আলোয় ঝলমলে এমসিজিও শুক্রবার রাতে হয়ে ওঠে এক নীরব স্মৃতির মঞ্চ—যেখানে খেলা গড়ায় এক তরুণ ক্রিকেটারের স্মৃতির উদ্দেশে।
.jpeg.webp)
ছবি: গুগল
শেষ আপডেট: 31 October 2025 15:26
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (MCG) দ্বিতীয় টি–২০ ম্যাচের আগে নেমে এল নীরবতা। খেলোয়াড়, আম্পায়ার, দর্শক—সবাই একসঙ্গে দাঁড়িয়ে শ্রদ্ধা জানালেন ১৭ বছর বয়সি ক্রিকেটার বেন অস্টিনকে (Ben Austin)। কিছুদিন আগে অনুশীলনের সময় মাথায় বলের আঘাতে মৃত্যু হয় ভিক্টোরিয়ার তরুণ ক্রিকেটারের।
লড়াই শুরুর ১৫ মিনিট আগে দুই দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের সঙ্গে ছিলেন ম্যাচ অফিসিয়াল, ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia) এবং ক্রিকেট ভিক্টোরিয়ার (Cricket Victoria) প্রতিনিধিরাও। পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে এক মিনিটের নীরবতা পালন। স্ক্রিনে ভেসে ওঠে ক্লাব জার্সিতে বেনের ছবি—অকালমৃত্যুতে যার ক্রিকেট-স্বপ্ন অধরাই রয়ে গেল।
আজ নীরবতা-শেষে বাজানো হয় বেনের প্রিয় গান। তখনই দাঁড়িয়ে হাততালি দেন উপস্থিত দর্শকেরা। ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা পুরো ম্যাচ জুড়ে কালো আর্মব্যান্ড পরে খেলেন। মাঠে খেলোয়াড়রা তখন আবেগপ্রবণ!
মঙ্গলবার ফের্নট্রি গালিতে (Ferntree Gully) নেট সেশনে অনুশীলনের সময় দুর্ঘটনাটি ঘটে। হাতে ধরা লঞ্চার থেকে ছোড়া বলে গলায় আঘাত পান বেন। হেলমেট পরা থাকলেও ব্যবহার করেননি নেক গার্ড। সংবেদনশীল জায়গায় আঘাত লাগে। চিকিৎসাকর্মীরা দ্রুত পৌঁছলেও দুই দিন লড়াইয়ের পর বৃহস্পতিবার হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
বেনের বাবা জেস অস্টিন (Jace Austin) এক বিবৃতিতে বলেন, ‘আমরা ভেঙে পড়েছি। ও ছিল আমাদের আলোর মতো—কাছের ছেলে!’ আরও যোগ করেন, ‘বেন ক্রিকেট ভালোবাসত। জীবনের অন্যতম আনন্দই ছিল মাঠে থাকা। এই ভেবে কিছুটা শান্তি পাই, যে ও নিজের ভালোবাসার কাজই করছিল।’
২০১৪ সালে ফিলিপ হিউজের (Phillip Hughes) মৃত্যুর পর অস্ট্রেলিয়ায় এমন দুর্ঘটনা আর দেখা যায়নি। তাই তরুণ বেন অস্টিনের মৃত্যুতে শোকাহত পুরো ক্রিকেট দুনিয়া। আলোয় ঝলমলে এমসিজিও শুক্রবার রাতে হয়ে ওঠে এক নীরব স্মৃতির মঞ্চ—যেখানে খেলা গড়ায় এক তরুণ ক্রিকেটারের স্মৃতির উদ্দেশে।