অস্ট্রেলিয়া ‘এ’-র টিম ম্যানেজারের বক্তব্য, শুধু থর্নটনই নন, দলের আরও তিনজন ক্রিকেটার হালকা অসুস্থ। যদিও তাঁদের হাসপাতালে ভর্তি করার মতো অবস্থা হয়নি।

হেনরি থর্নটন
শেষ আপডেট: 4 October 2025 12:09
দ্য ওয়াল ব্যুরো: ভারতের মাটিতে চলছে ভারত ‘এ’ বনাম অস্ট্রেলিয়া ‘এ’-র (India A vs Australia A) একদিনের সিরিজ। মাঠে যখন জমজমাট লড়াই, তখনই মাঠের বাইরে ছড়াল উদ্বেগ! হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অস্ট্রেলিয়ার তরুণ ফাস্ট বোলার হেনরি থর্নটন (Henry Thornton)। শারীরিক অবস্থার দ্রুত অবনতির জেরে শেষমেশ তাঁকে ভর্তি করতে হল কানপুরের (Kanpur) রিজেন্সি হাসপাতালে। প্রাথমিক রিপোর্ট বলছে—খাদ্যে বিষক্রিয়ার জেরেই বিপত্তি!
স্থানীয় সূত্রে খবর, কয়েক দিন ধরেই গ্যাস্ট্রো সমস্যায় ভুগছিলেন থর্নটন। কিন্তু কানপুরে আসার পর পরিস্থিতি খারাপ হতে শুরু করে। পেটব্যথা, সেই সঙ্গে বমির সমস্যা বাড়তে থাকায় প্রথমে টিম ম্যানেজমেন্ট তাঁকে পর্যবেক্ষণে রাখে। পরে অবস্থার আরও বিগড়ে গেলে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, খাদ্যজনিত সংক্রমণের লক্ষণ স্পষ্ট। তবে সঠিক চিকিৎসায় এখন তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
অস্ট্রেলিয়া ‘এ’-র টিম ম্যানেজারের বক্তব্য, শুধু থর্নটনই নন, দলের আরও তিনজন ক্রিকেটার হালকা অসুস্থ। যদিও তাঁদের হাসপাতালে ভর্তি করার মতো অবস্থা হয়নি। ঘটনার পর সতর্ক ম্যানেজমেন্ট। বদলে ফেলা হয়েছে খাবারের তালিকা। হোটেলের রান্না নিয়েও নতুন নির্দেশ জারি করা হয়েছে। বলা হচ্ছে, কানপুরের টিম হোটেলের খাবার থেকেই নাকি সংক্রমণ ছড়িয়েছে।
অস্ট্রেলীয় শিবিরের তরফে এই ঘটনা যে বড় ধাক্কা, তা বলাই বাহুল্য। সমতায় থাকা সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক ম্যাচ সামনে। শুক্রবার বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় লড়াইয়ে নয় উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া ‘এ’। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ২৫ ওভারে ১৬০ রানের লক্ষ্য তাড়া করে ১৬.৪ ওভারেই কাজ সেরে ফেলেছে দল। ম্যাকেঞ্জি হার্ভি (McKenzie Harvey) ও কুপার কনোলির (Cooper Connolly) দুরন্ত ব্যাটিংয়ে ম্যাচ একতরফা শেষ হয়ে যায়। আর এই দুরন্ত পারফরম্যান্সের মধ্যেই দলের ভেতরে অনিশ্চয়তার ছায়া ফেলেছে থর্নটনের অসুস্থতা। এখন তাঁকে নিয়ে উদ্বেগ প্রবল।
অন্যদিকে, ভারতীয় শিবিরে তিলক বর্মার (Tilak Varma) দুরন্ত ৯৪ রানের ইনিংস সত্ত্বেও দলের হার কিছুটা হতাশ করেছে দর্শকদের। রবিবারের ফাইনাল ম্যাচেই নির্ধারিত হবে কে জিতবে এই সিরিজ।