কোনও জাঁকজমক নয়, বিশাল অতিথি তালিকাও নেই। পরিবার, ঘনিষ্ঠ বন্ধু এবং ক্রিকেট দুনিয়ার হাতেগোনা কয়েকজন পরিচিত মুখ—এই নিয়েই আয়োজন।

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 7 January 2026 13:47
দ্য ওয়াল ব্যুরো: তেন্ডুলকর পরিবারে ফুটছে বিয়ের ফুল। একাধিক রিপোর্টে নিশ্চিত, আগামী ৫ মার্চ ২০২৬ সাতপাকে বাঁধতে চলেছেন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar) ও সানিয়া চণ্ডক (Saaniya Chandhok)। ঘরোয়া পরিসরে, সীমিত অতিথির উপস্থিতিতেই এই বিয়ে সম্পন্ন হবে বলে খবর।
ক্রিকেট কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায়ের প্রস্তুতি অর্জুনের। সদ্য আইপিএলে (Indian Premier League) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) থেকে লখনউ সুপার জায়ান্টসে (Lucknow Super Giants) আসার পর, এবার জীবনের বড় সিদ্ধান্তের দিকে এগচ্ছেন তিনি।
গোপন এনগেজমেন্ট থেকে বিয়ের দিন
অর্জুন ও সানিয়ার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নীরবতা বজায় রাখা হয়েছিল। তবে গত বছরের অগস্ট মাসে ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে একটি গোপন এনগেজমেন্ট সেরে ফেলেন দু’জন। বিষয়টি প্রকাশ্যে আসে পরে, যখন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) নিজেই একটি রেডিট সেশনে বিষয়টি নিশ্চিত করেন। এক অনুরাগীর প্রশ্নের উত্তরে ‘মাস্টার ব্লাস্টার’ সেদিন বলে দেন, ‘হ্যাঁ, অর্জুনের এনগেজমেন্ট হয়েছে। আমরা সবাই খুব খুশি।’সেই ঘোষণার পর থেকেই বিয়ের দিনক্ষণ নিয়ে জল্পনা শুরু হয়। অবশেষে জানা গেল, ৩ মার্চ থেকে অনুষ্ঠান শুরু, বিয়ে ৫ মার্চ।
মুম্বইতেই অনুষ্ঠান
টাইমস অব ইন্ডিয়ার (Times of India) রিপোর্ট অনুযায়ী, বিয়ের সমস্ত অনুষ্ঠানই হবে মুম্বইয়ে। কোনও জাঁকজমক নয়, বিশাল অতিথি তালিকাও নেই। পরিবার, ঘনিষ্ঠ বন্ধু এবং ক্রিকেট দুনিয়ার হাতেগোনা কয়েকজন পরিচিত মুখ—এই নিয়েই আয়োজন। সানিয়া চণ্ডক একজন সফল উদ্যোক্তা। তিনি মুম্বইয়ের বিশিষ্ট ব্যবসায়ী রবি ঘাইয়ের (Ravi Ghai) নাতনি। বহুদিন ধরেই তেন্ডুলকর পরিবারের অভ্যন্তরীণ পরিসরের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলে জানা যায়।
অর্জুনের ক্রিকেটযাত্রা
‘তেন্ডুলকর’ পদবির চাপ সঙ্গে নিয়েই নিজের পথ বেছে নিয়েছেন অর্জুন। মুম্বই ছেড়ে গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। লম্বা বাঁ-হাতি পেসার, সঙ্গে লোয়ার অর্ডারে কার্যকর ব্যাটিং—এই পরিচয়েই ধীরে ধীরে জায়গা পাকা।
২০২২ সালে গোয়ার হয়ে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) অভিষেক ম্যাচেই শতরান অর্জুনের—এক অনন্য কাকতালীয়তায়, ঠিক যেমনটা করেছিলেন তাঁর বাবা। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সুযোগ সীমিত হলেও, সম্ভাবনার ঝলক দেখিয়েছেন। আসন্ন মরশুমে লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে তাঁকে ঘিরে নজর থাকবে আরও বেশি।