Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বার্বাডোজের তেজ, কাউন্টি ক্রিকেটের শৃঙ্খলা! দুইয়ের মিশেলে ‘অপ্রতিরোধ্য’ জেকব বেথেল

এখনও পর্যন্ত যে পথ তিনি হেঁটেছেন, তাতে অমিত সম্ভাবনা স্পষ্ট। বার্বাডোজের ছোট্ট উঠোনে দড়িতে বাঁধা বল মারতে মারতে শুরু হয়েছিল যে গল্প, তা এখন পৌঁছে গিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে।

বার্বাডোজের তেজ, কাউন্টি ক্রিকেটের শৃঙ্খলা! দুইয়ের মিশেলে ‘অপ্রতিরোধ্য’ জেকব বেথেল

জেকব বেথেল

রূপক মিশ্র

শেষ আপডেট: 6 March 2026 12:48

দ্য ওয়াল ব্যুরো: ওয়াংখেড়ে স্টেডিয়াম (Wankhede Stadium) সাধারণত অতিথি দলের জন্য কঠিন ঠাঁই। বিশেষ করে যখন প্রতিপক্ষ ভারত (India) এবং চারপাশে গর্জে উঠছে হাজার হাজার দর্শক। কিন্তু গতরাতে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) সেমিফাইনালের সেই তর্জন-স্লোগান-উল্লাস হঠাৎ স্তব্ধ হয়ে গেল। স্তব্ধ করে দিলেন যিনি, তিনি অকুতোভয় ব্যাটার। জেকব বেথেল (Jacob Bethell)। অল্পের জন্য দলকে জেতাতে পারলেন না, দুরন্ত শতরান করেও একরাশ হতাশা বুকে নিয়েই দেশে ফেরার বিমান ধরলেন বছর বাইশের ইংরেজ তরুণ। কিন্তু ফলপ্রসূ না হয়েও এই মহাকাব্যিক ইনিংস, বেথেলের একার লড়াই আধুনিক ক্রিকেটের স্মরণিকা-পঞ্জিকায় নিঃসন্দেহে জায়গা করে নিতে চলেছে।

ইংল্যান্ডের (England) জার্সি পরে নেমে মাত্র ৪৮ বলে ১০৫ রান। ভারতের ২৫৪ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য প্রায় একাই তাড়া করে ফেলেছিলেন জেকব। শেষ পর্যন্ত ইংরেজরা ম্যাচ হারলেও তাঁর ইনিংস সমালোচকদের নতুন করে ভাবতে বাধ্য করেছে—আধুনিক ক্রিকেট কি তবে নতুন সুপারস্টার পেয়ে গেল?

বার্বাডোজ থেকে ইংল্যান্ড: এক অদ্ভুত ক্রিকেটযাত্রা

জেকব বেথেলের জন্ম ২০০৩ সালের ২৩ অক্টোবর, বার্বাডোজের (Barbados) ব্রিজটাউনে (Bridgetown)। ক্যারিবিয়ান দ্বীপে ক্রিকেট শুধু খেলা নয়, রোজকার জীবনের সঙ্গে অচ্ছেদ্যভাবে জড়িয়ে। সেই পরিবেশেই বড় হয়েছেন বেথেল। খেলাধুলো তাঁর পরিবারেও রক্তের সঙ্গে মিশে। দাদু আর্থার বেথেল (Arthur Bethell) বার্বাডোজের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছিলেন। বাবা গ্রাহাম বেথেল (Graham Bethell) স্থানীয় ক্লাব ক্রিকেটে পরিচিত নাম।

শৈশবে তাঁর অনুশীলনের গল্প এখন প্রায় কিংবদন্তি। বাড়ির উঠোনে দড়িতে বাঁধা বলে ঘণ্টার পর ঘণ্টা ধরে মেরে চলার নিরলস অভ্যাস। এই পদ্ধতিতে অজান্তে, বিনা কসরতে চোখ-হাতের সমন্বয় তৈরি হয়। আন্তর্জাতিক ক্রিকেটে বেথলের শট নির্বাচন ও টাইমিংয়ে এই প্রভাব স্পষ্ট দেখা যায়।

১২ বছর বয়স যখন, তখন তাঁর জীবনের মোড় অদ্ভুতভাবে ঘুরে যায়। স্পোর্টস স্কলারশিপে ইংল্যান্ডে চলে আসেন। ভর্তি হন বিখ্যাত রাগবি স্কুলে (Rugby School)। ক্যারিবিয়ান পরিবেশ থেকে ইংল্যান্ডের কঠোর প্রশিক্ষণব্যবস্থায় ঢুকে পড়া—এই পরিবর্তনই বেথেলকে পেশাদার ক্রিকেটার হিসেবে তৈরি করেছে। শোনা যায়, তাঁর আবেদনপত্রের সঙ্গে সুপারিশ করেছিলেন দুই কিংবদন্তি—স্যার গারফিল্ড সোবার্স (Garfield Sobers) ও ব্রায়ান লারা (Brian Lara)। প্রত্যাশা কি তখন থেকেই আকাশছোঁয়া?

