বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৯ উইকেট নিয়েছিলেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। কিন্তু সর্বশেষ প্রকাশিত বোলারদের আইসিসি র্যাঙ্কিংয়ে তাঁর স্থান পরিবর্তন হল না। তালিকার দুই নম্বরেই থেকে গিয়েছেন তিনি। শীর্ষে যথারীতি ভারতের জসপ্রীত বুমরাহ।

রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরাহ
শেষ আপডেট: 18 June 2025 18:48
দ্য ওয়াল ব্যুরো: লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৯ উইকেট নিয়েছিলেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। কিন্তু সর্বশেষ প্রকাশিত বোলারদের আইসিসি র্যাঙ্কিংয়ে (ICC Bowler Ranking) তাঁর স্থান পরিবর্তন হল না। তালিকার দুই নম্বরেই থেকে গিয়েছেন তিনি। শীর্ষে যথারীতি ভারতের জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।
বোলারদের র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড (৫) ও নাথান লায়ন (৬) এক ধাপ করে পিছিয়ে গিয়েছেন। যার ফলে শির্ষ পাঁচে উঠে এসেছেন পাকিস্তানের স্পিনার নোমান আলি। তাঁর র্যাঙ্কিং এখন চার।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। দুইয়ে আছেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেকদিন দূরে থাকলেও ৫ নম্বরে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তিন ও চারে আছেন যথাক্রমে মার্কো ইয়ানসেন ও প্যাট কামিন্স।
এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুরন্ত সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকার দীর্ঘ অপেক্ষা ও ‘কলঙ্ক’ ঘুচিয়েছেন এইডেন মার্করাম (Aiden Markram)। তাঁর ১৩৬ রানের অসাধারণ ইনিংসেই দক্ষিণ আফ্রিকার ট্রফি জিততে না পারার ২৭ বছরের অপেক্ষা ফুরিয়েছে। সেই সঙ্গে প্রোটিয়ারা ‘চোকার্স’ অপবাদটাও ঝেড়ে ফেলেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা সেই ইনিংসটির জন্য লর্ডসে সেদিন ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন মার্করাম। এই ইনিংসের সূত্রে আইসিসির ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তিনি। সাত ধাপ এগিয়ে ১১ নম্বরে এখন প্রোটিয়া ওপেনার।
৩০ বছর বয়সি এই ব্যাটারের বর্তমান রেটিং ৭২৩। ২ পয়েন্টের জন্য শীর্ষ দশে জায়গা পাওয়া হয়নি তাঁর। কেননা দুই ধাপ এগিয়ে শীর্ষ দশে জায়গা পাওয়া কিউয়ি ক্রিকেটার ড্যারিল মিচেলের রেটিং ৭২৫। তাঁর দশে জায়গা পাওয়ার পেছনে অবদান রয়েছে চ্যাম্পিয়নশিপের ফাইনালেই বাজে খেলা ট্রাভিস হেডের। দুই ইনিংসে মাত্র ২০ রান করায় চার ধাপ পিছিয়ে ১২ নম্বরে আছেন এই অজি ব্যাটার।
হেডের অবনতি হওয়ায় এক ধাপ করে উন্নতি হয়েছে পাকিস্তানের সৌদ শাকিল (৯) ও ভারতের ঋষভ পন্তের (৮)। শীর্ষ সাতে অবশ্য কোনও পরিবর্তন হয়নি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৩৬ ও ৬৬ রানের ইনিংস খেলা প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা আগের মতো ছয়েই আছেন। আর যথারীতি ৮৮৮ রেটিং পয়েন্টে শীর্ষে ইংল্যান্ডের জো রুট।