গণেশ পুজো উপলক্ষে ‘গণপতি বাপ্পা’কে দর্শন করতে বৃহস্পতিবার রাজ ঠাকরের মুম্বইয়ের বাড়িতে সপরিবারে গিয়েছিলেন শচিন।

রাজ ঠাকরের বাড়িতে সপরিবারে শচিন
শেষ আপডেট: 28 August 2025 17:06
দ্য ওয়াল ব্যুরো: ১৩ অগস্ট বান্ধবী সানিয়া চান্দোকের (Sanniya Chandak) সঙ্গে বাগদান পর্ব সম্পন্ন হয়েছে ক্রিকেটের ঈশ্বর শচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar)। দুই পরিবারের রীতি মেনে অনুষ্ঠিত হয় বাগদান পর্ব। সেখানে উপস্থিত ছিলেন মাস্টার-ব্লাস্টারও।
অর্জুনের সঙ্গে সানিয়ার সম্পর্ক অনেকদিনের হলেও, তাঁদের দু’জনকে জনসমক্ষে কখনও দেখা যায়নি। এমনকি বাগদানের পর থেকে অর্জুনকেও জনসমক্ষে দেখা যায়নি। অবশেষে বৃহস্পতিবার জনসমক্ষে দেখা গেল শচিন পুত্রকে। অর্জুনের সঙ্গে দেখা গিয়েছ তাঁর পুরো পরিবারকেও।
একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে গণেশ প্রতিমার সামনে অর্জুনের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন তাঁর বাবা শচিন তেন্ডুলকর ও মা অঞ্জলি তেন্ডুলকর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিতে ভালবাসার সাইন দিয়ে নেটিজেনরা কমেন্ট করেছেন, বাগদানের পর প্রথম জনসমক্ষে এলেন (First Public appearance) অর্জুন। গণেশ পুজো উপলক্ষে ‘গণপতি বাপ্পা’কে দর্শন করতে বৃহস্পতিবার রাজ ঠাকরের মুম্বইয়ের বাড়িতে সপরিবারে গিয়েছিলেন শচিন। সেই ছবিই এখন ভাইরাল হচ্ছে।
গত ১৩ অগস্ট ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে বাগদান পর্ব সেরেছেন ২৫ বছরের অর্জুন। সেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠরা। অনুষ্ঠানে অর্জুন সানিয়ার সঙ্গে আংটি বিনিময়ও করেন। পাত্রী সানিয়া মুম্বইয়ের উদ্যোগপতি রবি ঘাইয়ের নাতনি। ইন্টারকন্টিনেন্টাল হোটেল ও ব্রুকলিন ক্রিমারির মালিক এই ঘাই পরিবার। শচিন নিজেও বাগদানের বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তবে কোনও পরিবারই এখনও বিয়ের দিনক্ষণ ঘোষণা করেনি।