হেডিংলে টেস্টে পাঁচটি শতরান সত্ত্বেও পাঁচ উইকেটে পরাজয় ঠেকাতে পারেনি ভারতীয় দল। সৌজন্যে—বুমরাহ-নির্ভরতা!

ক্লার্ক ও কুলদীপ
শেষ আপডেট: 27 June 2025 15:55
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দল যদি ঘুরে দাঁড়াতে চায়, জিততে চায় এজবাস্টন টেস্ট, তাহলে কুলদীপকে খেলাতেই হবে। তিনিই হয়ে উঠতে পারেন শুভমান গিলের তুরুপের তাস। এমনটাই মনে করছেন মাইকেল ক্লার্ক।
হেডিংলে টেস্টে পাঁচটি শতরান সত্ত্বেও পাঁচ উইকেটে পরাজয় ঠেকাতে পারেনি ভারতীয় দল। সৌজন্যে—বুমরাহ-নির্ভরতা! মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণদের খুঁজেই পাওয়া যায়নি! বোলার-অলরাউন্ডার শার্দূল ঠাকুর সেভাবে বল করেননি। ছাপ ফেলতে পারেননি রবীন্দ্র জাদেজা।
এজবাস্টনের পরীক্ষা আরও কঠিন হতে চলেছে। আর অন্যতম কারণ, বুমরাহর সরে দাঁড়ানো। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে পরের ম্যাচে খেলবেন না দলের প্রধান বোলার। এই পরিস্থিতিতে সিমার নয়, স্পিনারেই আস্থা রাখার নিদান অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্কের।
তাঁর সুরে সুর মিলিয়ে প্রাক্তন ওপেনার নিক নাইট বলেন, ‘আমি তো কুলদীপকে নামার সমস্ত চেষ্টা করব। ইংরেজরা ওকে খেলতে সমস্যায় পড়বে। কুলদীপ যদি সেরা ফর্মে থাকে, তাহলে সেটাই হতে পারে সিরিজের গুরুত্বপূর্ণ মুহূর্ত। তার কারণ ইংল্যান্ডের ব্যাটসম্যানরা আক্রমণাত্মক খেলতে পছন্দ করে। আর এর জন্য বল কোন দিকে ঘুরছে, সেদিকে নজর রাখা জরুরি। পিচ থেকে যদি সামান্যতম সাহায্য আসে, তাহলে কুলদীপ ওর ভেল্কি দেখাবে।’
একই বক্তব্য ক্লার্কেরও। তাঁর কথায়, ‘কোনও বোলারের আলাদা করে সমালোচনা করছি না। কিন্তু আমার মতে, ভারতের উচিত কুলদীপ যাদবকে খেলানো। এটা নিয়ে কোনও আলোচনাই নিষ্প্রয়োজন। কুলদীপ উইকেট-শিকারী। হেডিংলে টেস্টে যা দেখেছি, তার চাইতে কুলদীপ অনেক বেশি ছাপ রাখতে পারবে।’
এর পাশপাশি ভারতীয় শিবিরের দল বাছাই নিয়েও সমালোচনার সুর ক্লার্কের গলায়। বলেন, ‘ভারত এটা বরাবর করে আসছে। ওরা অতিরিক্ত ব্যাটিং নিয়ে, ব্যাটিং গভীরতা নিয়ে খুব বেশি চিন্তা করে। এর জন্য স্পিনার না নেওয়ার ঝুঁকি নিতেও পিছপা হয় না। ইংল্যান্ডে সিরিজ জিততে গেলে ২০ উইকেট তুলতেই হবে।’