এশিয়া কাপে দুই দলই নিজেদের প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী। ভারত হারিয়েছে সংযুক্ত আরব আমিরশাহিকে, পাকিস্তান জিতেছে মালয়েশিয়ার বিরুদ্ধে।

আয়ুষ ও ফারহান
শেষ আপডেট: 14 December 2025 14:52
দ্য ওয়াল ব্যুরো: আবারও আলোচনায় হ্যান্ডশেক-বিতর্ক। দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের (U-19 Asia Cup) ভারত–পাকিস্তান ম্যাচে মাঠে নামার আগে এবং পরে হাত মেলাল না দুই দলের ক্রিকেটাররা। ভারতীয় অধিনায়ক আয়ুষ মাত্রে (Ayush Mhatre) ও পাকিস্তান অধিনায়ক ফারহান ইউসুফ (Farhan Yousaf)—কেউই প্রথামাফিক সৌজন্য বিনিময় করেননি। অথচ টুর্নামেন্টের আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) তরফে স্পষ্ট বার্তা ছিল—রাজনীতি থেকে দূরে থেকে স্বাভাবিক ম্যাচ-প্রোটোকল মেনে চলতে হবে।
পিটিআই সূত্রে খবর, আইসিসি-র নির্দেশ ছিল, মাঠে যেন সৌহার্দ্যের চেনা ছবি ধরা থাকে। সেই কারণে দুই দলকেই হ্যান্ডশেক-সহ প্রচলিত নিয়ম মানতে অনুরোধ করা হয়। কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা গেল না। ভারতীয় শিবির আগের অবস্থানেই অনড় থাকল।
এই প্রসঙ্গে বিসিসিআইয়ের (BCCI) এক কর্তা পিটিআই-কে জানিয়েছেন, বোর্ডের তরফে খেলোয়াড়দের কাছে সরাসরি কোনও লিখিত নির্দেশ পৌঁছয়নি। তবে বিসিসিআইয়ের অবস্থান টিম ম্যানেজার আনন্দ দাতার-কে (Anand Datar) জানানো হয়। যদি ভারতীয় দল হাত না মেলানোর সিদ্ধান্ত নেয়, তা নিয়মমাফিক ম্যাচ রেফারিকে আগাম জানানো হয়—যাতে প্রোটোকলজনিত কোনও জটিলতা তৈরি না হয়।
‘হ্যান্ডশেক-বিতর্ক’ অবশ্য নতুন নয়। সাম্প্রতিক অতীতে একাধিক টুর্নামেন্টে একই ছবি দেখা গেছে। সিনিয়রদের এশিয়া কাপ, মহিলা বিশ্বকাপ (Women’s World Cup) কিংবা রাইজিং স্টারস এশিয়া কাপে (Rising Stars Asia Cup) ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে হাত না মেলানোর সিদ্ধান্ত নিয়েছিল। পহেলগাঁও জঙ্গি হামলার (Pahalgam terror attack) পর ভারতীয় সেনা ও নিহতদের প্রতি সংহতি জানাতেই এই অবস্থান—এমনটাই বক্তব্য ছিল সংশ্লিষ্ট মহলের।
যদিও অন্য ছবি ফুটে ওঠে দৃষ্টিহীন মহিলাদের টি-২০ বিশ্বকাপে (Women’s T20 World Cup for the Blind)। সেখানে ভারত ও পাকিস্তানের খেলোয়াড়রা হ্যান্ডশেক করেন। একই বাসে যাতায়াত, ম্যাচের পরে শুভেচ্ছা বিনিময়—যাকে ঘিরে প্রশংসাও হয়েছিল বিস্তর। অনেকের মতে, এই স্পিরিটই খেলাধুলোর প্রকৃত চেতনা।
এশিয়া কাপে দুই দলই নিজেদের প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী। ভারত হারিয়েছে সংযুক্ত আরব আমিরশাহিকে, পাকিস্তান জিতেছে মালয়েশিয়ার বিরুদ্ধে। ফলে টুর্নামেন্টের পরের দিকে আবার ভারত–পাকিস্তান মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রবল। তখন কি অবস্থান বদলাবে? নাকি হ্যান্ডশেক-টানাপড়েন ফের শিরোনামে ফিরবে—সেই প্রশ্নই এখন ক্রিকেটমহলের আলোচনার কেন্দ্রে।