প্রোটিয়া শিবিরে বল হাতে ধার রয়েছে। ব্যাটিংয়ে আক্রমণাত্মক টেমপ্লেটও তৈরি। তবে ফিল্ডিংয়ে মেরামতি দরকার। ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে সুযোগ নষ্টের বড় মাশুল গুনতে হতে পারে।

ছবি: গুগল
শেষ আপডেট: 18 February 2026 15:58
দ্য ওয়াল ব্যুরো: গ্রুপ পর্বে টানা চার জয়। সুপার এইটে ওঠা আগেই নিশ্চিত। আজ নিয়মরক্ষার ম্যাচেও উড়ে গেল সংযুক্ত আরব আমিরশাহি (UAE)। এবার নজর ভারতের দিকে। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) ছয় উইকেটে সহজ জয় হাতে আসার পর আত্মবিশ্বাসে টগবগ করছে দক্ষিণ আফ্রিকা (South Africa)। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ১২৩ রান তুলতে সময় লাগল মাত্র ১৩.২ ওভার। লক্ষ্য ছিল মোটে ১২২ রান। ভারতের (India) বিরুদ্ধে আমদাবাদে বড় ম্যাচের আগে এই জয় প্রোটিয়াদের পালে আরও হাওয়া জোগাবে।
বশের আগুনে স্পেল!
টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। আমিরশাহির শুরুটা মন্দ ছিল না। মহম্মদ ওয়াসিম (Muhammad Waseem) ও আর্যংশ শর্মা (Aryansh Sharma) প্রথম তিন ওভারে ৩০ রান তুলে চাপ তৈরি করেন। কিন্তু তারপর হঠাৎ ছন্দপতন। নেপথ্যে করবিন বশ (Corbin Bosch)। চার ওভারে ৩/১২ নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। শোয়েব খান (Sohaib Khan) ও আর্যংশ দ্রুত ফিরতেই একা লড়াই চালান আলিশান শরাফু (Alishan Sharafu)। তিনি নিজে ৪৫ করলেও বড় পার্টনারশিপ না হওয়ায় ইনিংস গতি পায়নি। ২০ ওভারে ১২২ রানে থমকে যায় আমিরশাহি।
আজ আর সবকিছু প্রায় নিখুঁত হলেও ফিল্ডিং নিয়ে অসন্তুষ্ট অধিনায়ক এডেন মার্করাম (Aiden Markram)। চারখানা ক্যাচ ফস্কেছে। যে কারণে ম্যাচ শেষে তিনি বলেন, ‘ফিল্ডিংয়ে আমরা নিজেদেরই হতাশ করেছি। মনোযোগের ঘাটতি ছিল। সুপার এইটে এমন ভুল চলবে না।’
মার্করামের ঝড়, দ্রুত কাজ সেরে ফেলল প্রোটিয়ারা
রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক দক্ষিণ আফ্রিকা। মার্করাম (Aiden Markram) নিজে সামনে থেকে নেতৃত্ব দেন। জুনায়েদ সিদ্দিকির (Junaid Siddique) বিরুদ্ধে বাউন্ডারি, হায়দার আলির (Haider Ali) এক ওভারে তিন চার ও এক ছক্কা—ম্যাচ তখন কার্যত একপেশে। মার্করাম আউট হলেও ভিত গড়ে দেন। কুইন্টন ডি কক (Quinton de Kock) ধীরগতিতে ১৪ করে আউট হন। কিন্তু ৩০ বলে ৪৯ রানের জুটি গড়ে কাজ সহজ করে দেন রিকেলটন (Ryan Rickelton) ও ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis)। শেষে ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) ও জেসন স্মিথের (Jason Smith) পার্টনারশিপে ১৩.২ ওভারেই ম্যাচ খতম!
সামনে ভারত, বড় পরীক্ষা
চার ম্যাচে চার জয় এলেও দক্ষিণ আফ্রিকার সামনে আসল পরীক্ষা শুরু হচ্ছে সুপার এইটে ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। এখনও পর্যন্ত মার্করামের ৮৬ দলীয় সর্বোচ্চ স্কোর। রিকেলটনের ৫৯ দ্বিতীয়। বড় ম্যাচে একজন ব্যাটারের বড় ইনিংস দরকার—মানছেন বিশ্লেষকদের বড় অংশ।
প্রোটিয়া শিবিরে বল হাতে ধার রয়েছে। ব্যাটিংয়ে আক্রমণাত্মক টেমপ্লেটও তৈরি। তবে ফিল্ডিংয়ে মেরামতি দরকার। ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে সুযোগ নষ্টের বড় মাশুল গুনতে হতে পারে।