তরুণী বলেন, ‘আমি যখন সব প্রশ্ন করছিলাম, তখন আমাকে চুপ করাতে মারধর করেছিল। মানসিকভাবে ভেঙে পড়ি।’

যশ দয়াল
শেষ আপডেট: 8 July 2025 10:48
দ্য ওয়াল ব্যুরো: প্রথমে প্রেম। তার পরে বিয়ের প্রতিশ্রুতি। শেষমেশ প্রতারণা আর অপমান। ক্রিকেটার যশ দয়াল, যিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নিয়মিত সদস্য, তাঁর বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ এনেছেন গাজিয়াবাদের এক তরুণী। তাঁর বক্তব্য অনুযায়ী, যশের সঙ্গে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক। কথায় কথায় বিয়ের আশ্বাস। প্রেমিকা থেকে হয়ে উঠেছিলেন পরিবারের চেনা মুখ। তরুণীর কথায়, ‘ওর বাড়ির লোক আমায় বউমা বলে ডাকত।’
কিন্তু যত দিন গড়ায়, যশের আসল চেহারা বেরিয়ে আসে। তরুণী অভিযোগ, বিয়ের নাম করে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন দয়াল। এরপর যখন অন্য মেয়েদের বিষয়ে জানতে পারেন, তখন শুরু হয় এড়িয়ে যাওয়া, মানসিক অত্যাচার। এমনকি গায়ে হাত তোলার অভিযোগও তুলেছেন তিনি।
তরুণী বলেন, ‘আমি যখন সব প্রশ্ন করছিলাম, তখন আমাকে চুপ করাতে মারধর করেছিল। মানসিকভাবে ভেঙে পড়ি।’ যদিও বেশি দেরি না করে তিনি প্রথমে ফোন করেন ১৮১ মহিলা হেল্পলাইনে। অভিযোগ দায়ের হয় স্থানীয় থানায়। কিন্তু কারও তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। উপায়ান্তর নে দেখে শেষমেশ মুখ্যমন্ত্রীর জন-অভিযোগ পোর্টালে নিজের বক্তব্য নথিভুক্ত করেন। সেখান থেকে নির্দেশ যায় পুলিশের কাছে। তারপরই নড়েচড়ে বসে প্রশাসন।
রবিবার গভীর রাতে গাজিয়াবাদের ইন্দিরাপুরম থানায় এফআইআর দায়ের হয় যশ দয়ালের নামে। ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ ধারায় মামলা রুজু হয়েছে। হাতে থাকা বেশ কিছু তথ্যপ্রমাণ—কল রেকর্ডিং, হোয়াটসঅ্যাপ চ্যাট, ছবি—সবকিছু ওই তরুণী ইতিমধ্যে জমা দিয়েছেন পুলিশের হাতে। যার ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। পুলিশ সূত্রে খবর, কিছু তথ্য মিলেও গিয়েছে। যদিও তার ভিত্তিতে দয়ালকে এখনও গ্রেফতার করা হননি। তদন্তের আগামী অগ্রগতির উপরেই নির্ভর করছে পরবর্তী পুলিশি পদক্ষেপ।
গোটা ঘটনা প্রসঙ্গে তরুণীর দাবি, ‘আমি প্রতিশোধ নিতে ইচ্ছুক নই। তবে সত্যিটা সামনে আসুক। আমি লড়ছি নিজের সম্মানের জন্য। চাই, অন্য মেয়েদের যেন এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে না হয়!’
প্রসঙ্গত, বছর ছাব্বিশের যশ দয়াল এলাহাবাদের ছেলে। ২০২২ সালে আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে নজর কাড়েন। এক ম্যাচে ৫ উইকেট নিয়ে রাতারাতি চর্চায় উঠে আসেন। পরের বছর খেলেন কলকাতা নাইট রাইডার্সে।