শুভমান ব্যাটিং ধসের বিষয়টি মেনে নিয়ে বলেন, ‘এই নিয়ে আমরা অনেক বার কথা বলেছি। অন্যান্য টিমের নীচের সারির ব্যাটসম্যানরা যেভাবে খেলে, ব্যাটিং গভীরতা থাকা সত্ত্বেও, আমরা সেটা কাজে করে দেখাতে পারি না!’

শুভমান গিল
শেষ আপডেট: 2 July 2025 11:11
দ্য ওয়াল ব্যুরো: এজবাস্টনে (Edgbaston Test) ভারত কি ঘুরে দাঁড়াতে পারবে? ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তুলবে লোয়ার অর্ডার? টিম ইন্ডিয়ার (Team India) প্রত্যাবর্তনের সঙ্গে অঙ্গাঙ্গী জড়িয়ে রয়েছে নীচের সারির ব্যাটসম্যানদের ভাল পারফরম্যান্স।
আজ ময়দানে নামছেন শুভমান গিলরা। তার আগে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে লোয়ার অর্ডারকে (Lower Order) কার্যত সাবধান করে দিলেন অধিনায়ক (Shubhman Gill)। জানালেন, লিডসে যেভাবে হুড়মুড়িয়ে উইকেট পড়েছে, তা কিছুতেই মেনে নেওয়া যায় না। সংশোধন জরুরি। আর তা এজবাস্টনেই করে দেখাতে হবে।
শুভমান ব্যাটিং ধসের বিষয়টি মেনে নিয়ে বলেন, ‘এই নিয়ে আমরা অনেক বার কথা বলেছি। অন্যান্য টিমের নীচের সারির ব্যাটসম্যানরা যেভাবে খেলে, ব্যাটিং গভীরতা থাকা সত্ত্বেও, আমরা সেটা কাজে করে দেখাতে পারি না!’
পরে নামা ব্যাটসম্যানরা যে দুর্বল, সেটা মেনে নিয়ে উপরের সারির খেলোয়াড়দের বাড়তি দায়িত্ব বুঝে নেওয়ার আর্জি জানান গিল। তাঁর কথায়, ‘যখন তুমি বুঝে গিয়েছ, ব্যাটিং অর্ডারের পরে নামা ব্যাটাররা ভাল খেলতে পারছে না, তখন তোমায় কার্যত শেষ পর্যন্ত খেলে যাওয়ার চেষ্টা চালাতে হবে। একটা খেলাকে দেখার অনেক উপায় রয়েছে। তবে এটা ঠিক, যখন শেষের পাঁচ থেকে ছ’জন ব্যাটসম্যান ঠিকমতো খেলতে পারছে না, তখন বিপক্ষ টিমের পক্ষে কাজটা অনেক সহজ হয়ে পড়ে।’
ব্যাটারদের পাশাপাশি বোলারদের নিয়েও বার্তা রেখেছেন শুভমান। তিনি বলেন, ‘ইংল্যান্ডের মতো ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে ধারাবাহিকতা দেখিয়ে বল করা প্রয়োজন। বল ভাল হোক চায় খারাপ—ওরা প্রতি-আক্রমণ করে। ফলে এই অবস্থায় উইকেট আর বল যখন তালমিল খাচ্ছে না, তখন ধারাবাহিকতা দেখানো সমস্যার। তবুও নাগাড়ে একই জায়গায়, একই নিশানায় বল করে যেতে হবে।’
প্রসঙ্গত, প্রথম টেস্টে বুমরাহ ছাড়া বাকি কোনও বোলার ঠিকমতো খেলতে পারেননি। মহম্মদ সিরাজ ছন্দ খুঁজতে সময় নিয়েছেন, সেভাবে উইকেট পাননি। প্রসিদ্ধ কৃষ্ণ মোটামুটি উইকেট পেলেও দেদার রান বিলিয়েছেন। চতুর্থ ইনিংসে উইকেট যখন ভেঙে গিয়েছে, অনেকে ভেবেছিলেন রবীন্দ্র জাদেজা বিপজ্জনক হয়ে উঠতে পারেন। কিন্তু রুক্ষ পিচকে সেভাবে কাজেই লাগাতে পারেননি অভিজ্ঞ স্পিনার।
আজ কি তাঁর জায়গায় কুলদীপ যাদব নামবেন? বুমরাহ না খেললে বিকল্প কি আকাশ দীপ? প্রথম একাদশ ঘোষণার সময় কোচ গৌতম গম্ভীরকে একাধিক ফ্যাক্টর মাথায় রাখতে হবে।