ওয়াংখেড়ে ১০৫: কেন এতটা ‘স্পেশ্যাল’ এই ইনিংস

টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে ২৫৪ রান তাড়া করা সাধারণত অসম্ভব মিশন। বেশিরভাগ দল দশ ওভারের মধ্যেই ভেঙে পড়ে। কিন্তু বেথেল হাল ছাড়ার মানুষ নন। লড়ে যান দাঁতে দাঁত চিপে। শতরান আসে। মাত্র ৪৫ বলে। পুরো ইনিংসে স্ট্রাইক রেট ছিল প্রায় ২১৮-এর কাছাকাছি।

সবচেয়ে বড় বিষয়, শুধু শক্তির উপর নির্ভর করেননি। পেস এবং স্পিন—দু’ধরনের বোলিংয়ের বিরুদ্ধেই সমান স্বচ্ছন্দ ব্যাটিং চালিয়ে গিয়েছেন জেকব। বিশেষজ্ঞদের মতে, এর অন্যতম কারণ তাঁর মাঠের চারদিকে শট খেলতে পারার দক্ষতা—ক্রিকেট ভাষায় যাকে বলা হয় ‘৩৬০ ডিগ্রি ব্যাটিং’।

গতরাতে ভারতের বোলিং আক্রমণে ছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), অর্শদীপ সিং (Arshdeep Singh), অক্ষর প্যাটেল (Axar Patel) এবং বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। এই লাইন আপের বিরুদ্ধে প্রবল চাপের ম্যাচে এমন ইনিংস ‘বিরল’। একসময় মনে হচ্ছিল ম্যাচ পুরোপুরি ইংল্যান্ডের দিকে ঘুরে গেছে। শেষ পর্যন্ত ভারত ৭ রানে জিতল ঠিকই। কিন্তু বেথেলের রুদ্ধশ্বাস ইনিংস রাতের সবচেয়ে বড় গল্প হয়ে থাকল।

কোহলির ছায়া, আইপিএলের পাঠ

বেথেলের ক্রিকেটযাত্রায় আরেকটি বড় প্রভাব আইপিএল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) হয়ে তিনি খেলেছেন বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে। একই ড্রেসিংরুমে কোহলির মতো ক্রিকেটারের উপস্থিতি, সময় কাটানো তরুণদের জন্য বড় শিক্ষা। ম্যাচের চাপ সামলানো, নিরবচ্ছিন্ন রুটিন, মানসিক দৃঢ়তা—এই বিষয়গুলো কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন বেথেল। নিজেই এক সাক্ষাৎকারে জানান, কোহলির সঙ্গে ব্যাট করতে নামার অভিজ্ঞতা ‘বিদ্যুতের মতো উত্তেজক’। আধুনিক টি-২০ ক্রিকেটে টেকনিকের পাশাপাশি মানসিক দৃঢ়তাই বড় পার্থক্য তৈরি করে। এই জায়গাতেই কোহলির কাছ থেকে শেখা বিষয়গুলো বেথেলের খেলায় প্রতিফলিত হচ্ছে বলে অনেক বিশেষজ্ঞের মত।

কেন আলাদা এই ক্রিকেটার?

ইংল্যান্ডের বর্তমান সাদা বলের ক্রিকেটে বেথেলকে আলাদা করে তোলে তাঁর বহুমুখী দক্ষতা। শুধু ব্যাটার নন, তিনি বাঁ-হাতি স্পিনেও কার্যকর। ম্যাচের মাঝের ওভারগুলোয় তাঁর ধীরগতির ঘূর্ণি দলের জন্য বাড়তি অস্ত্র। পাশাপাশি ফিল্ডিংয়েও বেথন অত্যন্ত ক্ষিপ্র। আধুনিক ক্রিকেটে যেখানে প্রতিটি রান গুরুত্বপূর্ণ, সেখানে এই অ্যাথলেটিসিজম বেশ বড় সম্পদ।

গভীরভাবে ভাবেন যাঁরা, তাঁদের অনেকের চোখে, জেকব বেথেল যেন দুই ক্রিকেট সংস্কৃতির সংমিশ্রণ। ক্যারিবিয়ান স্বতঃস্ফূর্ততা এবং ইংল্যান্ডের কাউন্টি-শৃঙ্খলার মিশ্রণ তাঁর খেলায় সাফ নজরে আসে।

সামনে কোন পথ?

২২ বছর বয়সে জেকব বেথেল ইতিমধ্যেই বড় মঞ্চে নিজের উপস্থিতি জানান দিয়েছেন। টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালের শতরান তাঁর কেরিয়ারের বড় মাইলফলক। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটাই—ধারাবাহিকতা। প্রতিপক্ষ দলগুলো ধীরে ধীরে তাঁর খেলার ধরন বিশ্লেষণ করবে। নতুন পরিকল্পনা নিয়ে আসবে। সেই পরিস্থিতিতে নিজের ব্যাটিং বদলাতে পারা, নতুন শট যোগ করাই ঠিক করবে বেথেলের ভবিষ্যৎ।

তবে এখনও পর্যন্ত যে পথ তিনি হেঁটেছেন, তাতে অমিত সম্ভাবনা স্পষ্ট। বার্বাডোজের ছোট্ট উঠোনে দড়িতে বাঁধা বল মারতে মারতে শুরু হয়েছিল যে গল্প, তা এখন পৌঁছে গিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে।


```