এই জয়ের ফলে শুধু সিরিজে প্রত্যাবর্তন নয়, বরং টি–২০ ক্রিকেটে ভারতের আত্মবিশ্বাসও ফিরে এল। রেকর্ড রানচেজে সাফল্য—তাও অস্ট্রেলিয়ার মাটিতে—সূর্যকুমারদের ঘুরে দাঁড়ানোর মঞ্চ গড়ে দিল।

নায়ক ওয়াশিংটন সুন্দর
শেষ আপডেট: 2 November 2025 17:33
দ্য ওয়াল ব্যুরো: হোবার্টের (Hobart) বেলারিভ ওভালে (Bellerive Oval) ইতিহাস গড়ল ভারত (India Cricket Team)। রবিবার তৃতীয় টি–২০–তে (3rd T20I) অস্ট্রেলিয়াকে (Australia Cricket Team) পাঁচ উইকেটে হারিয়ে সিরিজে ঘুরে দাঁড়াল সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দল। ১৮.৩ ওভারে পেরল ১৮৭-এর লক্ষ্য, যা হোবার্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রানচেজের রেকর্ড!
জয় এনে দিলেন জিতেশ শর্মা (Jitesh Sharma)। ৯ বল বাকি থাকতেই অতিরিক্ত কভারের উপর দিয়ে মারা বাউন্ডারিতেই সিরিজে কামব্যাক নিশ্চিত। এর আগে আয়ারল্যান্ড ২০২২ সালের বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে ১৭৭ রান তাড়া করেছিল। আজ সেই নজির টপকাল সূর্য-বাহিনী।
অস্ট্রেলিয়ার ব্যাটিং শুরুটা একেবারেই ভালো ছিল না। দুই ওপেনার ট্রাভিস হেড (Travis Head) ও জশ ইংলিস (Josh Inglis) দ্রুত ফিরলেন অর্শদীপ সিংয়ের (Arshdeep Singh) দুরন্ত বোলিংয়ে। কিন্তু এরপর পরিস্থিতি সামলান টিম ডেভিড (Tim David) ও মার্কাস স্টয়নিস (Marcus Stoinis)। ডেভিড খেলেন বিধ্বংসী ইনিংস—মাত্র ৩৮ বলে ৭৪ রান, ৬টি ছয় ও ৫টি চার-সহ। তাঁকে দারুণ সঙ্গ দেন স্টয়নিস, ৩৯ বলে ৬৪। দু’জনের ঝোড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ২০ ওভারে ১৮৬/৬ তোলে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে অর্শদীপ নেন ৩ উইকেট, আর বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) পান ২টি।
১৮৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ছন্দে ছিলেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। দ্বিতীয় ওভারে শন অ্যাবটকে পরপর তিন বলে ৪, ৬, ৪—মাত্র ১২ বলে ২৬ রান করে দলকে এগিয়ে দেন। যদিও দ্রুত ফিরলেন গিল (Shubman Gill)। খানিক বাদে অভিষেকও। দু’জনকেই আউট করেন নাথান এলিস (Nathan Ellis)।
তারপর দায়িত্ব নেন অধিনায়ক সূর্যকুমার ও তিলক বর্মা (Tilak Varma)। গড়েন গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। সূর্য ১১ বলে ২৪ করে ফেরেন, তবে গতি ধরে রাখেন তিলক। ২৬ বলে ২৯ রান করে আউট হওয়ার পর শেষ পর্বে ইনিংস সামলান ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ও জিতেশ। সুন্দর খেলেন ঝড়ো ৪৮ রানের ইনিংস—২২ বলে ৪ চার ও ৩ ছয়। আর শেষদিকে জিতেশ ১৮ বলে অপরাজিত ২৫ করে ভারতের জয় নিশ্চিত করেন। ১৮.৩ ওভারে ৫ উইকেটে ১৮৮ রান তুলে শেষ হয় ভারতীয় ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে সফল বোলার এলিস, তিনটি উইকেট নিলেও রানের বন্যা থামাতে পারেননি।
এই জয়ের ফলে শুধু সিরিজে প্রত্যাবর্তন নয়, বরং টি–২০ ক্রিকেটে ভারতের আত্মবিশ্বাসও ফিরে এল। রেকর্ড রানচেজে সাফল্য—তাও অস্ট্রেলিয়ার মাটিতে—সূর্যকুমারদের ঘুরে দাঁড়ানোর মঞ্চ গড়ে দিল।