দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট না নিলেও হেডিংলে টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট দখল করেন বুমরাহ। ভারতকে প্রবলভাবে লড়াইয়ে ফিরিয়ে আনেন।

জসপ্রীত বুমরাহ
শেষ আপডেট: 26 June 2025 19:00
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে খেলবেন না জসপ্রীত বুমরাহ। আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও, সূত্রের খবর, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন টিম ইন্ডিয়ার পেসার। ফলে হেডিংলেতে পরাজয়ের পর এজবাস্টনে দলের এক নম্বর বোলারকে ছাড়াই শুভমানদের মাঠে নামতে হবে।
উল্লেখ্য, সিরিজ শুরুর আগেই বিসিসিআই জানিয়ে দেয়, চোট-আঘাতের সম্ভাবনার কথা মাথায় রেখে সদ্য ময়দানে নামা বুমরাহকে সর্বাধিক তিনটি টেস্টে খেলানো হবে। পাঁচটি ম্যাচে তিনি নামতে পারবেন না। একান্ত সাক্ষাৎকারে বুমরাহ নিজেও স্বীকার করে নেন, চিকিৎসকদের পরামর্শে এই কাটছাঁটের সিদ্ধান্ত। যা তিনি স্বেচ্ছায় নিয়েছেন।
দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট না নিলেও হেডিংলে টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট দখল করেন বুমরাহ। ভারতকে প্রবলভাবে লড়াইয়ে ফিরিয়ে আনেন। কিন্তু বাকিদের যোগ্য সাহায্য পাননি। পরিসংখ্যানও তাই বলছে। প্রসিদ্ধ কৃষ্ণ উইকেট নিলেও রান দিয়েছেন বিস্তর। ২০ ওভার হাত ঘুরিয়ে ১২৮ রান। তুলেছেন ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসে দু’উইকেট দিলেও বিলিয়েছেন ৯২ রান। অন্যদিকে মহম্মদ সিরাজ না পেয়েছেন তেমন উইকেট, না আটকেছেন রান। প্রথম ইনিংসে ২৭ ওভারে ১২২ রান খরচ করার ফসল ২ উইকেট। দ্বিতীয় ইনিংসে ১৪ ওভার বল করে ৫১ রান দিয়ে কোনও উইকেট জোটেনি।
এই পরিস্থিতিতে বুমরাহর বিকল্প কে? ভেসে উঠছে দুটো নাম—অর্শদীপ সিং ও আকাশ দীপ। বিশেষজ্ঞদের মতে, পাল্লা ভারী অর্শদীপের দিকে। যিনি আজ পর্যন্ত একটি টেস্টও খেলেননি। অথচ ওয়ান ডে-তে নেমেছেন। খেলেছেন টি-২০-ও। এই ফর্ম্যাটে দেশের সর্বোচ্চ উইকেট শিকারী। ৬৩ ম্যাচে নিয়েছেন ৯৯ উইকেট। বোলার-অলরাউন্ডার শার্দূল ঠাকুর দ্বিতীয় ইনিংসে দু’উইকেট নিলেও সেভাবে বল করেননি। তাঁর জায়গায় দলে আসতে পারেন নীতীশ রেড্ডি। যাতে ব্যাটিং বিভাগও কিছুটা শক্তিশালী হয়।
এদিকে টিমবাসে চড়ে এজবাস্টনের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লিডস টেস্টের প্রথম একাদশে নামা খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। জবাবে এটা সাফ: দ্বিতীয় টেস্টে খুব একটা বদল দেখার সম্ভাবনা নেই বললেই চলে।
যদিও পরিবর্তনের ধুয়ো তুলেছেন অনেক প্রাক্তন ক্রিকেটার ও ক্রিকেট বিশেষজ্ঞ। স্পিনার হিসেবে তাঁদের প্রথম পছন্দ কুলদীপ যাদব। জাদেজার জায়গায় এই রিস্ট স্পিনার নামলে ভয়ংকর হয়ে উঠতে পারেন বলে অনেকের মত। তেইশে ভারত সফরে আসা ইংরেজ ব্যাটারদের নাকানিচোবানি খাওয়ান কুলদীপ। ২০-র গড়ে তুলে নেন ১৯ উইকেট। হ্যারি ব্রুক, জেমি স্মিথরা মিলে ভারতের বোলারদের যেভাবে ঠেঙিয়েছেন, তাতে কার্যকরী অ্যান্টিডোট হতে পারে কুলদীপের ঘূর্ণি। যা ঘাসে ঢাকা কিংবা ফাটল ধরা বাইশ গজ—সবেতেই একই রকম বিপজ্জনক!
বিশেষজ্ঞদের একটা অংশ মনে করছেন, কুলদীপ নামা মানেই উইকেট আসা। রক্ষণাত্মক ধাঁচে শুধু রান আটকান না। আক্রমণাত্মক ঢঙে ব্যাটসম্যানদের সামনে প্রশ্নও ছুড়ে দেন। কিন্তু এতকিছুর পরেও মাঠে নামার সম্ভাবনা খুব একটা উজ্জ্বল নয়। টেস্ট হেরে অধিনায়ক শুভমানের বক্তব্য ছিল, জাদেজা ভাল বল করেছেন, সুযোগ তৈরি করেছেন। একই সুরে সমর্থন জোগান গৌতম গম্ভীরও। যা দেখে এটা স্পষ্ট, কুলদীপ এলেও অন্তত জাদেজার জায়গায় সুযোগ পাবেন না।
তাহলে কি শার্দূলের আসন টলমল? সেক্ষেত্রে ভারতকে তিন পেসার নিয়ে নামতে হবে? এতটা ঝুঁকি কি গম্ভীর নিতে চাইবেন?
আর বিকল্প হিসেবে যদি চার পেসারের ফর্মুলা ধরে রাখতে হয়, তাহলে করুণ নায়ার পড়বেন। তাঁর জায়গা নেবেন নীতীশ কুমার রেড্ডি। যিনি অস্ট্রেলিয়ায় ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকান, বল হাতেও উইকেট তোলেন। এমনিতেই লোয়ার অর্ডারে রান নেই। ১৩ উইকেট পড়েছে মাত্র ৭২ রানে! সিমার-অলরাউন্ডারের খোঁজ চলছে। সেদিক দিয়ে নীতীশ কিন্তু কার্যকরী বিকল্প। আর তাঁর জায়গা পাওয়া মানে দ্বিতীয় সুযোগ কাজে না লাগানোর মাশুল গুনবেন করুণ নায়ার।