দিনকয়েক আগে সাই সুদর্শনের কাঁধে চোট লাগার খবর সামনে আসে। যদিও চুটিয়ে প্র্যাকটিসের পর সমস্ত গুঞ্জন নস্যাত করেন তরুণ ব্যাটসম্যান। তিনি বাদ পড়লে তার কারণ দলে ভারসাম্য আনা, কোনওভাবেই আহত হওয়া নয়। মত বিশেষজ্ঞদের।

শুভমান-স্টোকস
শেষ আপডেট: 2 July 2025 15:44
দ্য ওয়াল ব্যুরো: বোঝা গেল গুঞ্জন সত্যি ছিল। জসপ্রীত বুমরাহকে ছাড়াই প্রথম একাদশ ঘোষণার যে রব উঠেছিল তাতে সিলমোহর পড়ল। এজবাস্টনে টসে হেরে অধিনায়ক শুভমান গিল জানিয়ে দিলেন দলের এক নম্বর পেসার খেলছেন না। বদলে আকাশ দীপ মাঠে নামবেন।
অন্যদিকে টস জিতে প্রত্যাশিতভাবেই প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বেন স্টোকস। এমনিতেই বাজবলের তত্ত্ব মেনে চতুর্থ ইনিংসে রান তাড়া করতে পছন্দ করে ইংরেজরা। প্রথম টেস্টে ৩৭১ রানের বিশাল টার্গেটও কার্যত সহজেই তুলে নেয়। পাঁচ উইকেট ফেলেছিল ভারত। বল হাতে দ্বিতীয় ইনিংসে ছাপ ফেলতে পারেননি জসপ্রীত বুমরাহ। খালি হাতে ফিরতে হয়।
যদিও ভারতকে ব্যাট করতে পাঠানোর জন্য বাজবল নয়, আবহাওয়াকে সামনে টেনেছেন বেন স্টোকস। বলেছেন, ‘আকাশের অবস্থা বিবেচনা করেই এই সিদ্ধান্ত। গত সপ্তাহে খুব ভাল খেলেছি। আমরা আত্মবিশ্বাসী। সিরিজ যত এগোবে, এই পরিবেশের সঙ্গে আমরা তত ভালভাবে মানিয়ে নিতে পারব!’
অন্যদিকে শুভমানের বক্তব্য, টসে জিতলে তিনিও ফিল্ডিং করতেন। টিম ইন্ডিয়ার অধিনায়কের কথায়, ‘যদি উইকেটে কিছু থেকে থাকে, সেটা প্রথম দিনে। আমরা তিনটে বদল করেছি। নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর ও আকাশ দীপ এসেছে। বুমরাহ নেই। ওয়ার্কলোড ম্যানেজের জন্যই এই সিদ্ধান্ত।’
আজ দিনের শুরুতেই জানা গিয়েছিল, দ্বিতীয় টেস্টে বাদ পড়তে চলেছেন সাই সুদর্শন। তাঁর জায়গায় দলে আসবেন ওয়াশিংটন সুন্দর। যিনি ব্যাটিংয়ের পাশপাশি স্পিন বোলিংয়েও সিদ্ধহস্ত। এমনিতেই লোয়ার অর্ডারের ভরাডুবির মাশুল গুনেছে টিম ইন্ডিয়া। হুড়মুড়িয়ে উইকেট পড়ার জেরে পাঁচটি শতরানেও লিডস টেস্ট জিততে পারেনি ভারত। পাঁচ উইকেটে জয় হাসিল করেন বেন স্টোকসরা।
গৌতম গম্ভীরের মাথাব্যথা বাড়িয়েছে অলরাউন্ডারদের পারফরম্যান্স। না রবীন্দ্র জাদেজা না শার্দূল ঠাকুর—কেউই ব্যাটে-বলে সেভাবে ছাপ ফেলতে পারেননি। এই সমস্যার সমাধানে ওয়াশিংটনে আস্থা রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। ঘটনাচক্রে যিনি কোচ গৌতম গম্ভীরের প্রিয় পাত্রও বটে!
যদিও সুদর্শনের বাদ নিয়ে প্রশ্ন উঠবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। কীভাবে একজন তরুণ ব্যাটসম্যানকে অভিষেক টেস্টের একটিমাত্র সুযোগ কাজে না লাগাতে পারার জেরে বসে যেতে হয়—এই সওয়াল দল সামগ্রিকভাবে পারফর্ম না করলে জোরালোভাবে সামনে আসতে পারে।
পাশপাশি নিশানায় ছিলেন করুণ নায়ারও। অভিষেক টেস্ট না খেললেও জাতীয় দলে দীর্ঘ আট বছর বাদে প্রত্যাবর্তন করেছেন। প্রথম ইনিংসে তিনিও সাই সুদর্শনের মতো খাতা না খুলেই ড্রেসিং রুমে ফিরে যান। যদিও এজিবাস্টনে আরও একটা সুযোগ পেয়েছেন। ছয়ের বদলে সুদর্শনের ছেড়ে যাওয়া তিন নম্বর পজিশনে নামবেন। ওপেনার জুটি অপরিবর্তিত। চারে কেএল রাহুল।
দিনকয়েক আগে সাই সুদর্শনের কাঁধে চোট লাগার খবর সামনে আসে। যদিও চুটিয়ে প্র্যাকটিসের পর সমস্ত গুঞ্জন নস্যাত করেন তরুণ ব্যাটসম্যান। তিনি বাদ পড়লে তার কারণ দলে ভারসাম্য আনা, কোনওভাবেই আহত হওয়া নয়। মত বিশেষজ্ঞদের।
এর পাশপাশি অলরাউন্ডার বিভাগেও নতুন মুখ। শার্দূল ঠাকুর বাইরে। তাঁর স্থানে খেলবেন নীতীশ রেড্ডি। বুমরাহ ওয়ার্কলোডের কারণে স্বেচ্ছায় সরছেন। খেলবেন আকাশ দীপ। কুলদীপ যাদবের শিকে দ্বিতীয় টেস্টেও ছিঁড়বে না। জাদেজাতেই আস্থা রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
ভারতের প্রথম একাদশ: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, করুণ নায়ার, শুভমান গিল, ঋষভ পন্থ, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