ধোনির পরামর্শ থেকে শুরু। অফ-সিজনের ঘামঝরানো পরিশ্রম। এখন আন্তর্জাতিক মঞ্চে সাফল্য। শর্ট বলের ভয় কাটিয়ে দুবে হয়ে উঠছেন ভারতের ‘নীরব নায়ক’!

শিবম দুবে
শেষ আপডেট: 19 February 2026 12:09
দ্য ওয়াল ব্যুরো: একসময় শর্ট বল ছিল দুর্বলতা। এখন সেটা আর ভয়ের জায়গা নয়। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) মঞ্চে নিজের ব্যাটে টেকনিকের সেই রদবদলের প্রমাণ দিচ্ছেন শিবম দুবে (Shivam Dube)। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৩১ বলে ৬৬ রানের ইনিংস খেলার পর যিনি জানালেন—রূপান্তরের নেপথ্যে বড় ভূমিকা রয়েছে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni), তাঁর গুরুত্বপূর্ণ উপদেশের।
ভারতের (India) চার ম্যাচে চার জয়ের অভিযানে ‘অলরাউন্ডার’ দুবে এখন অন্যতম ভরসা। ব্যাট হাতে আগ্রাসী, বল হাতেও কার্যকর। প্রশ্ন উঠছে—সুপার এইটে (Super 8) কি প্রথম একাদশে তাঁর জায়গা একেবারে পাকা?
'ছক্কা মারতেই হবে’—এই ভাবনা বদলালেন ধোনি
কেরিয়ারের শুরুর দিকে শর্ট বলে সমস্যায় পড়তেন দুবে। আইপিএলে (IPL) সেই দুর্বলতা সামনে আসে। তখনই চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ড্রেসিংরুমে ধোনির পরামর্শ বদলে দেয় তাঁর ভাবনা। দুবের কথায়, ‘মাহি ভাই বলেছিল, ওই বলে ছক্কা মারতেই হবে এমন নয়। চার মারতে পারো, সিঙ্গল নিতে পারো। সেটাই মাথায় রাখতাম।’
এই মানসিক পরিবর্তনই আসল। শর্ট বল এড়ানো নয়, নিয়ন্ত্রণে আনা। অফ-সিজনে কঠোর অনুশীলন করেছেন। এখন পেসারদের বাউন্সার পড়তে পারেন, স্লোয়ার চিনতে পারেন। নেদারল্যান্ডসের লোগান ভ্যান বিক-কে (Logan van Beek) তিনটি ছক্কা মারার দৃশ্য সেই উন্নতির নিখাদ প্রমাণ।
চাপ সামলে ম্যাচ ঘোরানোর ক্ষমতা
নেদারল্যান্ডস ম্যাচে শুরুটা ছিল মন্থর। প্রথম ১১ বলে মাত্র ৬ রান। কিন্তু আতঙ্কিত হননি। বরং, জানতেন—দু’টি বড় শটেই হিসেব পাল্টে যাবে। শেষ পর্যন্ত ৩১ বলে ৬৬ রানে আউট হন শিবম। ইনিংস সাজানো ছ’টি ছক্কায়। সঙ্গে দু’টি উইকেটও। ম্যাচের সেরা (Player of the Match) হয়েছেন। এই টুর্নামেন্টে নামিবিয়া ও পাকিস্তানের বিরুদ্ধেও গুরুত্বপূর্ণ ক্যামিও খেলেছিলেন।
এতকিছুর পর দুবের আত্মবিশ্বাস চোখে পড়ার মতো। বলছেন, ‘১০ বলে ২ রান হলেও জানি, পরের ৫ বলে দু’টি ছয় হাঁকালে সব পুষিয়ে যাবে।’এই মানসিক দৃঢ়তাই তাঁকে আলাদা করছে। শুধু স্পিন নয়, পেসের বিরুদ্ধেও দুবে এখন সমান কার্যকর।
প্রথম একাদশে নতুন সমীকরণ?
ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) শেষ ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে দুবেকে দিয়ে ওভার করিয়েছেন, জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) দিয়ে নয়। এতে স্পষ্ট, দলে তাঁর অলরাউন্ডার হিসেবে গুরুত্ব বাড়ছে। ফলে প্রশ্ন উঠছে—অভিষেক শর্মার (Abhishek Sharma) মতো তরুণ প্রতিভা থাকলেও কি দুবে আপাতত ম্যানেজমেন্টের প্রথম পছন্দ? বর্তমান ফর্ম বলছে, তাঁকে বাদ দেওয়া কঠিনই শুধু নয়, প্রথম একাদশে যাঁর নাম সবার আগে লেখা উচিত, তিনি শিবম দুবে!
ধোনির পরামর্শ থেকে শুরু। অফ-সিজনের ঘামঝরানো পরিশ্রম। এখন আন্তর্জাতিক মঞ্চে সাফল্য। শর্ট বলের ভয় কাটিয়ে দুবে হয়ে উঠছেন ভারতের ‘নীরব নায়ক’!