জাড্ডু ভাই আমাকে বলেছিল, নিজের ওপর আস্থা রাখ আর বাবাকে স্মরণ কর লড়ো।

মহম্মদ সিরাজ
শেষ আপডেট: 5 August 2025 14:00
দ্য ওয়াল ব্যুরো: সোমবার শেষ হয়েছে ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ। ওভালে শেষ টেস্ট (England vs India Oval Test) জিতে সিরিজ ২-২ সমতায় শেষ করেছে টিম ইন্ডিয়া। রোহিত-বিরাট পরবর্তী যুগে শুভমান গিলের নেতৃত্বে ভারতের তরুণ দল প্রমাণ করে দিয়েছে দেশের পতাকা বইতে তাঁরা তৈরি।
সিরিজ অমীমাংসিত ভাবে শেষ হলেও ভারতের দখলে এসেছে বেশ কিছু রেকর্ড। শুভমান গিল, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সওয়ালরা চলিত সিরিজে যেন রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতেছিলেন। তবে, গোটা সিরিজে সব থেকে নজর কেড়েছে শেষ টেস্ট। ওভাল টেস্টে ভারত জিতেছে দলের দুই সেরা তারকাকে ছাড়াই। ছিলেন না দলের দুই প্রধান তারকা জসপ্রীত বুমরাহ ও ঋষভ পন্থ। তাই ভারতের এই জয় স্মরণীয় হয়েই থাকবে।
বুমরাহ ছিলেন না এজবাস্টন টেস্টেও। সেই টেস্টেও ভারত জিতেছিল বিশাল ব্যবধানে। এই সিরিজে ভারতের বড় প্রাপ্তি মহম্মদ সিরাজের (Mohammed Siraj) বোলিং। সিরিজে সব থেকে বেশি বল করার পাশাপাশি সর্বোচ্চ উইকেট সংগ্রাহকও তিনি।
এই সিরিজে ২৩টি উইকেট নিয়েছেন সিরাজ। ইংল্যান্ড সফরে ভারতীয় বোলারদের মধ্যে যা যুগ্মভাবে সর্বোচ্চ। এর আগে ২০২১-২২ ইংল্যান্ড সফরে একই সংখ্যক (২৩) উইকেট নিয়েছিলেন বুমরাহ। পাশাপাশি সিরাজই এবারের সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি। তাঁর পরে ১৯টি উইকেট নিয়ে রয়েছেন জশ টং। বুমরাহ তিনটি টেস্ট খেলে ১৪টি উইকেট নিয়ে রয়েছেন চতুর্থ স্থানে।
ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজের শীর্ষ পাঁচ বোলার
বোলার | ম্যাচ | ওভার | উইকেট | সেরা | গড় | ৫/১০ |
মহম্মদ সিরাজ | ৫ | ১৮৫.৩ | ২৩ | ৬/৭০ | ৩২.৪৩ | ২/০ |
জশ টং | ৩ | ১২৭.০ | ১৯ | ৫/১২৫ | ২৯.০৫ | ১/০ |
বেন স্টোকস | ৪ | ১৪০.০ | ১৭ | ৫/৭২ | ২৫.২৩ | ১/০ |
জসপ্রীত বুমরাহ | ৩ | ১১৯.৪ | ১৪ | ৫/৭৪ | ২৬.০০ | ২/০ |
প্রসিদ্ধ কৃষ্ণ | ৩ | ১০৫.০ | ১৪ | ৪/৬২ | ৩৭.০৭ | ০/০ |
তবে ওভাল টেস্ট সিরাজের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। হ্যারি ব্রুকের ক্যাচ মিস করে তিনি খলনায়ক হয়ে উঠেছিলেন। ১৯ রানে জীবনদান পেয়ে ১১১ রান করেন ব্রুক। ইংল্যান্ড পৌঁছে যায় জয়ের দোরগোড়ায়। কিন্তু সিরাজের বিশ্বাস ছিল তিনি পারবেন। আর সেটা কাজেও করে দেখালেন। পাঁচ উইকেট নিয়ে ইংল্যান্ডকে ধরাশায়ী করলেন নিজামদের শহরের এই ডানহাতি পেসার। যার মধ্যে ম্যাচের শেষ দিন নিলেন মূল্যবান তিনটি উইকেট।
তবে সিরাজের নায়ক হওয়ার পিছনে ছোট্ট হলেও রয়েছে ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) অবদান। সতীর্থর কথায় উজ্জীবীত হয়ে ওভালে পঞ্চম দিনে আগুন ঝড়িয়েছেন ৩১ বছরের এই ফাস্ট বোলার। সিরাজ নিজেই জানিয়েছেন জাদেজার অবদানের কথা। তিনি বলেন, “জাড্ডু ভাই আমাকে বলেছিল, নিজের ওপর আস্থা রাখ আর বাবাকে স্মরণ কর লড়ো।” আত্মবিশ্বাসী সিরাজ সেটাই করলেন, আর ভারত জিতল এক অবিস্মরণীয় ম্যাচ।