে অধিনায়ক শুভমানের বক্তব্য ছিল, জাদেজা ভাল বল করেছেন, সুযোগ তৈরি করেছেন। একই সুরে সমর্থন জোগান গৌতম গম্ভীরও। যা দেখে এটা স্পষ্ট, কুলদীপ এলেও অন্তত জাদেজার জায়গায় সুযোগ পাবেন না।
তাহলে কি শার্দূলের আসন টলমল? সেক্ষেত্রে ভারতকে তিন পেসার নিয়ে নামতে হবে? এতটা ঝুঁকি কি গম্ভীর নিতে চাইবেন?
আর বিকল্প হিসেবে যদি চার পেসারের ফর্মুলা ধরে রাখতে হয়, তাহলে করুণ নায়ার পড়বেন। তাঁর জায়গা নেবেন নীতীশ কুমার রেড্ডি। যিনি অস্ট্রেলিয়ায় ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকান, বল হাতেও উইকেট তোলেন। এমনিতেই লোয়ার অর্ডারে রান নেই। ১৩ উইকেট পড়েছে মাত্র ৭২ রানে! সিমার-অলরাউন্ডারের খোঁজ চলছে। সেদিক দিয়ে নীতীশ কিন্তু কার্যকরী বিকল্প। আর তাঁর জায়গা পাওয়া মানে দ্বিতীয় সুযোগ কাজে না লাগানোর মাশুল গুনবেন করুণ নায়ার।