টিম ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, পন্থের পায়ের আঙুলে ফ্র্যাকচার হয়েছে এবং তাঁকে ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।

ঋষভ পন্থ
শেষ আপডেট: 24 July 2025 15:29
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড-ভারত চলতি টেস্ট সিরিজের (England vs India Fourth Test) চতুর্থ ম্যাচ বুধবার থেকে শুরু হয়েছে ম্যাঞ্চেস্টারে (Manchester)। তবে এই টেস্টের প্রথম দিন শেষে ভারত যে ভাল অবস্থায় রয়েছে, এটা কখনওই বলা যাবে না। ভারত প্রথম দিন শেষ করেছে ৮৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৬৪ রানে। ক্রিজে আছেন রবীন্দ্র জাদেজা (১৯*) এবং শার্দুল ঠাকুর (১৯*)।
তবে প্রথম দিন টিম ইন্ডিয়াকে বড় ধাক্কা দিয়েছে ভারতের সহ-অধিনায়ক ঋষভ পন্থের চোট (Rishabh Pant’s Injury)। প্রথম দিনেই রিটায়ার হার্ট হয়ে ফিরতে হয়েছে এই উইকেটরক্ষক-ব্যাটারকে। টিম ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, পন্থের পায়ের আঙুলে ফ্র্যাকচার হয়েছে এবং তাঁকে ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। ফলে শুধু এই টেস্ট কেন, গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম ভরসা।
বুধবার ভারতীয় ইনিংসের ৬৮তম ওভারে পন্থ ক্রিস ওকসের বলে রিভার্স সুইপ খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু বলটি ব্যাটে লাগার পর ঋষভের ডান পায়ের আঙুলে লাগে। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় কাতরাতে শুরু করেন তিনি। নিজের পায়ের উপর ভর করে তখন দাঁড়াতেও পারছিলেন না তিনি। এরপর পন্থ সাপোর্ট স্টাফদের সাহাযে গলফ কার্টে চেপে মাঠ ছাড়েন।
প্রথম ভাবা হয়েছিল প্রয়োজনে ব্যথানাশক ওষুধ খেয়ে ঋষভ হয়তো ফের ব্যাট করতে নামবেন। কিন্তু প্রথম দিন শেষ হওয়ার পর জানা যায়, গুরুতর চোট পেয়েছেন তিনি। বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, “স্ক্যান করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পন্থকে। রিপোর্টে ফ্র্যাকচার ধরা পড়েছে এবং পন্থ ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন। মেডিকেল টিম চেষ্টা করছিল ব্যথানাশক ওষুধ খাওয়ার পর তিনি যদি ব্যাট করতে পারেন। পন্থের হাঁটার জন্য এখনও সহায়তার প্রয়োজন হচ্ছে এবং তাঁর ব্যাটিংয়ের কোনও সম্ভাবনা নেই।”
এদিকে, নির্বাচক কমিটি ঋষভ পন্থের বিকল্প হিসাবে পঞ্চম টেস্টের আগে ঈশান কিষানকে দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্টটি ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত দ্য ওভালে অনুষ্ঠিত হবে।
চলতি সিরিজে টিম ইন্ডিয়াকে বারবার ভুগতে হচ্ছে খেলোয়াড়দের চোট সমস্যা নিয়ে। হাঁটুর চোটের কারণে ফাস্ট বোলার অলরাউন্ডার নীতীশকুমার রেড্ডি সিরিজ থেকে ছিটকে পড়েছেন। অর্শদীপ সিং বুড়ো আঙুলের চোটের কারণে চতুর্থ টেস্ট থেকে ছিটকে গিয়েছেন। আকাশ দীপও কুঁচকির সমস্যায় ভুগছেন।