টিম ইন্ডিয়া ১৯৬৭ সালে এই মাঠে প্রথম ম্যাচ খেলেছিল। বিরাট কোহলি হোক বা ধোনি, দ্রাবিড় হোক বা সৌরভ গঙ্গোপাধ্যায়, ৫৮ বছরে কোনও ভারতীয় অধিনায়ক এখানে জিততে পারেননি।

শুভমান গিল
শেষ আপডেট: 27 June 2025 17:08
দ্য ওয়াল ব্যুরো: ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের (England vs India Test Series) দ্বিতীয় ম্যাচটি বার্মিংহামের এজবাস্টনে (Edgbaston) শুরু হবে ২ জুলাই থেকে। এই টেস্টে জিতলেই ইতিহাস গড়বেন শুভমান গিল (Shubman Gill)। আসলে, ভারত এখনও পর্যন্ত এই মাঠে টেস্ট জিততে পারেনি।
টিম ইন্ডিয়া ১৯৬৭ সালে এই মাঠে প্রথম ম্যাচ খেলেছিল। বিরাট কোহলি হোক বা ধোনি, দ্রাবিড় হোক বা সৌরভ গঙ্গোপাধ্যায়, ৫৮ বছরে কোনও ভারতীয় অধিনায়ক এখানে জিততে পারেননি। ৫৮ বছরের খরার অবসান ঘটাতে পারলে শুভমান গিল হবেন বার্মিংহামের এজবাস্টনে জয়ী প্রথম ভারতীয় অধিনায়ক।
এজবাস্টনে ভারতের ইতিহাস
১৯৬৭ সালে ভারত যখন এজবাস্টনে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ খেলেছিল, তখন অধিনায়ক ছিলেন মনসুর আলি খান পতৌদি। ইংল্যান্ড সেই টেস্টে টিম ইন্ডিয়াকে হারিয়েছিল ১৩২ রানে।
এর পর, ১৯৭৪ সালে ভারত এই মাঠে দ্বিতীয়বারের মতো ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট খেলেছিল। সেবার অধিনায়ক ছিলেন অজিত ওয়াদেকর। সেই ম্যাচেও ভারতকে ইনিংস এবং ৭৮ রানে পরাজিত হতে হয়েছিল। তারপর ১৯৭৯ সালে, ভারত এস ভেঙ্কটরাঘবনের নেতৃত্বে তৃতীয় ম্যাচ খেলেছিল। সেই টেস্টে, ইংল্যান্ড ভারতকে হারিয়েছিল ইনিংস এবং ৮৩ রানে।
১৯৮৬ সালে টিম ইন্ডিয়া কপিল দেবের নেতৃত্বে এজবাস্টনে নামে। এই ম্যাচটিতে অবশ্য হারতে হয়নি ভারতকে। ড্র হয়েছিল টেস্টটি। কপিল হলেন প্রথম ভারতীয় অধিনায়ক যিনি এজবাস্টনে টেস্ট ড্র করেছিলেন। পরিসংখ্যান অনুসারে, তিনি এজবাস্টনে সবচেয়ে সফল ভারতীয় অধিনায়কও।
এরপর ১০ বছর ভারত এজবাস্টনের বাইশ গজে টেস্ট খেলেনি। ১৯৯৬ সালে টিম ইন্ডিয়া মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে এই মাঠে ফের ইংল্যান্ডের মুখোমুখি হয়। সেই ম্যাচে ইংল্যান্ড ভারতকে আট উইকেটে পরাজিত করে। ২০১১ সালে ভারত মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে এজবাস্টনে একটি টেস্ট খেলে। সেই ম্যাচে ইংল্যান্ড এক ইনিংস এবং ২৪২ রানে জয়লাভ করে।
এরপর ২০১৮ সাল। ভারত বিরাট কোহলির নেতৃত্বে এজবাস্টনে নামে টিম ইন্ডিয়া। সেই টেস্টে ৩১ রানে জিতে মাঠ ছাড়ে ইংল্যান্ড। ২০২১-২২ সালে ভারত ইংল্যান্ড সফরে গিয়ে বিরাট কোহলির নেতৃত্বে চারটি টেস্ট খেলেছিল। কিন্তু করোনার কারণে পঞ্চম টেস্ট স্থগিত করা হয়। পরে সেই টেস্ট এজবাস্টনে অনুষ্ঠিত হয় ২০২২ সালের আগস্টে। ততদিনে কোহলি অবশ্য অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন। এমন পরিস্থিতিতে, জসপ্রিত বুমরাহ টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করেন। ভারত এই টেস্টটি সাত উইকেটে হেরে যায়। এই ম্যাচের আগে, ভারত সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল। যদি ম্যাচটি তখন হত, তাহলে কোহলিরও ইতিহাস গড়ার সুযোগ ছিল। এখন দেখার শুভমান গিলের নেতৃত্ব সেই খরা কাটে কি না।