ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সবচেয়ে বেশি রান করা ভারতীয় ব্যাটার হলেন শচীন তেন্ডুলকর। ৩২ টেস্টের ৫৩ ইনিংসে সাতটি সেঞ্চুরি এবং ১৩টি হাফ-সেঞ্চুরির সাহায্যে ২৫৩৫ রান করেছেন মাস্টার ব্লাস্টার। তাঁর গড় ছিল ৫১.৭৩।

শচীন তেন্ডুলকর
শেষ আপডেট: 18 June 2025 11:57
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডে ভারত শেষবার টেস্ট সিরিজ জিতেছিল ২০০৭ সালে। এরপর ভারত মহাসাগর দিয়ে অনেক জল গড়ালেও পতৌদি সিরিজ জিততে পারেনি টিম ইন্ডিয়া। এবার আবার ইংল্যান্ড সফর। ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ২০ জুন থেকে শুরু হবে লিডসে। শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় দল ১৮ বছরের খরার অবসান ঘটাতে পারে কি না, সেই দিকেই তাকিয়ে ভারতের ক্রিকেটপ্রেমী জনতা।
আসন্ন সিরিজে ব্যাটারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ ইংল্যান্ডের কন্ডিশন সুইংয়ের জন্য অনুকূল। এমন পরিস্থিতিতে ব্যাটারদের ক্রিজে সময় কাটানো চ্যালেঞ্জিং হবে। এর আগে ভারতীয় ব্যাটাররা বারবার ব্যর্থ হয়েছেন ইংল্যান্ডের বাইশ গজে। তবে দেশের মাটিতে কিন্তু ভারতীয় ব্যাটাররা বেশির ভাগ সময়ই সফল হয়েছেন।
দেখে নেওয়া যাক ইংল্যান্ডের বিরুদ্ধে সফল ভারতীয় ব্যাটারদের তালিকা (Top 5 Indian Batter vs England in Test)-
শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সবচেয়ে বেশি রান করা ভারতীয় ব্যাটার হলেন শচীন তেন্ডুলকর। ৩২ টেস্টের ৫৩ ইনিংসে সাতটি সেঞ্চুরি এবং ১৩টি হাফ-সেঞ্চুরির সাহায্যে ২৫৩৫ রান করেছেন মাস্টার ব্লাস্টার। তাঁর গড় ছিল ৫১.৭৩। ইংল্যান্ডের বিরুদ্ধে শচীনের সেরা স্কোর ১৯৩।
সুনীল গাভাসকর (Sunil Gavaskar)
লিটল মাস্টার সুনীল গাভাসকর ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৮টি টেস্ট খেলে ৩৮.২০ গড়ে ২৫৮৩ রান করেন। এই সময়কালে ভারতের এই প্রবাদপ্রতিম ওপেনার ৬৭ ইনিংসে ১৬টি অর্ধশতক এবং চারটি সেঞ্চুরি করেন। সানির সেরা স্কোর ছিল ২২১ রান।
বিরাট কোহলি (Virat Kohli)
ইংল্যান্ডের বিরুদ্ধে ২৮টি টেস্টের ৫০ ইনিংসে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ১৯৯১ রান করেছেন। এই সময়কালে কোহলি পাঁচটি সেঞ্চুরি এবং নয়টি অর্ধশতক করেছেন। তাঁর গড় ছিল ৪২.৩৬। কোহলির সেরা স্কোর ২৩৫ রান।
রাহুল দ্রাবিড় (Rahul Dravid)
ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল রাহুল দ্রাবিড় ইংল্যান্ডের বিরুদ্ধে ২১ ম্যাচে সাতটি সেঞ্চুরি এবং আটটি হাফ সেঞ্চুরির সাহায্যে ১৯৫০ রান করেছিলেন। তার গড় ছিল ৬০.৯৩। ইংল্যান্ডের বিরুদ্ধে রাহুল দ্রাবিড়ের সেরা স্কোর ২১৭ রান।
গুন্ডাপ্পা বিশ্বনাথ (Gundappa Viswanath)
ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০ টেস্টের ৫৪ ইনিংসে গুন্ডাপ্পা বিশ্বনাথ ১৮৮০ রান করেন। তাঁর গড় ছিল ৩৭.৬০। এই সময়কালে বিশ্বনাথ চারটি সেঞ্চুরি এবং ১২টি অর্ধশতক করেন। তাঁর সেরা স্কোর ২২২ রান।