তিনি ব্যর্থ। রান পেলেন না রোহিতও। আগের চেয়েও আত্মবিশ্বাসী বলেছিলেন বটে। কিন্তু সেটা মুখে। কথায়। ব্যাট কিন্তু বেসুর গাইল।
.jpeg.webp)
বিরাট কোহলি
শেষ আপডেট: 19 October 2025 11:29
দ্য ওয়াল ব্যুরো: রোদের ঝিলিক, ক্যামেরার ফ্ল্যাশ… অ্যানফিল্ড নয়—পার্থের (Perth) অপটাস স্টেডিয়াম। সাত মাস পর ফের আন্তর্জাতিক ক্রিকেটে (International Cricket) ফিরছেন বিরাট কোহলি (Virat Kohli)। দর্শকের মনে ভরপুর উত্তেজনা, কিন্তু মনে প্রশ্ন একটাই—এই বিরাট কি আগের সেই চিরচেনা বিরাটই?
মাঠে নামার আগে ঘুচিয়েছিলেন সমস্ত সংশয়। ফক্স স্পোর্টসের (Fox Sports) প্রি-ম্যাচ সাক্ষাৎকারে রবি শাস্ত্রী (Ravi Shastri) ও অ্যাডাম গিলক্রিস্টের (Adam Gilchrist) সঙ্গে সোজাসাপ্টা সাক্ষাৎকারে স্পষ্ট করেন নিজের অবস্থান। বলেন, “সত্যি বলতে, আমি গত ১৫–২০ বছরে প্রায় বিশ্রামই নিইনি। আন্তর্জাতিক ক্রিকেট (International Cricket) আর আইপিএল (IPL) মিলিয়ে এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছি। তাই এই বিরতি আমার কাছে ছিল ভীষণ জরুরি—একটা নতুন শুরুর মতো!”
সমালোচকেরা আশঙ্কা তুলছিলেন—৩৬ বছরের ব্যাটারের ফিটনেস (Fitness) কি এখনও আগের মতো আছে? সেই সওয়ালকেও সামলে দেন নিজের ঢঙে। বলেন, “আমি এখন নিজেকে আগের থেকেও বেশি ফিট মনে করছি! খেলার মানসিক দিকটা তো বরাবরই জানা—এখন শুধু শরীরটাকে তৈরি রাখতে হবে। এটা যদি ঠিক থাকে, রিফ্লেক্স থাকে, তাহলে গেম সেন্সও থাকবে। আমি এখন সতেজ, প্রস্তুত, আর মানসিকভাবে আগের মতোই ধারালো!”
পাশাপাশি আরও যোগ করেন, “অস্ট্রেলিয়ায় (Australia) এসে নেটে যেমন চলাফেরা করছি, ফিল্ডিংয়েও নিজেকে দুর্দান্ত লাগছে। কোনও সমস্যা নেই। আমি ফ্রেশ, আত্মবিশ্বাসী।”
কিন্তু মাঠে? কথার প্রতিফলন হল কই? নামামাত্র যেন সব উলটে গেল। মিচেল স্টার্কের (Mitchell Starc) ইনসুইং বুঝতে না পেরে সাত বল খেলে শূন্য! স্টেডিয়ামে ঘনিয়ে এল নিস্তব্ধতা—প্রত্যাশার বুদবুদ হঠাৎ গেল ফেটে! তিনি ব্যর্থ। রান পেলেন না রোহিতও। আগের চেয়েও আত্মবিশ্বাসী বলেছিলেন বটে। কিন্তু সেটা মুখে। কথায়। ব্যাট কিন্তু বেসুর গাইল। হাতে আর দুটো ম্যাচ। সেখানেও ব্যর্থ হলে কিন্তু বিশ্বকাপে নামার স্বপ্নকেও জলাঞ্জলি দিতে হবে।