আখতার চান, পাকিস্তান অভিষেক শর্মার উপর মনোযোগ দিক। প্রাক্তন এই ক্রিকেটারের বিশ্বাস, অভিষেক যদি তাড়াতাড়ি আউট হন, তাহলে পাকিস্তান ফাইনালে আধিপত্য বিস্তার করতে পারবে।
.png.webp)
শোয়েব আখতার
শেষ আপডেট: 26 September 2025 12:16
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত (India vs Pakistan Final)। চলতি এশিয়া কাপে (Asia Cup) ভারতের কাছে পাকিস্তান দুইবার হারলেও প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার (Shoaib Akhtar) মনে করছেন, এবার পরিস্থিতির পরিবর্তন হতে পারে।
এশিয়া কাপের ফাইনালে প্রথমবারের মতো মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। কোনও সন্দেহ নেই যে, ভারত খেতাবের লড়াইয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসাবেই নামবে। তবে কিংবদন্তি পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার জানিয়েছেন, এবার পাকিস্তান জিততে পারে, তবে কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেই বিষয়গুলি কী হবে তাও জানিয়েছেন তিনি।
সুপার ফোর পর্বের ম্যাচে বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান ফাইনালে উঠলেও তাদের ব্যাটিং পারফরম্যান্স মোটেও ভাল ছিল না। দলটি তাদের বোলিংয়ের জোরে ফাইনালে উঠতে সক্ষম হয়েছে। আখতার ভারতীয় দলের আধিপত্য সম্পর্কে পুরোপুরি অবগত, তাই তিনি পাকিস্তানি খেলোয়াড়দের তাঁদের মানসিকতা পরিবর্তন করে ভারতের আধিপত্য শেষ করার আহ্বান জানিয়েছেন।
আখতার খেলোয়াড়দের তাঁদের মানসিকতা পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেছেন, "ভারতকে হারাতে হলে পাকিস্তানকে বর্তমান মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। মাথা থেকে সরিয়ে দিতে হবে যে, চলতি টুর্নামেন্টে ভারত তাদের দুবার হারিয়েছে। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান অল্প রান করলেও, যে মানসিকতা নিয়ে খেলেছে, সেটা ফাইনালেও বজায় রাখতে হবে। পাক বোলারদের ২০ ওভার বল করার দরকার নেই, কেবল উইকেট নিতে হবে।"
আখতার চান, পাকিস্তান অভিষেক শর্মার উপর মনোযোগ দিক। প্রাক্তন এই ক্রিকেটারের বিশ্বাস, অভিষেক যদি তাড়াতাড়ি আউট হন, তাহলে পাকিস্তান ফাইনালে আধিপত্য বিস্তার করতে পারবে। তিনি বলেন, "আমার কথা মনে রাখবেন, অভিষেক শর্মা যদি প্রথম দুই ওভারেই আউট হন, তাহলে ভারত সমস্যায় পড়বে। পাকিস্তানের বোলারদের অভিষেকের দুর্বলতা খুঁজে বের করে সঠিক জায়গায় বল করতে হবে। এমন নয় যে, অভিষেক ভুল করবে না। সে করবে, তোমাকে শুধু তোমার সেরাটা চেষ্টা করতে হবে।"
সেই সঙ্গে আখতার বলেন, "আমি গৌতম গম্ভীরকে চিনি। সে তার দলকে বলে, 'পাকিস্তানের বিরুদ্ধে তোমাদের সেরাটা খেলতে হবে।' যতই ভারত বলুক, পাকিস্তান তাদের সবচেয়ে খারাপ ক্রিকেট খেলবে, তারা সবচেয়ে খারাপ দল নির্বাচন করবে। কিন্তু আমার বিশ্বাস, একবার ফাইনালে পৌঁছলে, তারা তাদের সেরা ক্রিকেট খেলবে এবং জিতবে। আমাদের সঙ্গে অনেকবার এমনটা ঘটেছে।"