চার মাস পর মিশরে বিশ্বকাপ বাছাইপর্ব। তার আগে দল ও ফেডারেশন—দু’জায়গাতেই স্থিতি ফেরানো বড় চ্যালেঞ্জ। আম্মাদ বাটের পুনর্বহাল আপাতত নেতৃত্বে স্বস্তি দিতে পারে।

আম্মাদ বাট
শেষ আপডেট: 20 February 2026 18:31
দ্য ওয়াল ব্যুরো: ঘোষণার একদিন পরেই সিদ্ধান্ত একশো আশি ডিগ্রি পালটে গেল। পাকিস্তান হকি দলের অধিনায়ক আম্মাদ শাকিল বাটের (Ammad Shakeel Butt) উপর জারি হওয়া দু’বছরের নিষেধাজ্ঞা বাতিল করল পাকিস্তান হকি ফেডারেশন (Pakistan Hockey Federation বা PHF)। অন্তর্বর্তী সভাপতি মুহিউদ্দিন আহমেদ ওয়ানি (Muhuydin Ahmed Wani) সাফ সাফ জানিয়ে দিলেন, শাস্তি ‘অবৈধ ও অসাংবিধানিক’। সব মিলিয়ে এই নাটকীয় মোড় পাকিস্তান হকির চলমান প্রশাসনিক অস্থিরতাকে আরও জোরালোভাবে সামনে আনল।
কেন নিষিদ্ধ হয়েছিলেন বাট?
ঘটনার সূত্রপাত অস্ট্রেলিয়া সফর ঘিরে। সেখানে দলের বিশৃঙ্খল পরিস্থিতির ভিডিও ভাইরাল হয়—সিডনিতে লাগেজ ও থাকার সমস্যা, টাকাপয়সার জটিলতা। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। দেশে ফিরে আম্মাদ বাট প্রকাশ্যে ফেডারেশনের অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, পরিকল্পনা ও সমন্বয়ের অভাবেই দলকে বিব্রত হতে হয়েছে। সেই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে তৎকালীন পিএইচএফ সভাপতি তারিক বুগতি (Tariq Bugti) দুই বছরের নিষেধাজ্ঞা জারি করেন। অভিযোগ—অধিনায়কের জন্য দেশের হকির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে! কিন্তু অদ্ভুতভাবে শাস্তির ঘোষণার পরপরই বুগতির পদত্যাগ আর শুক্রবার অন্তর্বর্তী সভাপতি ওয়ানি এসে সিদ্ধান্ত বাতিল করেন।
মাঠে ব্যর্থতা, প্রশাসনে টানাপড়েন
যদিও বিশেষজ্ঞদের মতে, এই বিতর্কের আড়লে রয়েছে পাকিস্তানের খারাপ পারফরম্যান্সও। এফআইএইচ প্রো লিগে (FIH Pro League) নেদারল্যান্ডস, আর্জেন্তিনা, অস্ট্রেলিয়া ও জার্মানির বিরুদ্ধে আট ম্যাচেই হার। নয় দলের লিগে তলানিতে পাকিস্তান। অস্ট্রেলিয়া সফর নিয়ে পাকিস্তান স্পোর্টস বোর্ড ও পিএইচএফ একে অপরের দিকে আঙুল তুলেছে। দায় চাপানোর রাজনীতিতে প্রশাসনিক অস্থিরতা স্পষ্ট।
চার মাস পর মিশরে বিশ্বকাপ বাছাইপর্ব। তার আগে দল ও ফেডারেশন—দু’জায়গাতেই স্থিতি ফেরানো বড় চ্যালেঞ্জ। আম্মাদ বাটের পুনর্বহাল আপাতত নেতৃত্বে স্বস্তি দিতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদে সাফল্য চাইলে দরকার স্বচ্ছ প্রশাসন ও মাঠে ধারাবাহিক সাফল্য। পাকিস্তান হকি এখন সেই মোড়ে দাঁড়িয়ে।