কলম্বোতে ভারতের কাছে লজ্জার হার সহ্য করতে না পেরে রাগে টিভি ভেঙে ফেললেন এক পাক সমর্থক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও ঘিরে তুমুল চর্চা।

পাকিস্তানের সমর্থক ভাঙলেন টিভি
শেষ আপডেট: 16 February 2026 09:25
দ্য ওয়াল ব্যুরো: মাঠে ভাঙল ব্যাটিং লাইন-আপ। ঘরে ভাঙল টেলিভিশন। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) ভারতের কাছে ৬১ রানে হারের পর পাকিস্তানে আবেগের বিস্ফোরণ হল এমনভাবেই। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) একতরফা ম্যাচের পর সামাজিক মাধ্যমে ভাইরাল এক ভিডিও—ক্ষুব্ধ এক পাক সমর্থক নিজের টিভি সেট ভেঙে ফেলছেন!
PAKISTAN FANS BROKE TV AFTER HUMILIATING LOSS
The moment Hardik Pandya took the last wicket and put the final nail in the coffin, the Pakistan fans started breaking their TVs 😂
This happened with Pakistan every time 😄 pic.twitter.com/oWgsPArKbb— Pankaj (@Pankaj41627) February 16, 2026
গ্রুপ এ-র ম্যাচে ভারত ১৭৫/৭ তুলেছিল। জবাবে পাকিস্তান অলআউট হয় ১১৪-তে। ফল—৬১ রানের ধাক্কা। টি-২০ আন্তর্জাতিক (T20I) ইতিহাসে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সবচেয়ে বড় ব্যবধানে হার। ম্যাচের কিছুক্ষণের মধ্যেই সেই সমর্থকের ভিডিও ছড়িয়ে পড়ে। তিনি লিখেছেন, ‘ভারত আবার হারাল পাকিস্তানকে। রাগে টিভি ভেঙে ফেললাম।’ আরেক পোস্টে যোগ করেন, ‘সম্পূর্ণ ভেঙে পড়েছি, লজ্জিত, হতবাক—কিছু বলার নেই।’ আত্মবিদ্রূপ মেশানো হতাশা যেন গোটা দেশের আবেগের প্রতিফলন।
মাঠে হতাশা, গ্যালারিতেও দীর্ঘশ্বাস
স্টেডিয়াম ছেড়ে বেরোনো পাক সমর্থকদের মুখেও ছিল একই সুর। এক সমর্থক সংবাদমাধ্যমকে বলেন, ‘এটা এখন নিয়মিত ব্যাপার হয়ে গেছে। আমরা বুমরাহকে সামলাতে পারি না, হার্দিককে সামলাতে পারি না। একই গল্প বারবার।’
তাঁর কথায়, ‘একসময় আমরা প্রাধান্য দিতাম। কিন্তু গত ২০-২৫ বছরে ভারত এগিয়ে।’
পরিসংখ্যানও তাই বলছে। টি-২০ বিশ্বকাপে ভারত এখন পাকিস্তানের বিরুদ্ধে ৮-১ এগিয়ে।
ঈশানের ঝড়, বোলারদের ফাঁস
ভারতের জয়ের ভিত গড়ে দেন ঈশান কিষাণ (Ishan Kishan)। ৪০ বলে ৭৭—ধীর পিচে নিখুঁত ব্যাটিং। শুরুতে অভিষেক শর্মা আউট হলেও ঈশানের আক্রমণাত্মক মানসিকতা ম্যাচের রং বদলে দেয়। জবাবে পাকিস্তানের ইনিংস ভেঙে দেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। দ্রুত তিন উইকেট পড়ে গেলে চাপে পড়ে পাক শিবির। বাবর আজম (Babar Azam) অক্ষর প্যাটেলের (Axar Patel) বলে আউট হতেই স্কোর ৩৪/৪। সেখানেই ম্যাচ প্রায় শেষ।
মাঝের ওভারে কুলদীপ যাদব (Kuldeep Yadav), বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) ও তিলক বর্মা (Tilak Varma) চেপে ধরেন। নিয়মিত উইকেট পড়ে পাকিস্তান ১১৪-তে গুটিয়ে যায়।
আবেগ বনাম বাস্তব
ম্যাচের আগে বয়কট বিতর্ক, উত্তেজনা—সব মিলিয়ে আবহ ছিল তপ্ত। কিন্তু মাঠে পার্থক্য স্পষ্ট। ভারত ছিল পরিকল্পিত, নিয়ন্ত্রিত, আত্মবিশ্বাসী। পাকিস্তান ছিল ছন্নছাড়া।
টিভি ভাঙা সমর্থকের ভিডিও হয়তো একক ঘটনা। কিন্তু তা প্রতীকীও বটে। ক্রিকেটীয় বাস্তবতায় ব্যবধান বাড়ছে। আবেগ এখনও তীব্র। কিন্তু ফলাফল? তা বদলাচ্ছে না। একতরফাই থেকে যাচ্ছে।