আশ্চর্যজনকভাবে অশ্বিনের সুরে সুর মেলাননি কোচ গম্ভীর। ঋষভের বিরল কীর্তি নিয়ে সাংবাদিক প্রশ্ন করলে কিছুটা রুষ্ট স্বরেই জবাব দেন।

আর অশ্বিন ও ঋষভ পন্থ
শেষ আপডেট: 26 June 2025 10:28
দ্য ওয়াল ব্যুরো: দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি। বিরল নজির। এর আগে কোনও ভারতীয় ক্রিকেটার ইংল্যান্ডের মাটিতে এই কীর্তি অর্জন করেননি। তবু ঋষভ পন্থকে নিয়ে পুরোপুরি তুষ্ট নন প্রাক্তন অফস্পিনার আর অশ্বিন। তাঁর বিশ্বাস, শুধুমাত্র সেঞ্চুরি করে থেমে যাওয়াটাই যথেষ্ট নয়। টিম ইন্ডিয়ার উইকেটকিপার তার চেয়েও বড় রান—দ্বিশতরান--হাঁকানোর ক্ষমতা রাখেন। আর এর জন্য কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শুভমান গিলকে বিশেষ পরামর্শও দিয়েছেন তিনি।
এর পাশপাশি অশ্বিন ঋষভকে আগ্রসী ব্যাটিংয়ের পাশপাশি রক্ষণাত্মক মেজাজে খেলারও নিদান শুনিয়েছেন। ইউটিউব পডকাস্টে তিনি বলেন, ‘হেডিংলেতে ঋষভ দারুণ খেলেছে। যদিও আমি আবার বলব, ওর ডিফেন্সও জোরদার। ক্রিকেটের বইয়ে হেন কোনও শট নেই যেটা খেলতে জানে না।’
এরপরই নিজের অসন্তুষ্টির কথা জানিয়ে অশ্বিনের বক্তব্য, ‘যদি আমি গম্ভীর কিংবা শুভমান হতাম, তাহলে ঋষভকে একপাশে নিয়ে গিয়ে বোঝাতাম, ‘ভাই, তুই কী খেলেছিস! কী দারুণ ব্যাটিং করেছিস!’ ওর মতো ব্যাটসম্যান হতে পারলে আমি বর্তে যেতাম। কিন্তু পরের বার যখন খেলতে নামবে তখন কি ১৩০-কে ডবল সেঞ্চুরি বানানোর চেষ্টা করে দেখবে ঋষভ?’
কেন এই অনুরোধ? প্রাক্তন অফস্পিনারের কথায়, ‘ভারতীয় দল এমনিতেও নীচের সারির ব্যাটসম্যানদের থেকে খুব একটা সাহায্য পাবে না। তাই দয়া করে শেষ উইকেট পর্যন্ত টিকে থাকো। কিন্তু এটা ঠিক যে, ঋষভ অসামান্য ব্যাটার। অসামান্য ক্রিকেটার। প্রতিভাবানও বটে!’
যদিও আশ্চর্যজনকভাবে অশ্বিনের সুরে সুর মেলাননি কোচ গম্ভীর। ঋষভের বিরল কীর্তি নিয়ে সাংবাদিক প্রশ্ন করলে কিছুটা রুষ্ট স্বরেই জবাব দেন। জানান, আরও তিনজন খেলোয়াড় শতরান করেছেন। মোট পাঁচটি সেঞ্চুরি এসেছে। তাই, ব্যক্তির আগে দলের পারফরম্যান্সকে বিচার করা উচিত। গম্ভীর বলেন, ‘আমার ভাল লাগত, যদি আপনি বলতেন যশস্বী, অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে শুভমান ও কেএল রাহুল সেঞ্চুরি এবং ঋষভ জোড়া শতরান করেছে। একটি টেস্টে পাঁচটি সেঞ্চুরি সত্যি বলতে দারুণ আরম্ভ। তাই আশা করছিলাম, আপনার প্রশ্ন আরও ভাল হবে।’