এই জয়ের সুবাদে ভারত সিরিজে ২–১ এগিয়ে। এক ম্যাচ বাকি। গাব্বায় ফাইনাল। আজ কুইন্সল্যান্ডে গুরুত্বপূর্ণ ম্যাচে বোলারদের শৃঙ্খলা আর ক্যাপ্টেনের রণকৌশলে সহজ জিত ভারতের, ৪৮ রানে। গাব্বায় এই দাপট দেখা যাবে তো?
.jpeg.webp)
টিম ইন্ডিয়া
শেষ আপডেট: 6 November 2025 17:52
দ্য ওয়াল ব্যুরো: কুইন্সল্যান্ডের কারারা ওভালে (Carrara Oval) একপেশে ম্যাচ। ১৬৭–এর লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.২ ওভারে ১১৯ রানে অলআউট অস্ট্রেলিয়া। ভারত (India) জিতল ৪৮ রানে, সিরিজে এগিয়ে গেল ২–১ (৫ ম্যাচের সিরিজে এক ম্যাচ বাকি)। প্রথমবার এই ভেন্যুতে নেমেই নিখুঁত বোলিং–ব্যাটিং ‘কম্বো’ দেখাল সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দল।
টসে হেরে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া তোলে ১৬৭/৮। ওপেনার শুভমান গিল (Shubman Gill) ফিরলেন ফর্মে। হাঁকালেন ৪৬ (৩৮)। পাওয়ারপ্লেতে অভিষেক শর্মা (Abhishek Sharma) চেনা ছন্দে। ৬ ওভারে ভারত ৪৯/০। যদিও জাম্পার (Adam Zampa) ঘূর্ণিতে অভিষেক সাজঘরে ফেরার পর মাঝের ওভারে রানের গতি কমে। দলের স্বার্থে ফের একবার ওয়ান ডাউনে নামেন শিবম দুবে (Shivam Dube)। শুরুটা ঝাঁঝালো হলেও এলিসের (Nathan Ellis) ধূর্ত স্লোয়ারে আউট।
ঠিক তখনই হাল ধরে গিল–সূর্য জুটি। এক ওভারে ১৮, পরেরটায় ১৩। কিন্তু হাফসেঞ্চুরি হয়তো আজ ভাগ্যে লেখা ছিল না। যে কারণে ৫০-এর আগেই গিল এলিসের অফ–কাটারে বোল্ড। সূর্যও ডিপে ক্যাচ আউট। শেষদিকে জাম্পা পরপর উইকেটে (তিলক, জিতেশ) চাপ ফিরিয়ে দিলেও ২০তম ওভারের শুরুতেই অক্ষর পটেল (Axar Patel) চার-ছক্কা মেরে স্কোরবোর্ড তোলেন ১৬৭ রানে। অস্ট্রেলিয়ার সেরা বোলার এলিস—৪–২১–৩। জাম্পা ২ উইকেট, স্টয়নিস আর বার্টলেট পেলেন ১টি করে।
লক্ষ্য তাড়া করার সময় অস্ট্রেলিয়া ছন্দেই ছিল। ৩ ওভারে ২৬/০, পাওয়ারপ্লে শেষে ৪৮/১। কিন্তু ভারত রাশ টেনে নেয় নিখুঁত পরিকল্পনায়। অক্ষরের ডিআরএস মাস্টারস্ট্রোকে ম্যাট শর্ট (Matt Short) এলবিডব্লিউ। এরপর ইংলিসকে (Josh Inglis) ক্লিন বোল্ড করেন। অর্শদীপের (Arshdeep Singh) বুদ্ধিদীপ্ত ডেলিভারি বুঝতে না পেরে উইকেট খোয়ান জশ ফিলিপ। মিডল ওভারে সঠিক ওভারে সঠিক বোলার—সূর্যর রণকৌশল কাজে দেয়! পার্ট–টাইমার ভাবতে গিয়ে দুবের স্লোয়ারে ধরা পড়েন মিচেল মার্শ (Mitchell Marsh) এবং বড় ছক্কার পরই টিম ডেভিড (Tim David)। ‘মিস্ট্রি’ রাউন্ডে গ্লেন ম্যাক্সওয়েলকে (Glenn Maxwell) ক্লিন বোল্ড করেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। আর শেষ ধাক্কা ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar)। ১৭তম ওভারেই টানা দু’বল—স্টয়নিস এলবিডব্লিউ, বার্টলেট কট–অ্যান্ড–বোল্ড! আর তাতে ম্যাচ বেরিয়ে যায়। নটেগাছটি মুড়িয়ে দেন ওয়াশিংটন। হিসেব বলছে—শেষ ৬.৪ ওভারে অজিদের ৭ উইকেট পড়েছে মাত্র ২৮ রানে!
এই জয়ের সুবাদে ভারত সিরিজে ২–১ এগিয়ে। এক ম্যাচ বাকি। গাব্বায় ফাইনাল। আজ কুইন্সল্যান্ডে গুরুত্বপূর্ণ ম্যাচে বোলারদের শৃঙ্খলা আর ক্যাপ্টেনের রণকৌশলে সহজ জিত ভারতের, ৪৮ রানে। গাব্বায় এই দাপট দেখা যাবে তো?