ফাইনালের আগে পাকিস্তান শিবিরের মন্ত্র একটাই—অতিরিক্ত নাটক নয়, মাঠের ক্রিকেটেই চাপ তৈরি করো। ভারতের কাছে হারের ধারা ভাঙতে চাইলে সেটাই একমাত্র পথ।

মাইক হেসন
শেষ আপডেট: 26 September 2025 13:10
দ্য ওয়াল ব্যুরো: দুবাইয়ে রোববার ভারত–পাকিস্তান (India vs Pakistan) এশিয়া কাপের (Asia Cup 2025) ফাইনাল। মঞ্চ তৈরি। কিন্তু চারপাশে ধিকিধিকি জ্বলছে বিতর্কের আঁচ। আগের দুই ম্যাচে হাত মেলাননি দুই দলের ক্রিকেটাররা। মাঠে উঠে এসেছে নানা বিতর্কিত ইশারা।
ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) রাজনৈতিক মন্তব্য করে সমালোচনায়, আর পাক তারকা হারিস রউফ–সাহিবজাদা ফারহান (Haris Rauf–Sahibzada Farhan) উসকানিমূলক ভঙ্গিতে জড়িয়েছেন বিতর্কে। এই আবহেই পাকিস্তান শিবিরে কড়া নির্দেশ দিলেন কোচ মাইক হেসন (Mike Hesson)। ‘আমার বার্তা একটাই—শুধু ক্রিকেটে মন দাও!’ বলেছেন হেসন, ‘এমন ম্যাচে আবেগ, ইঙ্গিত থাকবেই। কিন্তু শেষ পর্যন্ত খেলার ফলই আসল!’
পাকিস্তানের (Pakistan) জার্নিটা সহজ ছিল না। গ্রুপ পর্বে ভারত সহজেই হারিয়েছে, ৭ উইকেটে। সুপার ফোরে প্রতিরোধ গড়ে তুললেও শেষ পর্যন্ত অভিষেক শর্মার (Abhishek Sharma) দুরন্ত পারফরম্যান্সে আশাভঙ্গ। তবু বাংলাদেশের বিরুদ্ধে ১১ রানে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন আফ্রিদিরা।
হেসনের দাবি, আগের ম্যাচ থেকেই দল উন্নতি করেছে। তাঁর কথায়, ‘প্রথম ম্যাচে আমরা নিষ্ক্রিয় ছিলাম। ভারত পুরোটা নিয়ন্ত্রণ করেছে। কিন্তু দ্বিতীয় ম্যাচে ওদের যথেষ্ট চাপ দিই। অনেকটা সময় খেলার নিয়ন্ত্রণ ছিল আমাদেরই হাতে। শুধু অভিষেকের ইনিংসটাই ম্যাচ কেড়ে নিল!’
সংখ্যাই বুঝিয়ে দিচ্ছে ভারতের দাপট। এশিয়া কাপে দুই ম্যাচে দুই জয়। ২০২২-এর পর থেকে টানা সাতবার ভারত জিতেছে পাকিস্তানের বিরুদ্ধে—তিনটে ওয়ানডে, চারটে টি-২০। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা যে ‘পাকা দল’, সেটা মেনে নিয়েই পাক কোচের সাফ কথা, ‘আমাদের কাজ ওদের দীর্ঘ সময় ধরে চাপের মধ্যে রাখা। ওখানেই আসল চ্যালেঞ্জ!’
ফাইনাল শুধু ট্রফির লড়াই নয়, মর্যাদারও। পাকিস্তান আগেও অনেকবার ভারতকে চমকে দিয়েছে। তবে এবার ফাইনালের রং আলাদা। হেসনের চোখে, সুযোগটা প্রাপ্য। শুধু তা কাজে লাগানো প্রয়োজন! তাঁর স্পষ্ট ঘোষণা, ‘আমরা এত দিন ধরে ট্রফি জেতার জায়গায় আসতে চেয়েছি। এবার সুযোগ এসেছে। সেটাই সর্বস্ব দিয়ে করে দেখাতে হবে!’
সব মিলিয়ে, ফাইনালের আগে পাকিস্তান শিবিরের মন্ত্র একটাই—অতিরিক্ত নাটক নয়, মাঠের ক্রিকেটেই চাপ তৈরি করো। ভারতের কাছে হারের ধারা ভাঙতে চাইলে সেটাই একমাত্র পথ।