ক্রিকেট দুনিয়ায় এখন একটাই সওয়াল ঘুরপাক খাচ্ছে—ক্যাপ্টেন কামিন্সকে ছাড়া অজি বাহিনী কি পারবে অ্যাশেজের মর্যাদা ধরে রাখতে? ইংল্যান্ড (England), যারা ২০১১ সালের পর অস্ট্রেলিয়ায় কোনও টেস্ট জেতেনি, তাদের জন্য এই ‘অনুপস্থিতি’ই কিন্তু মস্ত বড় ‘প্রেরণা’!

কামিন্স
শেষ আপডেট: 8 October 2025 11:36
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়া (Australia) শিবিরে ঘোরতর দুঃসংবাদ! ভারতের (India) বিরুদ্ধে ওয়ানডে সিরিজে (ODI Series) খেলতে পারছেন না প্যাট কামিন্স (Pat Cummins)—এ খবর আগেই সামনে এসেছিল। কিন্তু নতুন রিপোর্ট জানাচ্ছে, এবার হয়তো গোটা অ্যাশেজ (Ashes 2025) সিরিজই মাঠের বাইরে কাটাতে হবে অজি অধিনায়ককে!
‘দ্য এজ’ (The Age)-এর প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে কামিন্সের কোমরের চোটের (back stress injury) নতুন স্ক্যান করানো হয়। তাতে দেখা গিয়েছে, চোট পুরোপুরি সারেনি। কিছুটা উন্নতি হলেও ‘হট স্পট’ পরিষ্কার নয়। যার অর্থ, ফাস্ট বোলিংয়ে ফেরার মতো অবস্থায় নেই অস্ট্রেলিয়ার অধিনায়ক। যে কারণে ২১ নভেম্বর পার্থে (Perth) শুরু হতে চলা প্রথম টেস্ট থেকে কার্যত ছিটকে গেলেন কামিন্স।
এর চেয়েও চিন্তার বিষয়, চিকিৎসক দল আশঙ্কা করছে—এই আঘাত সারতে যদি আরও সময় নেয়, তাহলে পুরো পাঁচ ম্যাচের সিরিজই (Ashes Test Series) মিস করতে পারেন অজি অধিনায়ক। বিকল্প হিসেবে হয়তো স্টিভ স্মিথ (Steve Smith) প্রথম টেস্টে নেতৃত্বের দায়িত্ব পাবেন।
কামিন্সের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার পেস আক্রমণে বড় ফাঁক তৈরি হচ্ছে। জশ হ্যাজলউড (Josh Hazlewood) ও মিচেল স্টার্কের (Mitchell Starc) সঙ্গে তৃতীয় সিমার হিসেবে সুযোগ পাবেন স্কট বোল্যান্ড (Scott Boland)। কিন্তু দলের মূল ‘স্ট্রাইক বোলার’ ও অধিনায়ক—দু’টো ভূমিকাতেই কামিন্স এতটাই নির্ভরযোগ্য, যে তাঁর অভাব অস্ট্রেলিয়া শিবির বিলক্ষণ টের পাবে—অন্তত এমনটাই মনে করছে বিশেষজ্ঞদের বড় অংশ।
ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia) যদিও এখনই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। কিন্তু বোর্ডের নীরবতাই অনিশ্চয়তার ইঙ্গিত। চিকিৎসকদের দাবি, কামিন্স সর্বোচ্চ চেষ্টা করছেন দ্রুত মাঠে ফেরার। তবু বাস্তবে, চলতি বছরের শেষদিকের আগে তাঁর সম্পূর্ণ ফিট হয়ে ওঠার সম্ভাবনা ক্ষীণ।
চোটের কারণে পরপর দু-টো গুরুত্বপূর্ণ সিরিজ থেকে ছিটকে যাওয়া কামিন্সের কাছে ভীষণ হতাশাজনক। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজেই বলেন, ‘অ্যাশেজের মতো টুর্নামেন্ট মিস করা দুঃস্বপ্ন। কিন্তু যতটা সম্ভব ঠিকভাবে রিহ্যাব করব, যেন কোনওভাবে ফের মাঠে নামতে পারি!’
যদিও এতকিছুর মধ্যে ক্রিকেট দুনিয়ায় এখন একটাই সওয়াল ঘুরপাক খাচ্ছে—ক্যাপ্টেন কামিন্সকে ছাড়া অজি বাহিনী কি পারবে অ্যাশেজের মর্যাদা ধরে রাখতে? ইংল্যান্ড (England), যারা ২০১১ সালের পর অস্ট্রেলিয়ায় কোনও টেস্ট জেতেনি, তাদের জন্য এই ‘অনুপস্থিতি’ই কিন্তু মস্ত বড় ‘প্রেরণা’!