এই শুভ মুহূর্তে ক্রিকেট জগতের কেউ উপস্থিত ছিলেন কি না তা জানা যায়নি। সোশ্যাল মিডিয়াতেও তেমন ছবি বা ভিডিও মেলেনি।

অর্জুন ও সানিয়া
শেষ আপডেট: 13 August 2025 22:44
দ্য ওয়াল ব্যুরো: বাগদান সারলেন শচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর। পাত্রী সানিয়া চন্দক মুম্বইয়ের বিশিষ্ট ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি। দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়-বন্ধুদের উপস্থিতিতে এই বাগদান সম্পন্ন হয়।
২৫ বছরের অর্জুন বাঁ-হাতি পেস বোলিং অলরাউন্ডার। ২০২০-২১ মরসুমে মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে আত্মপ্রকাশ করেন, হরিয়ানার বিরুদ্ধে টি-২০ ম্যাচে। এর আগে মুম্বইয়ের জুনিয়র দলে খেলেছেন এবং ভারত অনূর্ধ্ব-১৯ দলে জায়গা করে নিয়েছিলেন। ২০২২-২৩ মরসুমে গোয়ায় যোগ দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেট ও লিস্ট-এ ম্যাচে অভিষেক হয় তাঁর। ঘরোয়া ক্রিকেটে গোয়ার হয়েই বর্তমানে খেলেন তিনি। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা গিয়েছিলেন শচিনপুত্রকে।
লাল বলের ক্রিকেটে অর্জুন ১৭টি ম্যাচ খেলেছেন, করেছেন ৫৩২ রান, যার মধ্যে একটি শতরান এবং দুটি অর্ধশতরান রয়েছে। বোলিংয়ে পেয়েছেন ৩৭ উইকেট, যার মধ্যে একটি পাঁচ উইকেট এবং দুটি চার উইকেট রয়েছে। গোয়ার হয়ে লিস্ট-এ ক্রিকেটে ১৭ ম্যাচে ন’ইনিংসে করেছেন ৭৬ রান। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচ ম্যাচে ৭৩ বল করে তিন উইকেট পেয়েছিলেনন, গড় ৩৮.০০। সেরা বোলিং ফিগার ১/৯। ইকনমি রেট ৯.৩৬, স্ট্রাইক রেট ২৪.৩। ব্যাট হাতে সীমিত সুযোগে করেছিলেনন ১৩ রান, স্ট্রাইক রেট ১৪৪.৪৪, সর্বোচ্চ রান ১৩। এবার শুরু করলেন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ইনিংস।
সানিয়া চন্দক সাধারণত জনসমক্ষে খুব একটা আসেন না। ঘাই পরিবার আতিথেয়তা ও খাদ্য শিল্পে সুপ্রতিষ্ঠিত নাম, তাদের মালিকানাধীন ‘ইন্টারকন্টিনেন্টাল’ হোটেল এবং জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড ‘ব্রুকলিন ক্রিমারি’ রয়েছে।
এই শুভ মুহূর্তে ক্রিকেট জগতের কেউ উপস্থিত ছিলেন কি না তা জানা যায়নি। সোশ্যাল মিডিয়াতেও তেমন ছবি বা ভিডিও মেলেনি।