কীভাবে একজন তরুণ ব্যাটসম্যানকে অভিষেক টেস্টের একটিমাত্র সুযোগ কাজে না লাগাতে পারার জেরে বসে যেতে হয়—এই সওয়াল দল সামগ্রিকভাবে পারফর্ম না করলে জোরালোভাবে সামনে আসতে পারে।

কুলদীপ যাদব
শেষ আপডেট: 2 July 2025 12:08
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে (IPL 2025) নজর কাড়েন। সেই সুবাদে জাতীয় টেস্ট টিমে (Team India) জায়গা পান সাই সুদর্শন (Sai Sudarshan)। ইংল্যান্ড সফরে (England Series) আসেন। খেলেন প্রথম টেস্ট। কিন্তু লিডস ম্যাচে সুযোগের সুবিচারে ব্যর্থ হন। প্রথম ইনিংসে তো খাতা না খুলেই আউট হয়েছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান।
সূত্রের খবর, দ্বিতীয় টেস্টে খুব সম্ভবত বাদ পড়তে চলেছেন সাই সুদর্শন। তাঁর জায়গায় দলে আসবেন ওয়াশিংটন সুন্দর। যিনি ব্যাটিংয়ের পাশপাশি স্পিন বোলিংয়েও সিদ্ধহস্ত। এমনিতেই লোয়ার অর্ডারের ভরাডুবির মাশুল গুনেছে টিম ইন্ডিয়া। হুড়মুড়িয়ে উইকেট পড়ার জেরে পাঁচটি শতরানেও লিডস টেস্ট জিততে পারেনি ভারত। পাঁচ উইকেটে জয় হাসিল করেন বেন স্টোকসরা।
গৌতম গম্ভীরের মাথাব্যথা বাড়িয়েছে অলরাউন্ডারদের পারফরম্যান্স। না রবীন্দ্র জাদেজা না শার্দূল ঠাকুর—কেউই ব্যাটে-বলে সেভাবে ছাপ ফেলতে পারেননি। এই সমস্যার সমাধানে ওয়াশিংটনে আস্থা রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। ঘটনাচক্রে যিনি কোচ গৌতম গম্ভীরের প্রিয় পাত্রও বটে!
যদিও সুদর্শনের বাদ নিয়ে প্রশ্ন উঠবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। কীভাবে একজন তরুণ ব্যাটসম্যানকে অভিষেক টেস্টের একটিমাত্র সুযোগ কাজে না লাগাতে পারার জেরে বসে যেতে হয়—এই সওয়াল দল সামগ্রিকভাবে পারফর্ম না করলে জোরালোভাবে সামনে আসতে পারে।
পাশপাশি নিশানায় আসবেন করুণ নায়ারও। অভিষেক টেস্ট না খেললেও জাতীয় দলে দীর্ঘ আট বছর বাদে প্রত্যাবর্তন করেছেন। প্রথম ইনিংসে তিনিও সাই সুদর্শনের মতো খাতা না খুলেই ড্রেসিং রুমে ফিরে যান। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের মতে, করুণের বাদ পড়ার সম্ভাবনা কম। ছয়ের বদলে সুদর্শনের ছেড়ে যাওয়া তিন নম্বর পজিশনে নামবেন। ওপেনার জুটি অপরিবর্তিত। চারে কেএল রাহুল।
দিনকয়েক আগে সাই সুদর্শনের কাঁধে চোট লাগার খবর সামনে আসে। যদিও চুটিয়ে প্র্যাকটিসের পর সমস্ত গুঞ্জন নস্যাত করেন তরুণ ব্যাটসম্যান। তিনি বাদ পড়লে তার কারণ দলে ভারসাম্য আনা, কোনওভাবেই আহত হওয়া নয়। মত বিশেষজ্ঞদের।
এর পাশপাশি অলরাউন্ডার বিভাগেও নতুন মুখ দেখা যেতে পারে। শার্দূল ঠাকুরের খেলার সম্ভাবনা কম। তাঁর স্থানে খেলবেন নীতীশ রেড্ডি। বুমরাহ ওয়ার্কলোডের কারণে স্বেচ্ছায় সরছেন। খেলবেন আকাশ দীপ। কুলদীপ যাদবের শিকে দ্বিতীয় টেস্টেও ছিঁড়বে না। জাদেজাতেই আস্থা রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট।