শুক্রবার স্টোকস ৮৯ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করেছেন। তিনি তৃতীয় ইংলিশ অধিনায়ক হিসাবে টেস্টে এক ইনিংসে অর্ধশতক এবং পাঁচ উইকেট শিকার করেছেন।

বেন স্টোকস
শেষ আপডেট: 26 July 2025 13:54
দ্য ওয়াল ব্যুরো: জো রুটের ১৫০ রানের সুবাদে পাঁচ ম্যাচের সিরিজের (England vs India Test Series) চতুর্থ টেস্টের তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের প্রথম ইনিংসের রান সাত উইকেট হারিয়ে ৫৪৪। ভারত প্রথম ইনিংসে করেছিল ৩৫৮ রান। ইতিমধ্যে ১৮৬ রানে এগিয়ে গিয়েছে ইংল্যান্ড। তাদের হাতে এখনও রয়েছে তিন উইকেট। ফলে প্রথম ইনিংসের ব্যবধান যে আরও বাড়বে, তা বলাই যায়।
ম্যাঞ্চেস্টার (Manchester) টেস্টের চতুর্থ দিন অপরাজিত অবস্থায় শুরু করবেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস (৭৭) ও লিয়াম ডসন (২১)। এই টেস্টে বেশ কিছু রেকর্ড গড়েছে ইংল্যান্ড। তাদের শীর্ষ চার ব্যাটার ৭৭ বছর পর এক ইনিংসে ৭০+ রান করেছেন। সেই সঙ্গে অধিনায়ক স্টোকস (Ben Stokes) ৮৯ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করেছেন।
ইংল্যান্ডের প্রথম ইনিংসে জ্যাক ক্রলি ৮৪, বেন ডাকেট ৯৪, অলি পোপ ৭১ ও জো রুট ১৫০ রান করেন। ১৯৪৮ সালের পর এই প্রথম ইংল্যান্ডের শীর্ষ চার ব্যাটার এক টেস্টে ৭০-এর বেশি রান করলেন। এর আগে ১৯৪৮ সালে, লিডসে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত টেস্টে শীর্ষ চার ইংলিশ ব্যাটার ম্যাচের প্রথম ইনিংসে ৭০+ রান করেছিলেন।
১৯৪৮-এর সেই টেস্টে স্যার লিওনার্ড হাটন করেছিলেন ৮১ রান। পাশাপাশি সিরিল ওয়াশব্রুক ১৪৩, বিল এড্রিচ ১১১, এবং স্যার অ্যালেক বেডসার ৭৯ রান করেছিলেন। যদিও ইংল্যান্ড সেই ম্যাচটি হেরে গিয়েছিল সাত উইকেটে।
এদিকে, শুক্রবার স্টোকস ৮৯ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করেছেন। তিনি তৃতীয় ইংলিশ অধিনায়ক হিসাবে টেস্টে এক ইনিংসে অর্ধশতক এবং পাঁচ উইকেট শিকার করেছেন। এর আগে স্ট্যানলি জ্যাকসন ১৯০৫ সালে এবং গ্যাবি অ্যালেন ১৯৩৬ সালে এই কাজটি করেছিলেন। স্টোকস ভারতের প্রথম ইনিংসে মোট পাঁচটি উইকেট নিয়েছিলেন। তাঁর শিকারের তালিকায় রয়েছেন- সাই সুদর্শন, শুভমান গিল, শার্দূল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর এবং অংশুল কাম্বোজ।
ইংল্যান্ডের অধিনায়ক হিসাবে একটি টেস্টে অর্ধশতক এবং ৫+ উইকেট শিকারিরা
অধিনায়ক | প্রদর্শন | বিপক্ষ | বছর |
|---|---|---|---|
স্ট্যানলি জ্যাকসন | ৮২* রান এবং ৫/৫৮ উইকেট | অস্ট্রেলিয়া | ১৯০৫ |
গ্যাবি অ্যালেন | ৬৮ রান এবং ৫/৩৬ উইকেট | অস্ট্রেলিয়া | ১৯৩৬ |
বেন স্টোকস | ৬৬* রান এবং ৫/৭২ উইকেট | ভারত | ২০২৫ |
তবে ভারতের জন্য দিনটি খারাপ গেলেও জসপ্রীত বুমরাহও (Jasprit Bumrah) একটি বিশেষ অর্জনের দৌড়ে রয়েছেন। শুক্রবার তিনি জেমি স্মিথের উইকেট নেন। এর সঙ্গে তিনি ইংল্যান্ডে ৫০টি টেস্ট উইকেট পূর্ণ করেন। ইশান্ত শর্মার পর তিনিই হলেন ইংল্যান্ডের মাটিতে টেস্টে সর্বাধিক উইকেট নেওয়া ভারতীয়। ইশান্তকে ছুঁতে বুমরাহর প্রয়োজন আর মাত্র একটি উইকেট। পাশাপাশি পাকিস্তানের ওয়াসিম আক্রাম (৫৩ উইকেট) এবং ইশান্তের পরে বুমরাহ তৃতীয় এশিয়ান বোলার, যিনি ইংল্যান্ডে ৫০ বা তার বেশি টেস্ট উইকেট নিয়েছেন।
ইংল্যান্ডে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক টেস্ট উইকেট
বোলার | ইনিংস | উইকেট |
|---|---|---|
ইশান্ত শর্মা | ২৪ | ৫১ |
জসপ্রীত বুমরাহ | ২২ | ৫০* |
কপিল দেব | ২২ | ৪৩ |
মহম্মদ সামি | ২৫ | ৪২ |
অনিল কুম্বলে | ১৯ | ৩৬ |