হেসন যদিও সত্যিটা স্বীকার করে নিয়েছেন। অকপটে বলেছেন, ‘পাকিস্তান-ভারত ম্যাচ মানেই বিপুল আবেগ। আমরা টানা পাঁচটা ম্যাচ জিতে আত্মবিশ্বাসী ছিলাম। কিন্তু আজ আমাদের ছাপিয়ে গেছে ভারত।’

মাইক হেসন
শেষ আপডেট: 16 February 2026 10:41
দ্য ওয়াল ব্যুরো: কলম্বোয় ৬১ রানের হারের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান শিবির। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) ভারতের কাছে একতরফা পরাজয়ের পর ড্রেসিং রুমের পরিস্থিতি কেমন ছিল, তা নিজেই জানালেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন (Mike Hesson)। তাঁর স্বীকারোক্তি, ‘সাজঘরে এখন গভীর হতাশা। সবাই জানে এই ম্যাচটা পাকিস্তানের কাছে কতটা গুরুত্বপূর্ণ।’
রবিবার আর প্রেমাদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) ভারত-পাক (India vs Pakistan) গ্রুপ ‘এ’-র লড়াইয়ে পুরো সময়টাই প্রাধান্য ছিল ভারতের। টসে হেরে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া তোলে ১৭৫/৭। এরপর জবাবে ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
‘আজ আমরা আউটপ্লেড’
হেসন যদিও সত্যিটা স্বীকার করে নিয়েছেন। অকপটে বলেছেন, ‘পাকিস্তান-ভারত ম্যাচ মানেই বিপুল আবেগ। আমরা টানা পাঁচটা ম্যাচ জিতে আত্মবিশ্বাসী ছিলাম। কিন্তু আজ আমাদের ছাপিয়ে গেছে ভারত।’ বস্তুত, গত বছরের এশিয়া কাপেও (Asia Cup) টিম ইন্ডিয়ার কাছে পরপর তিনবার হেরেছিল পাকিস্তান। ফলে কোচ হিসেবে ভারতের বিরুদ্ধে এটি হেসনের টানা চতুর্থ টি-২০ হার। পরাজয়ের ময়নাতদন্তে তাঁর বিস্মিত বক্তব্য, ম্যাচের আগে টিম নাকি আত্মবিশ্বাসী-ই ছিল। কিন্তু মাঠে সেটা ধরে রাখা যায়নি। বিশেষ করে পাওয়ারপ্লে-তেই লড়াই হাতছাড়া হয়ে যায়।
ঈশানের ইনিংসেই মোড় ঘুরল
ভারতের হয়ে ঈশান কিষাণ (Ishan Kishan) ৪০ বলে ৭৭ রান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। প্রথম ওভারেই অভিষেক শর্মা (Abhishek Sharma) আউট হলেও ঈশানের আক্রমণাত্মক ব্যাটিং পাকিস্তানকে চাপে ফেলে দেয়। পরে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ৩২ এবং শিবম দুবে (Shivam Dube) ২৭ রান যোগ করে দলকে শক্ত ভিত দেয়। এই প্রসঙ্গে হেসনের মন্তব্য, ‘শুরুর দিকে বল ঘুরছিল। আমরা ভালো শুরু করেছিলাম। কিন্তু ঈশান যেভাবে খেলল, তাতে ম্যাচটা আমাদের হাত থেকে বেরিয়ে গেল!’
রান তাড়া করতে গিয়ে ভেঙে পড়ে পাকিস্তান
১৭৬ তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) দ্বিতীয় ওভারেই সাইম আয়ুব (Saim Ayub) ও অধিনায়ক সলমন আলি আঘাকে (Salman Ali Agha) ফেরান। স্কোর দাঁড়ায় ১৩/৩। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দল। উসমান খান (Usman Khan) ৪৪ রান করে কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও বাকিরা ব্যর্থ। ১৮ ওভারে ১১৪ রানে অলআউট পাকিস্তান। এই হারের পর বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের রেকর্ড (৮-১) আরও একপেশে হয়ে গেল!
তবে মর্মান্তিক পরাজয়ের পরেও হাল ছাড়ছেন না হেসন। তাঁর কথায়, ‘আমাদের নিজেদের গুছিয়ে নিতে হবে। দুই-তিন দিনের মধ্যে পরের ম্যাচ। আমরা বিশ্বকাপের আগে ভালো ক্রিকেট খেলেছি। এখনও টুর্নামেন্টে ভালো করার আত্মবিশ্বাস রয়েছে!’
এখন নামিবিয়ার (Namibia) বিরুদ্ধে ম্যাচটাই আঘা বাহিনীর জন্য বাঁচা-মরার লড়াই। তাই ড্রেসিং রুমে হতাশা থাকলেও যুদ্ধ এখনও শেষ হয়নি—এই বার্তাই ক্রিকেটারদের কাছে পৌঁছে দিতে চাইছেন কোচ।