আফ্রিদির মন্তব্যে স্পষ্ট, দেশে সিনিয়রদের নিয়ে ধৈর্য ক্রমশ ফুরোচ্ছে। যে কারণে ঘনিয়েছে প্রশ্ন—পাক বাহিনী সত্যিই বড় সিদ্ধান্ত নেবে? নাকি একই মুখ নিয়েই নামিবিয়ার বিরুদ্ধে নামবে?

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 16 February 2026 12:56
দ্য ওয়াল ব্যুরো: কলম্বোয় ভারতের বিরুদ্ধে ৬১ রানের পরাজয়ের পর পাকিস্তান জুড়ে তুষের আগুনের মতো ক্ষোভ ছড়াচ্ছে। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) একতরফা আত্মসমর্পণ। যার জেরে সিনিয়র ক্রিকেটারদের বেঞ্চে বসানোর দাবি তুললেন প্রাক্তন অধিনায়ক শহিদ আফ্রিদি (Shahid Afridi)। তাঁর নিশানায় তিনটি বড় নাম—বাবর আজম (Babar Azam), শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) এবং শাদাব খান (Shadab Khan)। আফ্রিদির সাফ বার্তা, ‘বারবার সুযোগ দিয়েও ফল না পেলে নতুনদের ভরসা করতে হবে।’ নামিবিয়ার বিরুদ্ধে পরের ম্যাচে তিনি তরুণদের খেলানোর ঢেউ তুলেছেন।
‘একই মুখ, একই ব্যর্থতা’
একটি পাকিস্তানি টিভি শো-তে আফ্রিদি বলেন, ‘আমি হলে বাবর, শাহিন, শাদাব—তিনজনকেই বসাতাম। নতুনদের সুযোগ দিতাম। এতদিন ধরে দেখছি, সুযোগ পাচ্ছে। কিন্তু বড় ম্যাচে পারফরম্যান্স কোথায়?’ তাঁর মতে, পাকিস্তান বারবার ‘সিনিয়র কোরে’র উপর ভরসা করছে, অথচ প্রত্যাশিত ফল মিলছে না। বিশেষ করে ভারতের বিরুদ্ধে ধারাবাহিক ব্যর্থতা প্রশ্ন তুলছে দলের মানসিকতা ও পরিকল্পনা নিয়ে।
টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের হেড-টু-হেড রেকর্ড ১-৮। এই পরিসংখ্যানই যেন আফ্রিদির ক্ষোভকে আরও উসকে দিয়েছে।
বাবর-শাহিন-শাদাব কতটা ব্যর্থ?
১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাবর আজম (Babar Azam) করেন মাত্র ৫ রান। অক্ষর প্যাটেলের (Axar Patel) বলে আউট হয়ে ফেরেন। টি-২০-তে তাঁর ব্যাটিং গড় নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
বল হাতে আরও হতাশ করেছেন শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)। মাত্র দুই ওভারে ৩১ রান দেন। দ্বিতীয় ও শেষ ওভারে ১৬ করে রান খরচ। স্পিনে ভরসা রাখলেও দলের প্রধান পেসারই সবচেয়ে ‘খরুচে’ প্রমাণিত হন।
তিন নম্বর নাম, শাদাব খান (Shadab Khan) অলরাউন্ডার হিসেবে কোনও প্রভাব ফেলতে ব্যর্থ। এক ওভারে ১৭ খেয়েছেন, ব্যাট হাতে ১৪ রানে আউট। ম্যাচে কোনও পর্যায়েই নিয়ন্ত্রণ আনতে পারেননি তিনি।
Shahid Afridi suggests dropping Shaheen, Babar, and Shadab, saying their seniority isn't yielding results. He recommends giving opportunities to juniors, especially against Namibia, to see what they can do.#PAKvIND #T20WorldCup pic.twitter.com/kB3iGzoax7
— TEAM AFRIDI (@TEAM_AFRIDI) February 15, 2026
ভারতের দাপট, পাকিস্তানের হতাশা
এই ম্যাচে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে টিম ইন্ডিয়া আবারও আধিপত্য দেখিয়েছে। ঈশান কিষাণের (Ishan Kishan) ৪০ বলে ৭৭ রানের ইনিংস খেলার মোড় ঘুরিয়ে দেয়। পরে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya), বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) ও অক্ষর প্যাটেল—সবাই ধারাবাহিকভাবে উইকেট তুলে পাকিস্তানকে ১১৪ রানে গুটিয়ে দেন। এই ফলাফল শুধু হার নয়, পাকিস্তানের ভেতরে জমতে থাকা অস্থিরতাও প্রকাশ্যে এনে দিয়েছে।
আফ্রিদির মন্তব্যে স্পষ্ট, দেশে সিনিয়রদের নিয়ে ধৈর্য ক্রমশ ফুরোচ্ছে। যে কারণে ঘনিয়েছে প্রশ্ন—পাক বাহিনী সত্যিই বড় সিদ্ধান্ত নেবে? নাকি একই মুখ নিয়েই নামিবিয়ার বিরুদ্ধে নামবে? বিশ্বকাপে টিকে থাকতে হলে যে ঝুঁকি নেওয়া জরুরি—আগামী লড়াইয়ের আগে জোর গলায় বুঝিয়ে দিলেন শহিদ আফ্রিদি।