ইংরেজ অধিনায়কের যুক্তি, যেহেতু ভারত ঘরের মাঠে খেলে সেখানকার আবহাওয়ার সঙ্গে অভ্যস্ত, তাই আচমকা বদলে যাওয়া এজবাস্টন তাদের কাছে ঘরোয়া ময়দানের তুল্য হয়ে ওঠে।

বেন স্টোকস
শেষ আপডেট: 7 July 2025 15:20
দ্য ওয়াল ব্যুরো: ব্যাটিং নয়, বোলিং নয়, ফিল্ডিংও নয়। এজবাস্টনে পরাজয় নিয়ে উইকেটের দিকে আঙুল তুললেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। লিডসে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত কামব্যাক করে যেভাবে ভারতকে উড়িয়ে দেয় ইংরেজ বাহিনী, সেই আগ্রাসন দ্বিতীয় টেস্টে দেখা যায়নি। বিশেষ করে দ্বিতীয়বার বল করতে নেমে কুঁকড়ে যায় ইংল্যান্ডের বোলিং অ্যাটাক।
যদিও ম্যাচ হেরে সঞ্চালকের প্রশ্নের জবাবে স্টোকস সরাসরি নিশানা করলেন বাইশ গজকে। তাঁর দাবি, পিচ পাটা। খেলা যত এগিয়েছে, উইকেট তত বোলারদের বদলে ব্যাটারদের সাহায্য করেছে। সিম, সুইং কিছুই মেলেনি। এককথায়, উপমহাদেশের পিচের আকার ধারণ করে এজবাস্টনের বাইশ গজ।
স্টোকসের কথায়, ‘সত্যি বলতে, সময় যত গড়িয়েছে, মনে হচ্ছিল উপমহাদেশে খেলছি। গোড়ায় যদি বা কিছু ছিল, আমরা তাকে কাজেও লাগাই। কিন্তু এরপর যত সময় গড়ায়, আমাদের পক্ষে লড়াই করা কঠিন হয়ে ওঠে।’
তাহলে একই পিচের ফায়দা শুভমানরা কী করে নিলেন? ইংরেজ অধিনায়কের যুক্তি, যেহেতু ভারত ঘরের মাঠে খেলে সেখানকার আবহাওয়ার সঙ্গে অভ্যস্ত, তাই আচমকা বদলে যাওয়া এজবাস্টন তাদের কাছে ঘরোয়া ময়দানের তুল্য হয়ে ওঠে। যাকে কাজে লাগাতে ভুল করেনি টিম ইন্ডিয়া। যদিও একটা পরাজয়ে মুষড়ে পড়ছেন না স্টোকস। বলেছেন, ‘কষ্ট পাওয়ার কিছু নেই। আমরা পরাজয় মেনে নিতে জানি!’
পাশাপাশি পরাজয়ের কারণ হিসেবে নিজেদের দুটো ভুলকেও কারণ হিসেবে দাঁড় করিয়েছেন স্টোকস। বলেছেন, ‘দুটো মুহূর্ত। এক নম্বর, যখন ভারতের ২০০ রানে ৫ উইকেট পড়ে যায় তখন দ্রুত অল আউট করতে না পারা। আর দ্বিতীয়ত, ব্যাট করতে নেমে ৮০ রানে ৫ উইকেট হারানো। এরপর ঘুরে দাঁড়ানো খুব কষ্টকর ছিল। যদি আমরা ওদের তাড়াতাড়ি অল আউট করতে পারতাম, তাহলে ছবিটা অন্যরকম হতেই পারত।’